শাকিব ভক্তের কাণ্ড!
প্রিয় তারকার জন্য ভক্তরা কত কিছুই না করেন। কখনো কখনো ভক্তদের ভালোবাসা রূপ নেয় অনন্য পাগলামিতে। যেটা কিছুটা হলেও অবাক করে দেয় সবাইকে। তেমনই এক ভক্ত রয়েছে সুপারস্টার শাকিব খানের। যিনি শাকিব খানের প্রতি ভালোবাসা থেকে একসঙ্গে অর্ধশত মানুষকে সিনেমা দেখিয়েছেন।
ঘটনাটি শুক্রবার (২৭ জুলাই) ‘ভাইজান এলো রে’ ছবি মুক্তির দিনের। এদিন রাজধানীর স্টার সিনেপ্লেক্সে হাজির হয় ৫০জন শাকিব ভক্ত। যাদের আমন্ত্রণ জানিয়েছেন আরেফিন খান অপু নামের এক তরুণ। আগে থেকেই তিনি টিকেট কেটে রেখেছেন এই শাকিব ভক্তদের জন্য। এরপর সবাইকে নিয়ে একসঙ্গে প্রিয় নায়কের নতুন ছবি ‘ভাইজান এলো রে’ উপভোগ করেন।
বিষয়টির সত্যতা যাচাইয়ের জন্য বাংলাদেশ জার্নাল থেকে যোগাযোগ করা হয় সেই তরুণ ভক্তের সঙ্গে। আলাপে তিনি বিস্তারিত জানান এই ঘটনার বিষয়ে। আরেফিন খান অপু বলেন, শাকিব ভাইয়ের প্রতি ভালোবাসা থেকেই এই কাজটি করেছি। এটা আমার অনেক দিনের পরিকল্পনা যে, অনেক ভক্তকে নিয়ে একসঙ্গে শাকিব খানের ছবি দেখবো। অবশেষে কাজটি করতে পেরে খুব ভালো লাগছে।
কীভাবে এতো ভক্তকে জোগাড় করেছেন? এমন প্রশ্নের জবাবে অপু বলেন, এই কাজটির জন্য আমি বেশ কিছু দিন আগে থেকেই শাকিব খানের অফিশিয়াল ফ্যান গ্রুপে পোস্ট দিয়েছি। সেই পোস্টে সাড়া দিয়ে আমার সঙ্গে অনেকেই যোগাযোগ করেছেন। তাদের মধ্য থেকে আমি যাচাই-বাছাই করে ৫০জনকে বেছে নিয়েছি।
যোগ করে অপু আরো বলেন, যখন শাকিব ভক্তদের বিনামূল্যে ছবি দেখানোর পোস্ট দিতাম, তখন অনেকেই হাসাহাসি করতো। বলতো, আমি নাকি চাপাবাজি করছি। কিন্তু তখন আমি তাদের কিছুই বলিনি। এখন সেই কাজটা করে প্রমাণ দিয়েছি।
শাকিব খান ও তার সিনেমা নিয়ে জীবনে অনেক পাগলামিই করেছেন আরেফিন খান অপু। কখনো নিজের পরিবারের সঙ্গেই অভিমান করেছেন। কিন্তু প্রিয় নায়কের প্রতি ভালোবাসা কমেনি কখনো। অপুর ভাষ্যে, অনেক চেষ্টা করেছি, কিন্তু শাকিব ভাইয়ের সঙ্গে কখনো দেখা করার সুযোগ পাইনি। কয়েকবার এফডিসিতেও গিয়েছিলাম। কিন্তু সেখানে গেট থেকে আমাকে বলে, ভেতরে শাকিবের কোনো ভক্ত প্রবেশ করতে পারবে না।
এরপরও মনঃক্ষুণ্ণ হননি অপু। আগের মতই ভালোবাসেন শাকিব খানকে। বুকে আশা নিয়ে আছেন, কখনো হয়ত প্রিয় নায়কের সঙ্গে তার দেখা হয়ে যাবে। ব্যক্তিজীবনে অপু একজন ব্যবসায়ী। তার বাড়ি চট্টগ্রামে।
প্রসঙ্গত, শুক্রবার (২৭ জুলাই) দেশব্যাপী ১০৯টি সিনেমা হলে মুক্তি পায় ‘ভাইজান এলো রে’। এটি পরিচালনা করেছেন জয়দীপ মুখার্জি। এতে শাকিব খানের সঙ্গে অভিনয় করেছেন শ্রাবন্তী ও পায়েল সরকার। এছাড়াও আছেন দীপা খন্দকার, মনিরা মিঠু, রজতাভ দত্ত, শান্তিলাল প্রমুখ। ছবিটি প্রযোজনা করেছে এসকে মুভিজ।











