মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

নৌকায় ভোট দেওয়ার বিকল্প নেই: ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন

news-image

ফরিদপুর প্রতিনিধি : নৌকা প্রতীকে ভোট দেওয়ার কোনও বিকল্প নেই বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন।

রোববার দুপুরে ফরিদপুর শহরের বদরপুরে এক অনুষ্ঠানে ৭৭৬ জন নারীর হাতে মোট ৭৭ লাখ টাকার চেক তুলে দেওয়ার সময় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

সদর উপজেলার জলবায়ু সহনশীল গ্রামীণ অবকাঠামো প্রকল্প ও রুরাল এমপ্লয়মেন্ট অ্যান্ড রোড মেইনটেনেন্স প্রোগ্রাম-২ এর আওতায় দুস্থ, অসহায় ও স্বামী পরিত্যক্তা চুক্তিবদ্ধ নারী কর্মীদের মধ্যে ওই অর্থ বিতরণ করা হয়।

মন্ত্রী বলেন, নির্দিষ্ট লক্ষমাত্রা নিয়ে দেশ এগিয়ে যাচ্ছে। লক্ষ্য অর্জিত হলে দেশে দরিদ্র জনগোষ্ঠি থাকবে না। সবারই উপার্জনের সুযোগ থাকবে, মাথা গোজার ঠাঁই থাকবে।

তিনি বলেন, ২০১৮ সালে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। ভোট দেয়ার সিদ্ধান্তে ভুল করলে যে অন্ধকারে ছিলাম সেখানেই পর্যবসিত হবো, আর সঠিক জায়গায় ভোট দিতে পারলে আমাদের ভবিষ্যত প্রজন্মের জন্যে একটি উজ্জ্বল ভবিষ্যত রেখে যেতে পারবো। এজন্য নৌকা প্রতীকে ভোট দেওয়ার কোনও বিকল্প নেই।

ফরিদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রভাংশু সোম মহানের সভাপতিত্বে ফরিদপুরের জেলা প্রশাসক উম্মে সালমা তানজিয়া ও এলজিইডির বৃহত্তর ফরিদপুরের সুপারেনটেনডেন্ট ইঞ্জিনিয়ার আব্দুস সালাম মন্ডল অনুষ্ঠানে বক্তব্য রাখেন।