শনিবার, ১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

হে হেমন্ত তুমি অনন্ত হও

83696_shahi-1ডেস্ক রির্পোট:আমার কাছে হেমন্ত কবিত্বের মাস। যদিও এ মাসেই নবান্নের এবং পিঠাপুলি ইত্যাদির এক ধরনের প্রলোভন থাকে, তবু এ মাসের মর্মকথা কবিদের মনেপ্রাণে এবং চিন্তায় আলস্য সৃষ্টি করে। খেতে মজা, পেতে মজা এবং একই সাথে স্বাস্থ্যে উৎসাহ দেয় এ ঋতু। যদিও এই ঋতুর ভেতরে গোপনে শীতের আগমন ধ্বনি বেজে ওঠে, আমরা সেই ধ্বনিকে চাপা দিয়ে কথা বলতে আগ্রহী হই। আমিতো আগেই বলেছি, হেমন্ত হলো একই সাথে অলস কবি এবং স্বাস্থ্যে আগ্রহী নারীদের শাড়ির আঁচল ঝুলিয়ে হাঁটার ঋতু। মেয়েদের এ মাসে বেশ একটু পেখম দেখিয়ে চলার স্বভাব সংগোপনে সঞ্চারিত থাকে। যেন ঢাকাইয়া বিবিরা বধূরা বেগম সাজতে পারলে আনন্দে ডগমগ করতে থাকে। আসল কথা হলো, নারীদের রঙ-বেরঙের শাড়ি পরার ঋতু ছিল হেমন্ত ঋতু। তবে এ যুগে বাংলাদেশে শাড়ির প্রচলন প্রায় উঠে যেতে বসেছে। এমনকি গাঁয়ের মেয়েরাও শাড়ি ছেড়ে সালোয়ার-কামিজ পরতে আগ্রহী। আমি অবশ্য শাড়ি উঠে যাওয়ার পক্ষপাতী নই। আমার কথা হলো, শাড়ির নাম যদি হয় জামদানি, তাহলে বলতেই হবে রানীর পোশাক। এ পোশাকের প্রকৃতপক্ষে কোনো তুলনা নেই। একসময় মসলিনের কথা শোনা যেত। এখন মসলিন পরার কিংবা মসলিন গড়ার অর্থাৎ তৈরি করার কারিগর আর নেই। মসলিন এখন স্বপ্ন হয়ে গেছে। এককালে নাকি এ দেশের বিবি বেগম এবং বানুরা এ পোশাকে সাজতে পারলে বর্তে যেতেন। আমি অবশ্য শাড়ির পক্ষপাতী এটা সত্য। কিন্তু শাড়ির যুগ পেছনে ফেলে নারীরা অন্য দিকে পা বাড়িয়েছেন। স্কার্ট ও প্যান্ট পরা অর্থাৎ জিন্স পরা মেয়েদেরও আজকাল চোখে পড়ে। তবু স্বাভাবিক বাঙালি নারীর শরম-ভরমের একটা বিষয় আছে। টাইট জিন্স পরে কোনো যুবতী পুরুষের সামনে অসঙ্কোচে দাঁড়াতে পারে না। এখনো ঢাকাইয়া মেয়েদের লজ্জাশরম একেবারে উঠে যায়নি। এখনো তারা কামিজের ওপর একটা দোপাট্টা বা ওড়না ধরে রেখেছেন।

