মামলা–জরিমানা, দুর্ভোগের এক দিন
ডেস্ক রির্পোট :মামলা, জেল-জরিমানা, জনদুর্ভোগ—সারা দেশে পুরোনো লক্কড়-ঝক্কড় যানবাহনের বিরুদ্ধে গতকাল সোমবার সকালে শুরু হওয়া বিশেষ অভিযানের সারমর্ম দিন শেষে এ-ই দাঁড়িয়েছে। আজও চলবে এই অভিযান। ঢাকার বাইরে জেলা প্রশাসন আর ঢাকায় বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) অভিযানের নেতৃত্ব দিচ্ছে।
এত দিন কোনো গা না করেই ব্যবসা চালিয়েছেন পরিবহনমালিকেরা। তবে গতকালের অভিযানকে কেন্দ্র করে চলাচলের উপযোগী (ফিটনেস) সনদের জন্য সবাই ধরনা দিয়েছেন বিআরটিএর কার্যালয়গুলোতে। একই সঙ্গে গ্যারেজগুলোতে চলছে রং-চল্টা উঠে যাওয়া যান মেরামতের ধুম।
বিআরটিএর হিসাবে সারা দেশে সোয়া তিন লাখ যানবাহন ফিটনেস সনদ ছাড়া চলছে। শুধু ঢাকায় চলছে ৯৩ হাজার। এর বাইরে প্রায় আট লাখ নছিমন, করিমন, ভটভটি ও ইজিবাইক চলে, যার কোনো নিবন্ধন-ফিটনেস কিছুই নেই।
তবে অভিযানের আতঙ্কে রাস্তায় স্বাভাবিক সময়ের তুলনায় যানবাহন কমেছে অনেক। এতে আখেরে ভুগতে হয়েছে জনগণকে। ঢাকার রাস্তায় বাসস্ট্যান্ডগুলোসহ বিভিন্ন স্পটে শত শত মানুষকে ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থাকতে হয়েছে। দিতে হয়েছে বেশি ভাড়া।
অভিযান শুরু হওয়ার পর ফিটনেস সনদ নেওয়ার হিড়িক লেগেছে বিআরটিএর কার্যালয়ে। সংস্থাটির মিরপুর কার্যালয় সূত্র জানিয়েছে, শুধু এই কার্যালয়েই তিন দিন ধরে গড়ে ৮০০ যানবাহন ফিটনেস সনদ নিতে আসছে। অন্য সময় দিনে ৩০০ থেকে ৪০০ যানবাহনের ফিটনেস সনদ দেওয়া হতো।
এতগুলো যানবাহনের ফিটনেস সনদ দিতে বিআরটিএর পরিদর্শক মাত্র সাতজন, অন্য ছোট কর্মী মিলিয়ে মোট জনবল ১৩ জন। ফলে বাইরের রং দেখেই ফিটনেস সনদ দিয়ে দেওয়া হচ্ছে। অথচ কারিগরি ও বাহ্যিক অন্তত ৩০টি বিষয়ের সঠিকতা যাচাই করেই সনদ দেওয়ার কথা।
বাংলাদেশ সড়ক পরিবহন সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্যাহ বলেন, ঢাকায় ৫০ শতাংশ বাস-মিনিবাস ভয়ে রাস্তায় নামেনি, মেরামত চলছে। অনেকে ফিটনেস সনদের জন্য দৌড়ঝাঁপ করছে।
এত দিন কেন সেটা করা হয়নি, জানতে চাইলে এনায়েত বলেন, আসলে বাধ্য না হলে কেউ ঠিক করতে চায় না। আর ঢাকায় দু-তিন মাসের মধ্যেই ঘষাঘষির কারণে রং-চল্টা উঠে যায়। তিনি বলেন, অভিযানে আপত্তি নেই। তবে কারও যেন হয়রানি না হয়।
প্রায় দেড় কোটি মানুষের ঢাকায় বাস-মিনিবাসের অনুমোদন আছে সাড়ে পাঁচ হাজারের। অটোরিকশা সংখ্যায় প্রায় ১২ হাজার। এর বাইরে আছে কিছু হিউম্যান হলার। এই হচ্ছে মোটা দাগে ঢাকার গণপরিবহন।
