সরকার পথ হারিয়ে ফেলেছে : সুব্রত চৌধুরী
গণতান্ত্রিক আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী বলেছেন, সরকার পথ হারিয়ে ফেলেছে। কোটা আন্দোলন ছিল ন্যায্য দাবি। সে আন্দোলনকে দমন করার জন্য সরকারের লাঠিয়াল বাহিনী মাঠে নেমে ছিল। শিক্ষার্থীদের ওপর চাপাতি রামদাসহ হাতুড়ি পর্যন্ত ব্যবহার করেছে ছাত্রলীগ। শুধু তাই না, যারা আহত হয়েছে তাদের সরকারি হাসপাতালে চিকিৎসা না দিয়ে বের করে দিয়েছে। এ ধরনের ন্যক্কারজনক ঘটনা পাকিস্তান আমলেও হয়নি।
রোববার সুপ্রিম কোর্টের মূল ফটকের সামনে মানববন্ধনে অংশ নিয়ে এসব কথা বলেন তিনি। আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ীদের বিচারের দাবিতে বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট) এবং বাংলাদেশ গণতান্ত্রিক আইনজীবী সমিতি মানববন্ধন কর্মসূচির আয়োজন করে।
সুব্রত চৌধুরী বলেন, যতই দিন যাচ্ছে সরকার ততই অন্ধকারের দিকে এগুচ্ছে। তারেকে মনে হয় অন্ধকার থেকে ফেরানো সম্ভব হবেনা। তবে সময় দ্রতই চলে যাচ্ছে। সরকার যদি মনে করে এদেশের ছাত্রদের বিরুদ্ধে, জনগণের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবে, তাহলে কোন দিনই টিকে থাকতে পারবেনা। পদত্যাগ করা ছাড়া এদেশের মানুষ বিকল্প কিছু চিন্তা করবে না। প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে তিনি বলেন, গত কয়েক মাসে ছাত্রদের বিরুদ্ধে সরকারের পেটোয়াবাহিনী যে কর্মকান্ড চালিয়েছে এতে আপনি ক্ষমতায় থাকার নৈতিক অধিকার হারিয়েছেন।
তিনি আরও বলেন, ১৬ কোটি মানুষের দাবি নিয়ে কোমলমতি শিক্ষার্থীরা আন্দোলনে নেমেছে। প্রতিদিন অসংখ্য মানুষ সড়ক দুর্ঘটনায় মারা যাচ্ছে। হাজার হাজার মানুষ পঙ্গু হয়ে যাচ্ছে। অনেক পরিবার তাদের উপার্জনক্ষম ব্যক্তিদের হারিয়ে নিঃস্ব হয়ে গেছে। এ বিষয়গুলো আমরা জাতির সামনে তুলে ধরতে পারিনি। আমাদের কোমলমতি শিক্ষার্থীরা সেটি তুলে ধরেছে। চোখে আঙ্গুল দিয়ে তারা আমাদের দেখিয়ে দিয়েছে। সরকারের উচিত ছিল তাদের দাবি মেনে নিয়ে পরিবহন খাতের নৈরাজ্য থেকে দেশকে রক্ষা করা। শাজাহান খানের মতো একজন লোকের যদি মন্ত্রিত্ব চলেও যায় তাতে সরকারের কি আসে যায়? রাঙ্গা ও শাজাহান খানকে মন্ত্রিসভায় রেখে জনগণের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে হবে এমনটি আমরা সরকারের কাছ থেকে আশা করিনি।
https://youtu.be/S0YyMKxKVOY











