এলাকা এক, কষ্ট অনেক
ডেস্ক রির্পোট:সকাল সাতটার দিকে ঘুম থেকে উঠে তাঁর প্রথম কাজ পাঁচ লিটারের দুটি পাত্র নিয়ে বিশুদ্ধ পানির জন্য ছোটা। বেরোলেই ভাঙা রাস্তা, ময়লা আবর্জনার স্তূপ। চলতে চলতে হোঁচট। চোখেমুখে ভয়—সামনে কি ছিনতাইকারী? ঢাকা রামকৃষ্ণ মিশনে পৌঁছে লাইনে দাঁড়িয়ে পানি সংগ্রহ। এরপর ঘরে ফিরলে স্ত্রীর চিৎকার—‘চুলায় এত কম আঁচ, কখন রান্না করব? হয় বাসা পাল্টাও, নাহয় গ্যাস সিলিন্ডার এনে দাও।’
হাটখোলা আনসার ক্যাম্প-সংলগ্ন পেয়াদাপাড়ার বাসিন্দা আবদুর রশীদ এমন বর্ণনা দিতে দিতে বললেন, একটি এলাকায় এত এত সমস্যা, আর কোথায় আছে? সকালে নাশতার জন্য পাউরুটি ছিল। গরম করার ওভেনও আছে, কিন্তু বিদ্যুতের ভোল্টেজ ঘন ঘন ওঠানামা করায় সেটি নষ্ট হয়ে গেছে।
রশীদের দুঃখ, ‘আড়াই কক্ষের’ বাসা। ভাড়া দিতে হয় ১৬ হাজার টাকা। বিদ্যুৎ, পানি, গ্যাস বিলও তাঁর। জানুয়ারি থেকে ভাড়া বাড়ানোর তাগিদ দিয়েছেন বাড়িওয়ালা। অন্য এলাকায় বাসা ভাড়া দেখেছেন, আরও চড়া, দুর্ভোগও হয়তো একই।
হাটখোলা আনসার ক্যাম্প-সংলগ্ন পেয়াদাপাড়ায় প্রায় ৫০ হাজার লোকের বসবাস। আরও কয়েকজনের সঙ্গে আলাপ করে জানা গেল, তাঁদের এলাকা একটিই, কিন্তু কষ্ট অনেক।
সবার হাতে পানির পাত্র: গত বুধবার সকালে দেখা যায়, এলাকার প্রায় প্রতিটি বাড়ির বাসিন্দা পানির পাত্র নিয়ে ছুটছেন। কেউ রামকৃষ্ণ মিশনে, কেউবা বালুর মাঠ এলাকায় ঢাকা ওয়াসার পাম্প স্টেশনে। নারী-পুরুষ, আবালবৃদ্ধবনিতা—সবার হাতেই এমন পাত্র।
পেয়াদাপাড়া মোড়ের কাছে ১৬ নম্বর বাড়ির বাসিন্দা আবদুস সাত্তার বলেন, পানিতে গন্ধ সারা বছরই থাকে। সেই পানি ফুটালেও বিশুদ্ধ হয় না। তাঁর ঘরে ছয়জন সদস্য। প্রায় সব পরিবারে অলিখিত নিয়ম—বেরোবার সময় পানির পাত্র সঙ্গে নিতে হবে। পানি এনে পরে অন্য কাজ।
জানতে চাইলে ওয়াসার উপব্যবস্থাপনা পরিচালক (এডিএম) কামরুল আলম চৌধুরী বলেন, স্থানীয় সমস্যার কারণে পানিতে গন্ধ কি না, তা পরীক্ষার জন্য লোক পাঠানো হবে।
বিদ্যুতের ওঠানামা, গ্যাসের কষ্ট: ১৬/২ নম্বর বাড়ির একজন ভাড়াটে অপূর্ব রায় গত বছরের আগস্টে এলাকায় এসেছেন। বিদ্যুতের ভোল্টেজ ওঠামানার কারণে তাঁর ফ্রিজ নষ্ট হয়েছে দুবার। তিনটি ফ্যানের কয়েল পুড়ে গেছে। আইপিএসও নষ্ট।
প্রতিবেশী গৃহিণী ঝুমঝুমি জানান, প্রতিদিন লোডশেডিংয়ের বাইরেও অন্তত ১০ বার বিদ্যুৎ যাওয়া-আসার ঘটনা ঘটে।
জানতে চাইলে ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির (ডিপিডিসি) কমলাপুর কার্যালয় থেকে বলা হয়, সঞ্চালন-বিতরণ লাইনের সমস্যার কারণে এমন হতে পারে।
কয়েকজন বাসিন্দা অভিযোগ করেন, বিদ্যুৎ ও পানির পাশাপাশি গ্যাসেরও সমস্যা চলছে এলাকায়। প্রতিবছর শীত এলে এলাকায় চুলার আঁচ কমে যায়। কিন্তু এবার আগে থেকেই গ্যাসের স্বল্প চাপ দেখা দিয়েছে। অনেক সময় দুপুরের আগে গ্যাস আসে না।
তিতাস গ্যাস কোম্পানির জরুরি নিয়ন্ত্রণকক্ষ জানায়, স্থানীয় সমস্যার কারণে কোনো কোনো এলাকার কিছু বাড়িতে গ্যাস থাকছে না।
চলতে গিয়ে হোঁচট: হাটখোলা পেয়াদাপাড়া থেকে কামরুন্নেসা সরকারি বালিকা বিদ্যালয় এলাকা পর্যন্ত রাস্তাটি বৃষ্টি হলেই চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। হাঁটুপানি জমে যায়। এখনো এখানে-সেখানে গর্ত। আবর্জনা পরিষ্কার করা হয়েছে কবে, বোঝার উপায় নেই।
গত বর্ষার আগে আগে রাস্তাটি কার্পেটিং করা হলেও এখন আবার আগের রূপে। স্থানীয় আনসার ক্যাম্পের পাশের গলিতে ম্যানহোলটি দেড় বছর খারাপ ছিল, রাস্তায় ময়লা পানি জমে থাকত। সম্প্রতি মেরামত হলেও সমস্যা পুরোপুরি যায়নি।
এলাকার বাসিন্দা ও ৩৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রোকনউদ্দিন আহমেদ বলেন, এলাকার বাসিন্দা হিসেবে তিনি সিটি করপোরেশনকে রাস্তা মেরামত, আবর্জনা পরিষ্কার এবং রাস্তার বাতি দেওয়ার অনুরোধ করেছিলেন, তবে কাজ হয়নি। সম্প্রতি করপোরেশন থেকে উদ্যোগ নেওয়ার কথা বলা হয়েছে।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলী মো. জাহাঙ্গীর আলম প্রথম আলোকে বলেন, স্থানীয় আঞ্চলিক কার্যালয়ে খোঁজ নিয়ে ব্যবস্থা নেওয়া হবে।
নীরব ছিনতাই: কয়েক দিন আগে একজন ব্যাংক কর্মকর্তা অফিস থেকে ফিরে পেয়াদাপাড়ার বাসার সিঁড়িতে দাঁড়িয়ে কলবেল টিপছিলেন। আধো অন্ধকার। ২০-২২ বছর বয়সী তিনটি ছেলে ‘আপা’ বলে ডাকতেই পরিচিত মনে করে তাকালেন। একটি ছেলে হাসতে হাসতেই গলায় ক্ষুর ধরে বলল, ‘কোনো কথা বলবেন না, গয়নাগুলো খুলে দিন।’ গয়না পেয়ে ‘আচ্ছা আসি, স্লামালাইকুম’ বলে হাঁটতে হাঁটতেই চলে গেল তারা।
এলাকাবাসী বলেন, সকাল-দুপুর-সন্ধ্যা-রাত—সব সময়ই তাঁরা আতঙ্ক নিয়ে পথ চলেন।
ওয়ারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তপন চন্দ্র সাহা প্রথম আলোকে বলেন, এলাকায় পুলিশি টহল আগে থেকেই আছে। এবার সার্বক্ষণিক করা হবে।