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের অভিযান দেখতে গতকাল বিকেলে মানিক মিয়া অ্যাভিনিউয়ে যান। সেখানে তিনি সাংবাদিকদের বলেন, ঢাকাসহ সারা দেশে যে অভিযান চলছে, তা অব্যাহত থাকবে।
অভিযানের কারণে বাসের বিকল্প পথ ধরে চলা ও যাত্রী ভোগান্তির বিষয়ে মন্ত্রী বলেন, ‘এসব কাজ করতে গেলে কিছু চ্যালেঞ্জ আসবে। রাতারাতি বিকল্প দেওয়া যাবে না। দীর্ঘ মেয়াদে সুফল পেতে হলে সাময়িক একটু কষ্ট করতেই হবে।’
অভিযানে জেল-জরিমানা: রাজধানীতে গতকাল দুপুর পর্যন্ত গাবতলী, কারওয়ান বাজার ও কাকলীতে তিনটি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বিআরটিএ। বিকেলে সব কটি আদালত মানিক মিয়া অ্যাভিনিউয়ে এসে আবার আদালত পরিচালনা করেন।
ঢাকার চারটি আদালতে বিকেল পর্যন্ত ৯২টি মামলা হয়। তাৎক্ষণিক জরিমানা আদায় করা হয় এক লাখ ১৬ হাজার টাকা। দুজন চালককে ১৫ দিন করে কারাদণ্ড দেওয়া হয় লাইসেন্স না থাকায়। এ ছাড়া দুটি বাস জব্দ করা হয়।
গাজীপুর, মানিকগঞ্জ, রাজশাহী, বগুড়া, চুয়াডাঙ্গা ও চাঁপাইনবাবগঞ্জে বিকেল পর্যন্ত ৭২০টি মামলা হওয়ার খবর পাওয়া গেছে। চারটি যানবাহন জব্দ এবং তাৎক্ষণিক জরিমানা করা হয় অনেককে।
যাত্রীদের দুর্ভোগ: সন্ধ্যা সাড়ে ছয়টা। রাজধানীর বাংলামোটর থেকে কারওয়ান বাজার পর্যন্ত রাস্তার দুই পাশে বিভিন্ন স্পটে শত শত লোক দাঁড়িয়ে। একটি বাস আসার পর একসঙ্গে ২০-৩০ জন যাত্রী ওঠার জন্য ঝাঁপিয়ে পড়ছেন। আগে থেকেই বাসের ভেতর যাত্রীতে ঠাসা থাকায় দু-তিনজন কোনোরকমে বাসের দরজায় উঠতে পারছেন। বাকিদের তাকিয়ে থাকা ছাড়া কোনো উপায় ছিল না।
একই অবস্থা দেখা গেছে সকালে কল্যাণপুর ও সোহরাওয়ার্দী হাসপাতালের সামনেও। বেলা তিনটার দিকে মানিক মিয়া অ্যাভিনিউ ও কারওয়ান বাজারে ভ্রাম্যমাণ আদালত চলার সময় ফার্মগেটে কয়েক শ যাত্রীকে বাসের জন্য অপেক্ষায় থাকতে দেখা যায়।
ওই যাত্রীদের একজন মারজিয়া আক্তার, যাবেন পল্লবী। তিনি জানান, আধা ঘণ্টা ধরে অপেক্ষা করেও কোনো বাসে উঠতে পারেননি।
অভিযানের কারণে ঢাকা-আরিচা মহাসড়ক দিয়ে চলাচলকারী অভ্যন্তরীণ পথের ৭০ শতাংশ গণপরিবহন বন্ধ হয়ে যায়। যেসব বাস চলেছে তাদের বিরুদ্ধে বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ পাওয়া গেছে।
ওই পথের যাত্রীসেবা পরিবহনের চালক আজাহার উদ্দিন বলেন, ‘কিছুক্ষণ আগে পাঁচ হাজার ট্যাহা জরিমানা দিছি। ভাড়া একটু বেশি না হইলে পোষাইব ক্যামনে?’
