কামারুজ্জামানের ফাঁসি নিয়ে অতি উৎসাহে ভাটা
যথাযথ আইনি প্রক্রিয়া সম্পন্ন না করেই জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল কামারুজ্জামানের ফাঁসির রায় কার্যকর করতে আইনমন্ত্রী ও অ্যাটর্নি জেনারেল অতি উৎসাহ দেখিয়েছেন বলে মনে করছেন আইনজীবী থেকে শুরু করে ইমরান এইচ সরকার ও জামায়াতে ইসলামী। সিনিয়র আইনজীবীরা বলছেন, নিয়ম অনুযায়ী আপিল বিভাগের রায় প্রকাশের পর প্রথমে তা ট্রাইব্যুনালে যাবার কথা। এরপর ট্রাইব্যুনাল থেকে মৃত্যু পরোয়ানা জারি হবে। এ মৃত্যু পরোয়ানা আসামির হাতে যাবে। এরপর আসামি সিদ্ধান্ত নিবে তিনি রাষ্ট্রপতির কাছে প্রাণ ভিক্ষা চাইবেন কি না।
সিনিয়র আইনজীবী ব্যরিস্টার রফিক-উল হক এ সম্পর্কে বলেছেন, মৃত্যুদন্ড কার্যকর করতে সংক্ষিপ্ত হোক কিংবা পূর্ণাঙ্গ হোক রায়ের কপি আসামিকে দেখানো উচিত। তিনি বলেন, রায়ের কপি না পেলে আসামি ক্ষমা চাইবে কোন গ্রাউন্ডে। রায়ের কপি দেখেই আসামি রাষ্ট্রপতির কাছে ক্ষমা চাইবে। রায় কার্যকর হওয়ার আগে কপি পাওয়া আসামির অধিকার।
অথচ এতসব আইনি প্রক্রিয়া সম্পন্ন না করেই মৃত্যুদন্ড কার্যকরের প্রস্তুতি নিতে আইনমন্ত্রী জেল কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন। তার নির্দেশের পরপরেই মৃত্যুদন্ড কার্যকরের বিষয়ে দেশব্যাপী আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়। অপরদিকে অ্যাটর্নি জেনারেলও রায় কার্যকরের বিষয়ে কোন বাধা নেই বলে একাধিকবার মিডিয়াতে মন্তব্য করেছেন। কামারুজ্জামানের রায় কার্যকর করতে এই দুই আইনজীবী অতি আগ্রহী হয়ে উঠেছিলেন বলেই অনেকে মনে করেন। সরকারের আনুকূল্য পেতেই তারা এই প্রতিযোগিতায় নেমেছিলেন বলে মনে করা হচ্ছে। ফাঁসি কার্যকর করতে অতি উৎসাহি হয়ে নানা বক্তব্য দেয়ায় সচেতন মানুষ, রাজনৈতিক বিশ্লেষক, গণজাগরণমঞ্চ ছাড়াও ক্ষমতাসীন দল আওয়ামী লীগের নেতা-কর্মীরাও ক্ষুব্ধ।
গণজাগরণমঞ্চের মুখপাত্র ডাক্তার ইমরান এইচ সরকার বলেছেন, কামারুজ্জামানের রায় কার্যকরে আইনমন্ত্রী ও অ্যাটর্নি জেনারেল পাল্টাপাল্টি বক্তব্য দিয়ে রায় কার্যকরের স্বাভাবিক প্রক্রিয়ায় বিঘœ ঘটিয়েছেন। রায় স্বাভাবিক আইন অনুযায়িই বাস্তবায়ন হবে। এনিয়ে তাদের এতো বেশি কথা বলার কোন প্রয়োজন ছিল না। তিনি বলেন, তাদের এই পাল্টাপাল্টি বক্তব্যে জামায়াত সুযোগ গ্রহণ করছে। রিভিউ করার সুযোগ আছে কি নেই তাতো আইনে বলাই আছে। এনিয়ে প্রতিযোগিতামূলক বক্তব্য না দেয়া উচিত ছিল।
সাবেক জজ ও সুপ্রিম কোর্টের রেজিস্টার ইকতেদার আহমদ বলেন, রায়ের কপি দন্ডপ্রাপ্ত ব্যক্তির হাতে পৌঁছানোর পর রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষার আবেদনের সময় শুরু হবে। অথচ সেক্ষেত্রে আইনমন্ত্রী বলেছেন রায় শোনার পর থেকেই দিন গণনা শুরু হবে। দন্ডিত ব্যক্তির জানার অধিকার আছে কোন অপরাধে তার মৃত্যুদন্ড হচ্ছে আর কেন তিনি তার প্রাণভিক্ষা করবেন। কোন অপরাধির মৃত্যুদন্ড কার্যকর করার আগে সকল আইনি প্রক্রিয়া শেষ হওয়া উচিত। আইনের ফাঁকে কোন অপরাধি পার পেয়ে যেতেও পারে, কোন নিরপরাধ ব্যক্তি যেন শাস্তি না পায় সে বিষয়টি কর্তৃপক্ষে নজরে রাখতে হবে।
কামারুজ্জামানের রায় কার্যকর করার বিষয়ে জামায়াতের কয়েকজন দায়িত্বশীল নেতা বলেন, সরকার আইনের ঘাড়ে বন্দুক রেখে রাজনৈতিক উদ্দেশ্যপ্রনোদিতভাবে যে ফাঁসি কার্যকর করতে যাচ্ছে আইনমন্ত্রী ও অ্যাটর্নি জেনারেল সে হত্যাকে তরান্বিত করার প্রতিযোগিতায় লিপ্ত হয়েছেন। কামারুজ্জামানের রায় কার্যকর করতে আইনমন্ত্রী নির্দেশ দিয়েছেন, কারাগারের ভেতর ফাঁসির মহড়াও সম্পন্ন হয়েছে। তারপরেও রায় কার্যকর করতে দেরি হচ্ছে। এ থেকে এটাই স্পষ্ট হয়েছে যে যথাযথ আইনি প্রক্রিয়া সম্পন্ন না করেই সরকার তার স্বার্থ বাস্তাবায়ন করতে চাচ্ছে। যেহেতু তারা ফাঁসি দিতেও কোন আইন মানছে না সেখানে এই বিচারের স্বচ্ছতা নিয়ে কোন মন্তব্য করার অবকাশ নেই।
amadershomoys.com











