মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সাংগঠনিক প্রক্রিয়ার বাইরে কমিটি হচ্ছে, অভিযোগ তৃণমূল বিএনপির

news-image

সাংগঠনিক প্রক্রিয়ার বাইয়ে দলের অঙ্গ-সংগঠনের কমিটি দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির তৃণমূলের নেতারা। তাদের অভিযোগ, কোন একজন বা দু’জন ব্যক্তির সঙ্গে আলোচনা করে বিএনপির অঙ্গ-সংগঠনের কমিটিগুলো দেওয়া হচ্ছে। আর কমিটি দেওয়ার ক্ষেত্রে সাংগঠনিক যে প্রক্রিয়া, সেটা মানা হচ্ছে না। অর্থ্যাৎ জেলা বিএনপির নেতাদের সঙ্গে আলাপ- আলোচনা করে কমিটিগুলো দেওয়া হচ্ছে না।

শনিবার বিএনপি চেয়ারপারসনের গুলশান রাজনৈতিক কার্যালয়ে দলের তৃণমূল নেতাদের বৈঠকে দলটির নীতি নির্ধারকদের কাছে তারা এসব অভিযোগ করেন বলে সূত্রে জানা গেছে। বৈঠকে সভাপতিত্ব করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এছাড়া বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ড. মঈন খান, নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, সহদপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু, বেলাল আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।

অন্যদিকে, তৃণমূল নেতাদের মধ্যে জেলা ও মহানগর কমিটির সুপার ফাইভ-সভাপতি, সিনিয়র সহসভাপতি, সাধারণ সম্পাদক, সিনিয়র যুগ্ম সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক উপস্থিত ছিলেন।

দলের ৭৮টি সাংগঠনিক জেলার নেতাদের নিয়ে ঢাকায় দুই দিনব্যাপী বৈঠক করেছে বিএনপি। শনিবার ৬ টি সাংগঠনিক বিভাগের নেতাদের বৈঠক অনুষ্ঠিত হয়। সকাল সাড়ে ৯টায় থেকে চট্টগ্রাম, সিলেট ও কুমিল্লা সাংগঠনিক বিভাগের নেতাদের বৈঠক হয়। বিকেল ৩টা থেকে ঢাকা, ময়মনসিংহ ও ফরিদপুর সাংগঠনিক বিভাগের নেতাদের বৈঠক শুরু হয়।

দুই দিনে মোট ৪ টি সেশনে এই বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। বিএনপির ১০ টি সাংগঠনিক বিভাগের মধ্যে গতকাল ৪ টি বিভাগের নেতাদের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সকাল ৯টা থেকে রাজশাহী ও রংপুর বিভাগ এবং বিকেল ৩টা থেকে বরিশাল ও খুলনা বিভাগের নেতাদের বৈঠক হয়।

সূত্রে জানা গেছে, নির্বাচন ও আন্দোলনের প্রস্তুতি একই সাথে করতে হবে বলে তৃণমূলের নেতারা বিএনপির নীতি নির্ধারকদের পরামর্শ দেন। তবে দলের চেয়ারপারসন খালেদা জিয়াকে ছাড়া নির্বাচনে যাওয়ার পক্ষে নয় তারা। বেগম জিয়ার মুক্তিই বিএনপির প্রধান শর্ত ও লক্ষ্য হওয়া উচিত বলে মনে করেন তৃণমূল বিএনপির নেতারা।

গতকালের মত আজকের বৈঠকেও জামায়াতে ইসলামীর প্রসঙ্গ উঠেছে বলে সূত্রটি আরো জানায়। জানা গেছে, তৃণমূল নেতারা জামায়াত বিষয়ে বলেছেন, জামায়াতের বিষয়ে কোন সিদ্ধান্ত নিতে হলে এখনই নেওয়া উচিত। বিষয়টি ঝুলিয়ে রাখা উচিত নয়। যাতে পরবর্তিতে বিএনপি গুছিয়ে উঠতে পারে।

নাম প্রকাশে অনিচ্ছুক বৈঠকে উপস্থিত তৃণমূলের এক নেতা এ প্রতিবেদককে বলেন, আমরা স্পষ্টভাবে বলেছি যে, বেগম জিয়াকে জেলে রেখে আমরা কোন নির্বাচনে যাবো না। তাই আমাদের লক্ষ্য হবে, দলের চেয়ারপারসনের মুক্তি, নির্বাচনের প্রস্তুতি এবং সহায়ক সরকার। আর এজন্য আমাদেরকে আন্দোলনের প্রস্তুতি নিয়ে রাখতে হবে।

এদিকে জামায়াতে বিষয়ে চরম ক্ষোভ প্রকাশ করেছেন সিলেট জেলা বিএনপির নেতারা। তাদের বক্তব্য, আমরা বারবার অনুরোধ করার পরও জামায়াত সিটি নির্বাচনে তাদের প্রার্থিতা প্রত্যাহার করেনি। অপরদিকে কক্সবাজারের একটি পৌর-সভায় জামায়াত তাদের প্রার্থী দিয়েছিল। কিন্তু আমরা দেখিয়ে দিয়েছি যে, জামায়াত ছাড়াও বিএনপি জিততে পারে।

সিলেট সিটি নির্বাচনে ধানের শীষ প্রার্থীর বিজয়ে জেলার নেতাকর্মীদের বিএনপির নীতি-নির্ধারকরা ধন্যবাদ ও অভিনন্দন জানিয়েছেন বলেও বৈঠক সূত্রে জানা গেছে।

বৈঠকে উপস্থিত কয়েকজন নেতার সঙ্গে কথা বলে জানা গেছে, মির্জা ফখরুল ইসলাম আলমগীর তৃণমূলের নেতাদের জানিয়েছেন, বিএনপি সিরিয়াসলিভাবে ২০ দলীয় জোটের বাইয়ে একটি জোট করার চেষ্টা করছে। সময় হলে সেটা তৃণমূলের নেতারা দেখতে ও জানতে পারবেন বলেও জানান মির্জা ফখরুল।

বৈঠকের বিষয়ে জানতে চাইলে সিলেট বিভাগীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন জীবন জানান, বৈঠকে সব বিভাগীয় নেতারা বলেছেন, নির্বাচন ও আন্দোলনের প্রস্তুতির কথা। তবে বেগম জিয়ার মুক্তিই সবার প্রধান লক্ষ্য। এছাড়া বেগম খালেদা জিয়াকে ছাড়া কেউ নির্বাচনে যাওয়ার পক্ষে নয়।