মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

খালেদা জিয়ার মুক্তিই জনগণের একমাত্র আকাঙ্ক্ষা: রিজভী

news-image

নিজস্ব প্রতিবেদক: বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তিই জনগণের একমাত্র আকাঙ্ক্ষা বলেও মন্তব্য করেছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ।

বুধবার (০৫ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। এসময় কারাগারের ভেতর আদালত স্থাপনের জন্য সরকারের কড়া সমালোচনা করেন রিজভী।

তিনি অভিযোগ করে বলেন, মধ্যযুগে ইউরোপের ‘ডাইনি’ শিকারের ন্যায় আওয়ামী সরকারের আইনশৃঙ্খলা বাহিনী বিএনপিসহ বিরোধীদল শিকারের অভিযান চালাচ্ছে। গত ৫-৬ দিন থেকে শুরু হওয়া অভিযানে গ্রেফতার এখন অর্ধ সহস্রের কাছাকাছি।

দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, বর্তমান ভোটারবিহীন সরকার সম্পূর্ণ অধঃপতিত ও গণবিরোধী। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন যাতে আবারও ভোটারবিহীন একতরফা করা যায় সেজন্য বিনা কারণে নানা ধরনের হিংসা-প্রতিহিংসায় মাতোয়ারা হয়ে উঠেছে, নানাভাবে উস্কানিমূলক বক্তব্য ও পুলিশি শক্তির যথেচ্ছ ব্যবহারে রাজনৈতিক পরিবেশ সংঘাতময় করার চেষ্ঠা করছে।

এসময় খালেদা জিয়ার মুক্তির দাবিতে দুই দিনের কর্মসূচি ঘোষণা করেন রুহুল কবির রিজভী।

কর্মসূচির মধ্যে রয়েছে- আগামী ৮ সেপ্টেম্বর ঢাকাসহ জেলা ও মহানগর সদরে মানববন্ধন। ঢাকায় জাতীয় প্রেস ক্লাবের সামনে এই মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হবে। এছাড়া ১২ সেপ্টেম্বর সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত প্রতীকী অনশন। রাজধানীর রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন অথবা মহানগর নাট্যমঞ্চে প্রতীকী অনশন কর্মসূচি পালনের আবেদন করা হয়েছে।