কিশোরগঞ্জের পথে খালেদা জিয়া : সমাবেশস্থলে লাখো জনতার ঢল
ডেস্ক রির্পোট: কিশোরগঞ্জে ২০দলীয় জোটের জনসভায় যোগদানের জন্য কিশোরগঞ্জের পথে রয়েছেন বিএনপি চেয়ারপারসন ও ২০দলীয় জোট নেত্রী বেগম খালেদা জিয়া।
আজ বিকেলে জেলা শহরের গুরুদয়াল সরকারি কলেজ মাঠের জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখবেন তিনি।
জনসভা আনুষ্ঠানিকভাবে দুপুর ২টায় শুরু হওয়ার কথা থাকলেও বেলা ১২টার মধ্যে গুরুদয়াল কলেজ মাঠ কানায় কানায় ভরে গেছে। লাখো জনতার ঢলে ইতোমধ্যে জনসমুদ্রে পরিণত হয়ে গেছে সমাবেশস্থল। এরপরও জনসভায় অংশ নিতে বিভিন্ন স্থান থেকে খণ্ড থণ্ড মিছিল নিয়ে নেতা-কর্মীরা আসছেন।
জনসভামুখী জনতার ঢল নেমেছে শহরের প্রতিটি সড়কে। মঞ্চে জাসাসের শিল্পীরা দেশাত্মবোধক গান পরিবেশন করে জনতাকে মাতিয়ে রাখছেন। এরই মধ্যে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের অনেক সিনিয়র নেতা কিশোরগঞ্জে এসে পৌঁছেছেন।
জেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ও জনসভা আয়োজন কমিটির আহবায়ক মো. শরীফুল আলমের সভাপতিত্বে জনসভায় বিএনপিসহ ২০ দলীয় জোটের অন্যান্য শরীক দলসমুহের কেন্দ্রিয় নেতারা বক্তব্য রাখবেন।
বিদ্যুৎ ও গ্যাসের দাম বৃদ্ধির চক্রান্ত প্রতিরোধ, গুম, খুন, গুপ্তহত্যা বন্ধ ও নির্দলীয়-নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় নির্বাচনের দাবিতে ২০দলীয় জোট এ জনসভার আয়োজন করেছে। গুরুদয়াল সরকারি কলেজ মাঠে দুপুর ২টায় এ সভা শুরু হবে। স্থানীয় নেতৃবৃন্দের পর ২০ দলীয় জোটের শীর্ষ নেতৃবৃন্দ এতে বক্তৃতা করবেন। খালেদা জিয়া বিকাল ৪টায় বক্তৃতা শুরু করবেন বলে জানা গেছে।
জনসভায় যোগদানের জন্য বেগম খালেদা জিয়া সকাল সাড়ে ১০টা ৫০ মিনিটে রাজধানীর গুলশানের বাসা থেকে রওনা দিয়েছেন। গুলিস্তান মেয়র হানিফ ফাইওভার, যাত্রাবাড়ী, কাঁচপুর ব্রিজ, রূপগঞ্জ, নরসিংদী, ভৈরব হয়ে কিশোরগঞ্জ সার্কিট হাউজে পৌঁছবেন তিনি। সেখানে দুপুরের খাবার ও বিশ্রাম শেষে তিনি জনসভার মঞ্চে উপস্থিত হবেন।
খালেদা জিয়াকে স্বাগত জানাতে বর্ণিল সাজে সাজানো হয়েছে কিশোরগঞ্জ শহরকে। ভৈরব থেকে কিশোরগঞ্জ পর্যন্ত ৫৬ কিলোমিটারের মহাসড়কের পথে পথে নির্মাণ করা হয়েছে ছয় শতাধিক তোরণ। জেলার প্রধান প্রধান সড়কের মোড়ে মোড়ে টানানো হয়েছে ডিজিটাল ব্যানার, ফেস্টুন, বিলবোর্ড, পোস্টার।
সড়কের দু’পাশে আলোকসজ্জার পাশাপাশি সড়ক দ্বীপগুলোতে করা শোভা পাচ্ছে বর্ণিল প্রতিকৃতি।
গুরুদয়াল কলেজ মাঠের দক্ষিণ-পূর্ব পাশে তৈরি করা হয়েছে ৬০ ফুট দৈর্ঘ্য ও ৪০ ফুট প্রস্থের সুবিশাল মঞ্চ। সমাবেশস্থলে বেগম জিয়ার আগমনের সাথে সাথে ওড়ানো হবে অসংখ্য রঙিন বেলুন। সমাবেশে শৃঙ্খলা রক্ষায় থাকছে বিশাল স্বেচ্ছাসেবকবাহিনী।
প্রায় তিন সপ্তাহ ধরে কিশোরগঞ্জ জেলার বিভিন্ন উপজেলাসহ পার্শ্ববর্তী জেলাসমূহে জনসভা সফল করতে ব্যাপক প্রচারণা চালানো হয়।











