,

ব্রাহ্মণবাড়িয়ায় গৃহবধূর ৬ মৃত সন্তান ভূমিষ্ট

news-image

ব্রাহ্মণবাড়িয়ায় একই দিনে ছয়টি মৃত সন্তানের জন্ম দিয়েছেন এক গৃহবধূ। বুধবার বিকেলে আশুগঞ্জ উপজেলার বেসরকারি ক্লিনিক নূর মেডিকেল সেন্টারে সন্তানগুলোর জন্ম দেন তিনি। এর মধ্যে চারটি ছেলে ও দুইটি মেয়ে। ওই গৃহবধূর নাম মাহিনূর আক্তার (২৮)।

তিনি সরাইল উপজেলার দেউবাড়িয়া গ্রামের সৌদি আরব প্রবাসী আবুল কালামের স্ত্রী। তবে বর্তমানে মাহিনূরের শারীরিক অবস্থা মোটামুটি ভালো রয়েছে বলে জানিয়েছেন ক্লিনিকের চিকিৎসক শাহীন আরা। মাহনূরের স্বজনরা জানান, প্রায় চার বছর আগে মাহিনূরের বিয়ে হয় সৌদি আরব প্রবাসী আবুল কালামের সঙ্গে। বিয়ের পর কোন সন্তান না হওয়ায় পরিবারের লোকজন সন্তানের জন্য মাহিনূরকে বিভিন্ন কবিরাজি ওষুধ খাওয়ান। এ সময় মাহিনূর সন্তান ধারণে সক্ষম হন।

বুধবার সকালে তাকে নূর মেডিকেল সেন্টারে নেওয়া হয়। এসময় চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে জানান, গর্ভে চারটি সন্তান থাকতে পারে। চিকিৎসক তাদের বাড়ি ফিরে যেতে বলেন।

বিকেলে বাড়ি ফেরার পথে নৌকায় উঠতে গেলে মাহিনূরের প্রসব বেদনা ওঠে। এ সময় তিনি নৌকাতেই একটি সন্তান প্রসব করেন। পরে তাকে দ্রুত আবার নূর মেডিকেলে সেন্টারে আনা হয়।

সেখানে চিকিৎসকের সহায়তায় একে একে আরো পাঁচটি সন্তান প্রসব করেন মাহিনূর। কিন্তু বাচ্চাগুলো কিছু সময়ের মধ্যে মারা যায়।

এ ব্যাপারে ওই ক্লিনিকের চিকিৎসক শাহীন আরা জানান, কোন প্রকার অস্ত্রোপচার ছাড়াই শিশুগুলো ভূমিষ্ট হয়। তিনি বলেন, গর্ভধারণে নানা কারণে মাতৃগর্ভে একাধিক ভ্রুণের জন্ম হতে পারে। কিন্তু অপরিণত সময়ে অপরিপক্ক ভাবে জন্ম নেওয়ায় বাচ্চাগুলোর শারীরিক গঠনে পুর্ণাঙ্গতা পায়নি। ফলে তারা মৃত অবস্থায় ভূমিষ্ট হয়েছে।

poriborton.com