মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

খালেদা জিয়াকে তিলে তিলে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে সরকার : জয়নুল আবেদীন

news-image

নিউজ ডেস্ক: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে সুচিকিৎসা দেওয়ার পরিবর্তে সরকার তাকে তিলে তিলে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে বলে অভিযোগ করেছেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট জয়নুল আবেদীন।
পুরাতন কেন্দ্রীয় কারাগারে অস্থায়ী আদালত স্থাপন করা নিয়ে আজ বৃহস্পতিবার সকালে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন তিনি।

খালেদা জিয়ার অসুস্থতার বর্ণনা দিয়ে জয়নুল আবেদীন বলেন, ‘খালেদা জিয়া গুরুতর অসুস্থ। তার একটি হাত ও একটি পা কোনও কাজ করে না এবং প্রায় অবশ অবস্থায় তিনি দিন পার করছেন। তিনি আর্থ্রাইটিস রোগে আক্রান্ত। কিছুদিন আগে তিনি জেলখানায় মাথা ঘুরে পড়ে গিয়েছিলেন।’

তিনি বলেন, বারবার তাকে ইউনাইটেড হাসপাতালে চিকিৎসার জন্য নেওয়ার দাবি জানালেও সরকার তাতে কর্ণপাত করেনি।
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির এ সভাপতি বলেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে কারা-অভ্যান্তরে ক্যামেরা ট্রায়ালের মাধ্যমে বেআইনিভাবে সাজা প্রদানের লক্ষ্যে একটি অস্থায়ী আদালত গঠন করা হয়েছে। যাতে সাধারণ জনগণ বিচারের নামে সরকারের বেআইনি কার্যক্রম দেখতে বা বুঝতে সক্ষম না হয়।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন সমিতির সম্পাদক ব্যারিস্টার এএম মাহবুব উদ্দিন খোকন, সহসভাপতি গোলাম মোস্তফা ও গোলাম রহমান ভূঁইয়া, নিতাই রায় চৌধুরী, সানাউল্লাহ্ মিয়া, বদরুদ্দোজা বাদল, আমিরুল ইসলাম, গাজী কামরুল ইসলাম, একেএম এহসানুর রহমান, আহসান উল্লাহ, মেহেদী হাসানসহ আইনজীবীরা।