লক্কড়-ঝক্কড় মেরামতে ধুম: রোববার রাত সাড়ে ১০টার দিকে গাবতলী টার্মিনালে এক চালকের সহকারী যাত্রীদের ডাকছিলেন এভাবেই: ‘চলেন, সাভার যাই। মুবিল কোট (মোবাইল কোর্ট)। এই বাস মডেল আউট (বয়সসীমা শেষ)। আর চালান যাইব না। আপনাদের নিয়াই গ্যারেজে ঢুকামো।’
গাবতলী-আরিচা পথে চলাচলকারী বাসটি দেখেই বোঝা যাচ্ছিল চলাচলের উপযোগী নেই, রং উঠে গেছে। ভেতরের আসনও ছেঁড়া-ময়লা। বাসের চালক রুবেল মিয়া জানান, এই পথের বেশির ভাগ বাস-মিনিবাসই লক্কড়-ঝক্কড়। পুলিশকে মাসোহারা দিয়ে চলে।
গতকাল ঢাকা-আরিচা মহাসড়কের আমিনবাজার থেকে হেমায়েতপুর পর্যন্ত সড়কের দুই পাশে অনেক লক্কড়-ঝক্কড় বাস-মিনিবাস ও ট্রাক ফেলে রাখতে দেখা গেছে।
সাভারের বলিয়ারপুর বাসস্ট্যান্ডে অন্তত ৫০টি বাস-মিনিবাস ও ট্রাক মেরামত করতে দেখা যায়।
গাজীপুরের জয়দেবপুর বাসস্ট্যান্ডে দিনা অটোমোবাইলসের মিস্ত্রি আল আমিন বলেন, গত কয়েক দিন বসেই ছিলেন। রোববার রাতে একসঙ্গে তিনটি যাত্রীবাহী বাস মেরামতের কাজ পেয়েছেন। একটি রং করার কাজ, অন্য দুটির বডির ট্যাপ-ভাঙা অংশ মেরামত করতে হবে।
গাজীপুরের সালনায় অটোমোবাইলসের মালিক লিটন মিয়া বলেন, একটি যাত্রীবাহী বাস রং করতে ২০ থেকে ২৫ হাজার টাকা নেওয়া হচ্ছে। সঙ্গে মেরামত থাকলে ৩৫ হাজার টাকা।
কালিয়াকৈরের যাত্রীবাহী বাসের মালিক এবাদত হোসেন বলেন, অনেক দিন ধরেই বাসের মেরামত করবেন বলে সিদ্ধান্ত নিয়েছিলেন। কিন্তু হয়ে ওঠেনি। অভিযান শুরু হওয়ায় উপায় না দেখে নেমে পড়েছেন।
দিনভর প্রচারে সব মাটি!: মানিক মিয়া অ্যাভিনিউয়ে মন্ত্রী ওবায়দুল কাদের প্রায় পৌনে এক ঘণ্টা ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম দেখেন। এটা আগের দিনই গণমাধ্যমকে জানানো হয়। এরপর বেসরকারি টেলিভিশন ও অনলাইন মাধ্যমে ভ্রাম্যমাণ আদালতের খবর একটু পর পর প্রচার করা শুরু হয়।
মন্ত্রীর পৌনে এক ঘণ্টা অবস্থানের সময়ে ওই পথ ধরে ৩০-৪০টির বেশি বাস চলেনি। বেশির ভাগই আবার বিআরটিসির দ্বিতল বাস। অল্প যে কটি ব্যক্তিমালিকানাধীন বাস-মিনিবাস চলতে দেখা গেছে, সেগুলো ছিল অপেক্ষাকৃত নতুন ও সদ্য রং করা।
মন্ত্রীর জন্য বিব্রতকর: বিকেল পৌনে চারটা। মানিক মিয়া অ্যাভিনিউয়ে ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম দেখে ফিরে যাচ্ছিলেন ওবায়দুল কাদের। এ সময় মন্ত্রীর গাড়ির সামনে দিয়েই দুটি মিনিবাস ছাদে যাত্রী নিয়ে যাচ্ছিল। পুলিশ হাত ইশারায় মিনিবাস দুটি থামাতে গেলে জয় বাংলা বলে হইচই করে ওঠেন ভেতরের এবং ছাদের যাত্রীরা। পুলিশ ছেড়ে দেয়। কিন্তু উপস্থিত গণমাধ্যমকর্মীরা এর ছবি ও ভিডিও ধারণ করা শুরু করলে পুলিশ দৌড়ে গিয়ে একটি মিনিবাস আটক করে। অন্যটি ততক্ষণে চম্পট দেয়।
বাসের যাত্রীরা জানান, মহানগর নাট্যমঞ্চে যুবলীগের কর্মসূচিতে অংশ নিয়ে সাভারে ফিরে যাচ্ছিলেন তাঁরা। বাস দুটি আরিচা থেকে গাবতলী পথে চলে। এই দুটি বাস যাওয়ার আগে বিআরটিএর পক্ষ থেকে মাইকে বারবার প্রচার করা হচ্ছিল, ছাদে যাত্রী বহন করা অপরাধ।
পরে জব্দ করা বাসটির চালক জাহাঙ্গীরের ১৫ দিনের কারাদণ্ড ও এক হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।











