বুধবার, ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

নির্বাচনী রাজনীতিতে কথার বাহাস

news-image

নির্বাচনী রাজনীতির মাঠ বর্তমানে সরগরম। একেক নেতা বিপরীত নেতা কে ঘায়েল করে বক্তব্য দিচ্ছেন। ইসি জানিয়েছেন আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনের বেশির ভাগ কাজ শেষ হয়ে়ছে। ডিসেম্বরে হবে জাতীয় নির্বাচন। আওয়ামী লীগের নেতারা বলেছেন, সংবিধানের আলোকে নির্বাচন অনুষ্ঠিত হবে, বর্তমান সরকারের অধীনেই একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। বিএনপি নেতারা বলেছেন, নিরপেক্ষ নিবার্চনকালীন সরকার গঠন করে জাতীয় নিবাচন দিতে হবে। অন্যপার্টির নেতারা তাতে সায় দিয়েছেন।

ওবায়দুল কাদের : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি এখন কিছুই মানে না, আইন-আদালত মানে না। সংবিধান-বিচার মানে না। জাতীয় নির্বাচনে বিএনপি হেরে যাবে, সে কারণে তারা আজ নির্বাচন থেকে সরে যাওয়ার অজুহাত খুঁজছে। ১৯ আগস্ট সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, বিএনপি দেশে ২০১৪ সালের মতো একটি ভয়ঙ্কর সহিংস পরিবেশ সৃষ্টির চেষ্টা করছে। বিদেশে বসে তাদের এই খোয়াব বাংলাদেশের জনগণ পূরণ হতে দেবে না। বিএনপি সহিংসতার আশ্রয় নিলে জনগণ তা প্রতিহত করবে, করা হবে।

মোহাম্মদ নাসিম : আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, নির্বাচন নিয়ে কোনো ফাউল গেম খেলতে দেয়া হবে না। নির্বাচনে যে কেউ অংশ নিতে পারে। নির্বাচন করার অধিকার সবার আছে। কিন্তু নির্বাচনের নামে কোনো ফাউল গেম দেখতে চাই না। তিনি বলেন, সংবিধান অনুযায়ী প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনেই হবে এবং নির্বাচন কমিশন ঘোষিত সঠিক সময়েই নির্বাচন অনুষ্ঠিত হবে। ১৯ আগস্ট সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

তিনি বলেন,আগামী জাতীয় সংসদ নির্বাচন মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির বিজয়ের নির্বাচন। বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগের নেতাকর্মীরা পাহাড়সম শক্তির মতো ঐক্যবদ্ধ হয়ে নির্বাচনে নৌকার বিজয় ছিনিয়ে আনবে। বঙ্গবন্ধুকন্যা টানা তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী নির্বাচিত হবেন।

তোফায়েল আহমেদ : বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, ‘বিএনপি ক্ষমতায় এলে প্রথম দিনই লক্ষ লক্ষ মানুষ হত্যা করবে। কোনো মা-বোন ইজ্জত নিয়ে বাড়িতে থাকতে পারবে না। বিএনপিকে উদ্দেশ্য তিনি বলেছেন, ওদের প্রস্তাবিত সংলাপে যাওয়ার প্রশ্নই ওঠে না। কিসের সংলাপ? তোফায়েল আহমেদ বলেন, ২০১৪ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবনে বিএনপি নেত্রী খালেদা জিয়াকে সংলাপের জন্য আহ্বান জানিয়েছিলেন, তিনি তা প্রত্যাখান করেন। এমনকি তার পুত্র কোকো মারা যাওয়ার পর আমাদের নেত্রী শান্তনা জানাতে গিয়েছিলেন, মুখের ওপর দরজা বন্ধ করে দেন খালেদা জিয়া। এখন ওরা সংলাপের প্রস্তাব দিয়েছে। কী জন্য এ সংলাপ?। ১৯ আগস্ট জাতীয় শোক তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল : বিএনপিকে নির্বাচন থেকে দূরে রাখতে সরকার বিভিন্ন কৌশল করছে বলে মন্তব্য করেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ১৯ আগস্ট একটি অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। মির্জা ফখরুল বলেন, আওয়ামী লীগ চায় না বিএনপি নির্বাচনে আসুক। সেজন্য তারা নানা অজুহাতে বিএনপির নির্বাচনে আসার পথে বাধা সৃষ্টি করছে। তবে খালেদা জিয়াকে মুক্ত করে গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য নির্বাচনে অংশ নেবে বিএনপি। সেই শপথ নিয়েছে বিএনপি। তিনি বলেন, বিএনপির হাতে তো স্টিয়ারিং নেই। স্টিয়ারিং তো তাদের হাতে। এক-এগারোর সরকার তো তারা এনেছিল। অবৈধ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় এসে এক এগারোর সরকারকে বৈধতা দিয়েছিল। সুতরাং সেই এক্সপেরিয়েন্স তাদেরই আছে। এক এগারোর ষড়যন্ত্র তারাই করছে।

রুহুল কবির রিজভী : আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে বর্তমান ভোটারবিহীন অবৈধ সরকার ‘নতুন নতুন ষড়যন্ত্রে’ মেতে উঠেছে। এ কথা বলেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। ১৯ আগস্ট সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। তিনি বলেন, অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনকে নির্বাসনে পাঠিয়ে এখন আগামী নির্বাচন নিয়ে অবৈধ সরকার নতুন নতুন ষড়যন্ত্রে মেতে উঠেছে। আওয়ামী অপশাসনের ছোবলে শুধু দেশের জনগণই নয় দেশ-বিদেশে সমর্থন হারিয়ে এতিম হয়ে আওয়ামী নেতারা পাগলের প্রলাপ বকছেন। তাদের বক্তব্য, বিবৃতি সামঞ্জস্যহীন। মসনদ হারানোর ভয়ে তারা মানসিক ভারসাম্যহীনতায় ভুগছে। আগামী নির্বাচনের আগেই এ সরকারের পতন হবে- এমন আলামত দেখে দেশব্যাপী মিথ্যা মামলার ছড়াছড়ি আর নির্বিচারে গ্রেফতারের হিড়িক শুরু হয়েছে।

নজরুল ইসলাম খান : দলের চেয়ারপারসনের নির্দেশে বিএনপি এখনও শান্তিপূর্ণ আন্দোলন করছে জানিয়ে স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, আমরা এখনও কিছুই করি নাই, বেগম খালেদা জিয়া আমাদেরকে নির্দেশ দিয়ে গিয়েছিলেন শান্তিপূর্ণভাবে আন্দোলন করার জন্য আমরা সেটা করছি। শুধু হাতে একটি কালো ব্যাচ ধারণেরর কর্মসূচি করেছি তাতেই আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ১/১১ এর গন্ধ পাচ্ছেন। ১৯ আগস্ট একটি অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।