মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

কেন্দ্রীয় কারাগারে খালেদা জিয়ার বিচার শুরু ১১ টায়

news-image

আদালত প্রতিবেদক: জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিচারের জন্য কেন্দ্রীয় কারাগারের ভেতরে আদালত বসার সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আজ বুধবার বেলা ১১টার দিকে বিচারক মামলার কার্যক্রম শুরু করবেন বলে জানা গেছে।

এদিকে কেন্দ্রীয় কারাগারের ভেতরে আদালত বসাকে কেন্দ্র করে কারাগারের সামনের রাস্তায় যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। তবে সাধারণ লোকজন যাতায়াত করতে পারলেও তাদের তল্লাশি করে যেতে দেওয়া হচ্ছে।

ঢাকার নাজিমউদ্দিন রোডের পুরাতন কেন্দ্রীয় কারাগারের একটি কক্ষকে অস্থায়ী আদালত হিসেবে ঘোষণা করেছে সরকার। ওই কারাগারেই একমাত্র বন্দী হিসেবে আটক রয়েছেন জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় দণ্ডপ্রাপ্ত খালেদা জিয়া।

গতকাল মঙ্গলবার আইন মন্ত্রণালয়ের জারি করা একটি প্রজ্ঞাপনে বলা হয়েছে, জিয়া চ্যারিটেবল ট্রাস্টের টাকা আত্মসাৎ সংক্রান্ত মামলার বিচার কার্যক্রম ঢাকা মহানগরের বকশিবাজার এলাকার সরকারি আলিয়া মাদ্রাসা ও সাবেক ঢাকা কেন্দ্রীয় কারাগারসংলগ্ন মাঠে নির্মিত অস্থায়ী আদালত ভবনে পরিচালিত হচ্ছে।

মামলাটির বিচার কার্যক্রম চলাকালে এলাকাটি জনাকীর্ণ থাকে বলে নিরাপত্তাজনিত কারণে কোড অব ক্রিমিন্যাল প্রসিডিউর-১৮৮৯-এ প্রদত্ত ক্ষমতাবলে সরকার বিশেষ জজ আদালত নং-৫, ঢাকায় বিচারাধীন মামলাটির বিচার কার্যক্রম পরিচালনার জন্য পুরান ঢাকা কেন্দ্রীয় কারাগারের প্রশাসনিক ভবনের সাত নম্বর কক্ষটি অস্থায়ী আদালত হিসেবে ঘোষণা করল।

বকশিবাজারের অস্থায়ী আদালতে ঢাকার ৫ নম্বর বিশেষ আদালত জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় গত ৮ ফেব্রুয়ারি খালেদা জিয়াকে ৫ বছর কারাদণ্ডে দণ্ডিত করে। ওইদিন থেকে তাকে নাজিমউদ্দিন রোডের পুরনো কেন্দ্রীয় কারাগারে রাখা হয়েছে।

এর পর থেকে খালেদা জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলার ধার্য তারিখে বকশিবাজার আদালতে আর হাজির হননি। কারাকর্তৃপক্ষ মামলাটির প্রত্যেক ধার্য তারিখে তিনি অসুস্থ মর্মে প্রতিবেদন পাঠিয়ে যাচ্ছেন। মামলাটি বর্তমানে যুক্তিতর্ক শুনানির পর্যায়ে রয়েছে। এ অবস্থায় আইন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করে অস্থায়ী আদালতটি কারাগারের ভেতরে নেওয়া হলো।

২০১১ সালের ৮ আগস্ট জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলাটি দায়ের করে দুদক। এ মামলায় ২০১২ সালের ১৬ জানুয়ারি আদালতে চার্জশিট দাখিল করা হয়। এ মামলায় ৩ কোটি ১৫ লাখ ৪৩ হাজার টাকা আত্মসাতের অভিযোগ করা হয়। মামলাটিতে বিএনপি নেতা হারিছ চৌধুরী এবং তার তৎকালীন একান্ত সচিব জিয়াউল ইসলাম মুন্না ও ঢাকা সিটি করপোরেশনের সাবেক মেয়র সাদেক হোসেন খোকার একান্ত সচিব মনিরুল ইসলাম খান আসামি।