সাড়া নেই জামায়াতের, ঘরের দুই প্রতিপক্ষকে রেখেই সিলেটে লড়তে হবে বিএনপিকে
সিলেটে মেয়র প্রার্থী প্রত্যাহারে জামায়াতকে ২০ দলীয় জোটের পক্ষ থেকে আবারও অনুরোধ করা হয়েছে। তবে জামায়াত প্রার্থী প্রত্যহারে অনড় অবস্থান নিয়েছে। বৈঠকে উপস্থিত জামায়তের প্রতিনিধি মোবারেক হোসেন শরীকদের অনুরোধের জবাবে বলেছেন, যেহেতু তিনি সিদ্ধান্ত দেওয়ার কেউ নন। তবে বিষয়টি জামায়াতের দলীয় সভায় আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। তিন সিটি করপোরেশন নিবার্চনের সিডিউল ঘোষণার পর বিএনপির নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের দ্বিতীয় সভায় জোটের অন্যতম শরীক জামায়াত তাদের অবস্থানে অটল রয়েছে। এরফলে সিলেটে বিএনপিকে লড়তে হবে তাদের প্রধান প্রতিপক্ষ আওয়ামী লীগের পাশাপাশি দলের বিদ্রোহী প্রার্থী ( বহিস্কৃত) ও শরীক জোটের জামায়াতের প্রার্থীর বিপরীতে।
বৈঠকে উপস্থিত বাংলাদেশ ন্যাপের মহাসচিব গোলাম মোস্তাফা ভুইয়া জানান, জোটের বৈঠকে আমরা সকল শরীক দল সিলেটে মেয়র পদে জোটের এক প্রার্থীর পক্ষে অবস্থান নিয়েছি। আমরা জামায়াত ইসলামীর প্রতিনিধিকে সবাই মিলে অনুরোধ জানিয়েছি তাদের প্রার্থী প্রত্যাহারের। কিন্তু তারা তাদের দলীয় ফোরামে আলোচনা করে সিদ্ধান্তের কথা জানাবেন। তিনি বলেন, জোটের বৈঠকে আমরা সিদ্ধান্ত নিয়েছি রোববার থেকে জোটের শরীকদলগুলো প্রচারণার জন্য তিন বিভাগে যাবেন। এছাড়া এলডিপির সভাপতির গাড়িতে হামলার নিন্দা ও পতিবাদ জানানো হয়েছে ও জাতীয় পার্টির মহাসচিব জামাল হায়দারের স্ত্রীর মৃত্যুতে শোক প্রস্তাব গ্রহণ করা হয়েছে।
জোটের অপর এক নেতা জানান, আদৌতে জামায়াত সিলেটে মেয়র প্রার্থী প্রত্যাহার করবে বলে মনে হয় না। কারণ জোটের সভায় জামায়াত যাদেরকে প্রতিনিধি হিসেবে পাঠাচ্ছে তারা শুধু শুনতে আসেন। তাদের পক্ষে কোনো সিদ্ধান্ত দেওয়া সম্ভব না। জামায়াত প্রার্থী প্রত্যাহার করবে না এমন মনোভাব থেকেই তারা এসব করছে বলে মনে হচ্ছে। তিন সিটি করপোরেশন নির্বাচন, এলডিপি সভাপতি কর্নেল অলি আহমেদের গাড়ি বহরে হামলা ও চলমান রাজনৈতিক পরিস্থিতির বিষয়ে কর্মকশৌল নির্ধারণ ও শরীকদলগুলোর মতামত এবং পরার্মশ গ্রহণ করতে ২০ ধলীয় জোটের শরীকদলগুলোর সঙ্গে বৈঠকে বসে বিএনপি। শনিবার বিকালে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এই বৈঠকটি অনুষ্ঠিত হয়।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে ২০ দলীয় জোটের সভায় উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় পরিষদ সদস্য মোবারেক হোসেন, বিজেপি চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ, এলডিপি মহাসচিব ড. রেদোয়ান আহমেদ, বাংলাদেশ ন্যাপ মহাসচিব এম. গোলাম মোস্তফা ভুইয়া, এনডিপি চেয়ারম্যান খোন্দকার গোলাম মোর্ত্তজা, এনপিপি চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ,জাগপা সাধারণ সম্পাদক খন্দকার লুৎফর রহমান, খেলাফত মজলিশ মহাসচিব ড. আহমেদ আবদুল কাদের, ইসলামী ঐক্যজোটের মহাসচিব অধ্যাপক আবদুল করিম, ডিএল সাধারণ সম্পাদক সাইফুদ্দিন আহমেদ মনি, লেবার পার্টি (একাংশ) চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান, (অপরাংশ) মহাসচিব হামদুল্লাহ আল মেহেদী, বিএমএল মহাসচিব শেখ জুলফিকার বুলবুল চৌধুরী, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক কমরেড সাঈদ আহমেদ, জমিয়তে উলামায়ে ইসলাম সিনিয়র যুগ্ম মহাসচিব মুফতী মহিউদ্দিন ইকরাম।











