মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ওয়াশিংটনে লবিস্ট নিয়োগ বিএনপির

news-image

নিউইয়র্ক প্রতিনিধি: জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির পক্ষে আন্তর্জাতিক জনমত গঠন তথা ট্রাম্প প্রশাসনের আনুকূল্য লাভের লক্ষ্যে ওয়াশিংটন ডিসিতে একটি লবিং ফার্ম ভাড়া করা হয়েছে। গত আগস্টে আবদুস সাত্তার নামে এক বিএনপি কর্মী ‘ব্লু স্টার স্ট্র্যাটেজিস’ (Blue Star Strategies) নামক এক লবিং ফার্মকে ২০ হাজার ডলার দেন। চুক্তির শর্তানুযায়ী সেপ্টেম্বর থেকে ডিসেম্বর অর্থাৎ নির্বাচন পর্যন্ত প্রতি মাসে এ ফার্মকে ৩৫ হাজার ডলার করে দেওয়া হবে। এ লবিং ফার্মটির সহযোগী হিসেবে কাজ করছে ‘রাস্কি পার্টনার্স’ (Rasky Partners)| প্রচলিত আইনে হোয়াইট হাউস, কংগ্রেস, প্রশাসনসহ আন্তর্জাতিক বিভিন্ন সংস্থায় ফির বিনিময়ে তদবিরকারীদের যোগ্যতা, সক্ষমতা এবং গতিপ্রকৃতির পর্যবেক্ষণ ও বিশ্লেষণকারী পত্রিকা ‘পলিটিকো’ (POLITICO/Intelligence and analysis on lobbying)-সহ যুক্তরাষ্ট্রের বেশকটি গণমাধ্যমে বিএনপির এ লবিং ফার্ম ভাড়া করার সংবাদ ১০ সেপ্টেম্বর প্রকাশিত হয়েছে। ব্লু স্টার স্ট্র্যাটেজিসের প্রধান নির্বাহী কর্মকর্তা হচ্ছেন সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটনের ডেপুটি চিফ অব স্টাফ কারেন ট্রামোন্টানো ও চিফ অপারেটিভ অফিসার হচ্ছেন বিল ক্লিনটনের সাবেক সিনিয়র অ্যাডভাইজার জন পডেস্টা। লবিং ফার্ম নিয়োগ প্রসঙ্গে বিএনপির পক্ষ থেকে পলিটিকোকে জানানো হয়েছে, ‘মুক্তবাজার অর্থনীতির সুবাদে অর্থনৈতিক অগ্রগতি ত্বরান্বিত করার পাশাপাশি গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে সুসংহত করতে আগ্রহী বাংলাদেশের বৃহৎ এই রাজনৈতিক দল। ইসলামী শিক্ষায় বাংলাদেশের মানুষকে মানবিক মূল্যবোধে উজ্জীবিত করতেও বদ্ধপরিকর বিএনপি।’ এ লবিং ফার্ম নিয়োগের ব্যাপারে মার্কিন বিচার বিভাগ থেকে পলিটিকো জানতে পেরেছে, ‘বাংলাদেশের আসন্ন জাতীয় নির্বাচনে বিএনপির পক্ষে ট্রাম্প প্রশাসনকে ব্যবহারের চেষ্টা করা হবে। নির্বাহী প্রশাসনের শীর্ষ কর্মকর্তা এবং হোয়াইট হাউস ও কংগ্রেসে প্রভাবশালী সিনেটর, কংগ্রেসম্যানদের সঙ্গে দেনদরবার করবে লবিং ফার্মটি। একইসঙ্গে আন্তর্জাতিক অর্থনৈতিক সংস্থা তথা বিশ্বব্যাংক, আইএমএফ, স্বাস্থ্য, শ্রম, মানবাধিকার, নারী ক্ষমতায়ন, নির্বাচন পর্যবেক্ষণকারী সংস্থা, যুক্তরাষ্ট্রের পাবলিক পলিসি ইনস্টিটিউট তথা থিঙ্কট্যাঙ্ক, যুক্তরাষ্ট্রের সাবেক পদস্থ কর্মকর্তা, কূটনীতিক, প্রাইভেট সেক্টরের প্রভাবশালী ব্যক্তিবর্গের সঙ্গেও এ ফার্ম বিএনপির পক্ষে লাগাতার দেনদরবার চালানোর চুক্তিবদ্ধ হয়েছে।’ লবিং ফার্ম ভাড়াকারী আবদুস সাত্তারের হদিস উদ্ঘাটনের চেষ্টা করা হয়। কিন্তু যুক্তরাষ্ট্র বিএনপি পরিবারের কেউই এ ব্যাপারে অবহিত নন বলে জানান। অন্য একটি নির্ভরযোগ্য সূত্র এই সংবাদদাতাকে নাম গোপন রাখার শর্তে বলেছেন, লন্ডনে বাস করেন আবদুস সাত্তার এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশেই তিনি এ ফার্ম ভাড়া করেছেন। সূত্রটি আরও উল্লেখ করেছেন, তারেক রহমান লন্ডন ছেড়ে যুক্তরাষ্ট্রে আসতে আগ্রহী। সে ব্যাপারেও এ ফার্ম চেষ্টা চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেছে।