বুধবার, ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

মহাসড়কেও ফিটনেসবিহীন গাড়ি চলতে দেয়া হবে না : আইজিপি

news-image

অনলাইন ডেস্ক: শুধু রাজধানী ঢাকা নয়, দেশের মহাসড়কগুলোতেও ফিটনেসবিহীন গাড়ি চলতে দেয়া হবে না। এজন্য আইনশৃঙ্খলা রক্ষকারী বাহিনীর কঠোর নজরদারি থাকবে। বললেন মহাপুলিশ পরিদর্শক (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী। আজ(সোমবার)পুলিশ সদরদপ্তরে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

সংবাদ সম্মেলনে আইজিপি আসছে ঈদ ও সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে পুলিশের পদক্ষেপ ও তৎপরতার কথা তুলে ধরেন।
তিনি বলেন, ট্রাফিক আইনের কঠোরভাবে বাস্তবায়ন করায় ফিটনেসবিহীন গাড়ি ঢাকার রাস্তায় নামতে দেয়া হচ্ছে না। বৈধ কাগজপত্র ও চালকের লাইসেন্স যাচাই করা হচ্ছে।

জাবেদ পাটোয়ারী বলেন, মহাসড়কেও যেনো ফিটনেসবিহীন গাড়ি না চলে, সেই নির্দেশনা দেয়া হয়েছে। গাড়ির যাবতীয় কাগজপত্র বাছাই করতে বলা হয়েছে।
এদিকে, রাজধানীতে ট্রাফিক সপ্তাহের অষ্টম দিনে (রোববার) ট্রাফিক আইন অমান্যকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে ৩২৮৫ টি মামলা করা হয়েছে। আটক করা হয়েছে ৪৭ টি মোটর সাইকেল।

ট্রাফিক বিভাগ সূত্রে জানানো হয়, ড্রাইভিং লাইসেন্স না থাকায় ৮৭৬টি, গাড়ির ফিটনেস না থাকার কারণে ২১১টি, ট্রাফিক আইন অমান্য করার কারণে ১৬৬৭ টি মোটরসাইকেলের বিরুদ্ধে মামলা করা হয়েছে। গাড়ি চালানোর সময় মোবাইলফোন ব্যবহার করায় ১ ভিডিও এবং ১৫টি সরাসরি মামলা দেয়া হয়েছে।

এছাড়াও, উল্টোপথে গাড়ি চালানোর কারণে ৩৩০ টি, হাইড্রোলিক হর্ণ ব্যবহার করার দায়ে ৯০টি, হুটার ও বিকন লাইট ব্যবহার করার জন্য ২৯ টি, মাইক্রোবাসে কালো গ্লাস ব্যবহার করার জন্য ১৮ টি ও বিভিন্ন স্টিকার ব্যবহার করার জন্য ১টি গাড়ির বিরুদ্ধে মামলা করা হয়েছে।