হিজাব পরা নারী সুন্দরী প্রতিযোগিতার ফাইনালে
অনলাইন ডেস্ক: যুক্তরাজ্যে আয়োজিত ‘মিস ইংল্যান্ড’ নামের সুন্দরী প্রতিযোগিতার ফাইনালে প্রথমবারের মতো হিজাব পরা কোন নারী অংশ নিতে যাচ্ছেন। সারা ইফতেখার নামের ওই নারী একজন মুসলিম, যিনি আইন বিষয়ে পড়াশোনা করছেন।
হাডারসফিল্ড থেকে অংশ নেয়া এই নারীকে প্রতিদ্বন্দ্বীতা করতে হবে আরো ৪৯ জনের সাথে। ২০ বছর বয়সী এই নারী পেশায় একজন মেকআপ আর্টিস্ট। প্রায়ই তাকে ইন্সটাগ্রামে নিজের ছবি পোস্ট করতে দেখা যায়। ছবিগুলোতে তাকে পাকিস্তানের ঐতিহ্যবাহী পোশাক পরতে দেখা যায়। ‘মিস হাডারসফিল্ড-২০১৮’ বিজয়ী হওয়ার পর সারা বলেছিলেন ফাইনালে উঠতে পারাটা সত্যিই ‘অসাধারণ’।
ছোটবেলা থেকেই মেকআপের প্রতি আগ্রহ ছিল সারা ইফতেখারের। তিনি বলেন ‘আমি আশা করেনি, আমি ইতিহাস সৃষ্টি করবো। আমি গর্বিত। দিন শেষে হয়তো দেখা যাবে আমি একাই প্রতিযোগিতায় হিজাব পরেছি। যাই হোক, আমি একটা সাধারণ মেয়ে এবং আমি মনে করি আমাদের সবার সমান সুযোগ রয়েছে।
তিনি আরো যোগ করেন মিস ইংল্যান্ড প্রতিযোগিতায় তিনি অংশ নিচ্ছেন ‘একটু মজা করার জন্য। যদি আমি আমাকে ঢেকে রাখি এবং উগ্র পোশাক না পরি সেটা কেন একটা ইস্যু হবে? আমি অন্য প্রতিযোগিদের মতই একজন। আমি যদি এই বার্তাটাই বাইরে ছড়িয়ে দিতে পারি, তাহলে সৌর্ন্দয্য প্রতিযোগিতাই অংশ নিতে অনেকেই আগ্রহী হবেন’। সূত্র: বিবিসি











