বাঞ্ছারামপুরে বিভিন্ন প্রাইমারী স্কুলের উন্নয়নের টাকা ভাগবাটোয়ারার অভিযোগ
ফয়সল আহমেদ খান,বাঞ্ছারামপুর,ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক উন্নয়ন কর্মসূচির নামমাত্র কাজ করে টাকা ভাগ-বাটোয়ারার অভিযোগ উঠেছে। স্কুলের প্রধান শিক্ষক, সভাপতি ও শিক্ষক নেতারা মিলে এ আত্মসাৎ করেছেন বলে জানা গেছে। বাঞ্ছারামপুর উপজেলা শিক্ষক সমিতির সভাপতি মীর রফিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক মনির হোসেন অধিকাংশ স্কুলের প্রধান শিক্ষকদের সহযোগিতায় শিক্ষা অফিস ও উপজেলা হিসাবরক্ষণ অফিসের খরচের কথা বলে তারা উন্নয়ন প্রকল্পের কয়েক লাখ টাকা হাতিয়ে নিয়েছেন। এ সুযোগে স্কুলের প্রধান শিক্ষক ও স্কুল পরিচালনা কমিটির সভাপতির বিরুদ্ধে নামমাত্র কাজ করে অধিকাংশ টাকা আত্মসাৎ করার অভিযোগ উঠেছে।
জানা গেছে, ২০১৭-১৮ অর্থবছরে উপজেলার ১৩৯টি বিদ্যালয়ে প্রত্যেকটিতে বিভিন্ন উন্নয়নমূলক কাজের জন্য ‘স্লিপের’ ৪০ হাজার প্রাক-প্রাথমিকের মালামাল ক্রয় বাবদ ৫ হাজার টাকা এবং ১৬টি বিদ্যালয়ে ক্ষুদ্র মেরামতের জন্য ১ লাখ ৬ হাজার টাকা করে, ৯টি বিদ্যালয়ের শৌচাগার মেরামতের জন্য ২০ হাজার করে ও ৪৬টি স্কুলে রুটিন মেইনটেনেন্স বাবদ ১০ হাজার টাকা করে বরাদ্দ দেয় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। মোট ৮৩ লাখ ৭৫ হাজার টাকা বরাদ্দ হয়। ‘¯িøপের বরাদ্দ থেকে বিদ্যালয়ের ছোটখাটো মেরামত, শিক্ষা উপকরণ ক্রয়, প্রাক-প্রাথমিকের বরাদ্দ থেকে শিশু শ্রেণীর উপকরণ ক্রয়, রুটিন মেইনটেনেন্স, ক্ষুদ্র মেরামতের বরাদ্দ থেকে বিদ্যালয়ের ভবনের দেয়ালে প্লাস্টার ও রং করাসহ নানা কাজ করার কথা রয়েছে। তবে এসব কাজের অধিকাংশ কাজই করা হয়নি বলে অভিযোগ উঠেছে।
বিভিন্ন স্কুলে খোঁজ নিয়ে জানা গেছে, এসব কাজের যে পরিকল্পনা দেয়া হয়েছে তার বেশিরভাগই বাস্তবায়ন করা হয়নি। ক্ষুদ্র মেরামতের নামমাত্র কাজ করা হয়েছে। যেসব স্কুলে বেশি অনিয়ম হয়েছে সেগুলো হল-সরিষারচর,ছবুরকান্দি, শরিফপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, মিরপুর, পূর্বহাটি মধ্য, ভবনাথপুর, আইয়ুবপুর, বুধাইরকান্দি, সেকেরকান্দি, আছাদনগর পূর্ব, রূপসদী মধ্য কান্দাপাড়া, রূপসদী উত্তর, ভুরভুরিয়া পশ্চিম, সাতবিলা, কাপাসকান্দি, খোশকান্দি, বাহাদুরপুর, গকুলনগর, বিষ্ণুরামপুর, হাসন্নগর, তেজখালী পূর্ব, গোটকান্দি, মুন্সিনগর, শুঁটকিকান্দি, ফরদাবাদ মুন্সিবাড়ি, রাধানগর, কদমতলী উত্তর, কদমতলী মধ্য, আকানগর দক্ষিণ, আকানগর উত্তর, ইছাপুর, ঝুনারচর, দরিয়াদৌলত দক্ষিণ-পূর্ব, দরিয়াদৌলত উত্তর, পাহাড়িয়াকান্দি পূর্ব, উলুকান্দি দক্ষিণ, কাঞ্চনপুর, ফতেপুর, জয়কালিপুর পূর্ব, হোগলাকান্দি, রাবেয়া সিরাজ, আশ্রাফবাদ, পূর্বহাটি ও তাতুয়াকান্দি সরকারি সরকারি প্রাথমিক বিদ্যালয়।
এ বিষয়ে বাঞ্ছারামপুর উপজেলা শিক্ষক সমিতির সভাপতি মীর রফিকুল ইসলাম বলেন, ‘বিভিন্ন স্কুলের স্লিপের টাকা থেকে আমরা অফিস খরচসহ বিভিন্ন খরচ বাবদ ১৭শ’ টাকা করে নিয়েছি। আট লাখ টাকা নেয়ার অভিযোগ সঠিক নয়।’
উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা গাজী মো. শাহরাজ বলেন, ‘উন্নয়ন প্রকল্পের টাকা থেকে শিক্ষক নেতারা ১২ হাজার টাকা আমাকে দেয়ার অভিযোগ সঠিক নয়। টাকা তো আর আমি তুলিনি, টাকা তুলেছেন শিক্ষক নেতারা।’
উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. নৌসাদ মাহমুদ অভিযোগ অস্বীকার করে বলেন, ‘বিভিন্ন স্কুলের উন্নয়ন প্রকল্পের টাকা আত্মসাতের অভিযোগ ওঠায় আমি নিজেই সরেজমিন দেখছি। যাদের বিরুদ্ধে অভিযোগের সত্যতা পাব, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব।’
ইউএনও মো. শরিফুল ইসলাম বলেন, অনিয়ম, দুর্নীতির বিষয়গুলো আমার জানা নেই। তবে শেষপর্যায়ে কয়েকটি স্কুলের বিলের টাকা আমি ছাড় করতে দেইনি। কারণ সরেজমিন তদন্ত করে বিল দেব।
এ দিকে,এসব দূর্ণীতির বিশাল অভিযোগ সহকারি শিক্ষক,শিক্ষার্থীদের অভিভাবকমহল জানার পর,তাদের মধ্যে তীব্র বিরুপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।তারা দুদকসহ প্রশাসনের দৃষ্টি আকর্ষন করে বলেন,সর্ষে তে যদি ভূত থাকে ,সে ভূত তাড়াবে কে?
সদর উপজেলার অভিভাবক রফিকুল ইসলাম বলেন,-‘প্রাইমারী লেবেল থেকে যদি দূর্ণীতিবাজ শিক্ষকদের শিক্ষা আমাদের সন্তানরা গ্রহন করে,বড় হয়ে তারাও তো সে পথে হাটবে’।