যদিও গানে বলা হয়
‘হাওয়া মে ওড়তা যায়ে,
মেরি লাল দোপাট্টা মল মল…।’
তবু হেমন্তের বর্ণনায় আমাদের প্রাচীন বাংলার ঐতিহ্যের কথা না বললে নিজের পরিবারের কথাই যেন আড়াল করে রেখেছি এমন মনে হয়। আমার মা চাচীরা সন্দেহ নেই সালোয়ার কামিজ পরতেন না। যদিও তারা শহুরে ময়েদের মাঝে কেউ কেউ বেড়াতে এলে মফস্বল শহর বা গ্রামে এ ধরনের পোশাক হয়তো দেখে থাকবেন। তবু তাদের কাছে শাড়িই ছিল নারীর আব্রু। এখনো আমার মা চাচীদের সুন্দর চেহারা চোখের সামনে ভাসলে আমরা তাদের শাড়িতে অবগুণ্ঠিতা গৃহিণী হিসেবে কল্পনা করি। শাড়ি হলো স্বপ্নের পোশাক। একে বলা হয় দশ হাত শাড়িতে নারী বহ্নিশিখা। এই দৃশ্য কবিদের কল্পনা হতে পারে। তবে এই বাস্তবতা আমাদের মনের গোপন গহনে আজো টিকে আছে। তারা গ্রামে গেলে বলা হতো ‘ওমা, ঢাকাইয়া বিবি আসছে।’ কথাটির সাথে সাথে যেন হাসি সংক্রমিত হয়ে দাঁড়িয়ে পড়ত।
আজ বাঙালি নারীরা বিশেষ করে মুসলিম মেয়েরা যে পোশাক পরে, তা তাদের বেশ মানিয়ে গেলেও আমি কবি হিসেবে এতে খানিকটা বেজার ও খুশিমিশ্রিত একটা অবস্থার দোটানায় ভুগি। আমার স্ত্রী মরহুমার কথা যখন আমার মনে পড়ে কিংবা তার চেহারা ও অঙ্গ শৈষ্ঠবের আভরণ কেমন ছিল সেটা যখন চিন্তা করি, তখন শাড়ি ছাড়া আর কিছু ভাবা যায় না। ইতিহাস যেমন ফেরে না, তেমনি ফ্যাশন কিংবা পোশাক-আশাকও পেছন দিকে তাকাতে অভ্যস্ত নয়। তবু আমরা তাকাই, কারণ আমাদের মা চাচীদের কন্যা বধূদের পোশাক ছিল শাড়ি। হায়! কত রকম শাড়িই না ছিল।
তবু হেমন্ত ঋতুকে বর্ণনা করতে গেলে আমার মতো কবির জিভ একটু লালাসিক্ত হয়ে পড়বেই। এটাই স্বাভাবিক। আমি আগেই বলতে চেয়েছি, খেয়ে আনন্দ, পেয়ে আনন্দ। আনন্দের ঋতু হলো হেমন্ত। আজকাল আর বাঙালি মেয়েরা পিঠাপুলি ইত্যাদি তৈরি করতে আগ্রহী নয়। হয়তো কেউ খেতেও চায় না। কিন্তু অতীতে এই ঋতুর খাদ্যই ছিল পুলিপিঠা এবং নানা প্রকার ভর্তা শুঁটকি মিশিয়ে গুড় মাখিয়ে মিষ্টি করে তোলা এক ধরনের পুলি পিঠা। এসব তো এখন আর কেউ খায়ও না। আর হাতের কাছে পায়ও না। যুগ মিশে গেছে কালের কবরে।
তবু হেমন্ত ঋতু তার নামের গুণেই আবর্তিত হয়ে শহরে এবং গ্রামে এসে হাজির হয়। ঢাকার মানুষ অবশ্য পেছনে ফিরে তাকাতে তেমন আগ্রহী নয়। কারণ ঢাকা ধাবমান শহর। চাকা ঘুরছে আর সে দ্রুত চলে যাচ্ছে আধুনিকতার রাস্তা পাড়ি দিয়ে ভবিষ্যতের দিকে। কে তার চাকা থামাবে? চাকা আর থামবে না। কে না জানে এই প্রকৃত সত্য!
কোথায় গেল সেই ঢাকাইয়া কুট্টিরা! সেই বা¹ি চালক। সেই হাস্যোজ্জ্বল মুখ। সেই পুরনো ঢাকা, নবাববাড়ির প্রভাবে আচ্ছন্ন ঢাকাইয়া মানুষ। হয়তো সবই আছে। কিন্তু আমার চোখে আধুনিকতার রঙিন চশমা থাকায় আমি ঠিকমতো দেখতে পাই না। আমি হয়তো সত্যের কেবল একটা পেখম পরা সৌন্দর্য দেখে অভিভূত হয়ে যাই। কিন্তু তবু ঢাকা কোথায় যাবে? ঢাকা আছে ঢাকাতেই। চাকা ঘোরে ঢাকাতেই। সাথে টাকাও ঘোরে এই ঢাকাতেই।
আমি আগেও কোথাও হয়তো বলেছি, ঢাকা কোনো ফাঁকা আওয়াজ নয়। এখনো এই ঢাকা বায়ান্ন সড়ক ও তেপ্পান্ন গলির শহরই আছে। কিন্তু গোলকধাঁধা শব্দটা এখন রাজধানী যুবতী ঢাকাকে মানায় না। ঢাকা এখন রানী সম্রাজ্ঞী বেগম এবং একই সাথে বিবি ও বানু।
কার সাধ্য এই সুসজ্জিতা সম্রাজ্ঞী চিরযুবতী ঢাকার রূপের দিকে এক পলক তাকাতে পারে! তার গয়ে বিদ্যুতের ছটা, পিঠে পরীর ডানা লাগানো। সে কি আর বিবি বেগম বা বানু আছে। এখনতো সে এ দেশের বাঙালি নারীদের প্রকৃত আধুনিক রূপ এবং সাজ পরে কোমর বাঁকিয়ে দাঁড়িয়ে আছে। কার সাহস আছে এই ঢাকার দিকে চোখ তুলে এক পলক তাকায়! তবু ঢাকাকে না দেখলে এ দেশের সবারই বুকে শূন্যতার হাহাকার বেজে ওঠে। সর্বত্র একই কথা, চলো যাই ঢাকা।
হেমন্তে এই ঢাকা যেন আবার শাহজাদী হয়ে যাওয়ার বাসনা পোষণ করে। কিন্তু পূর্ণ যুবতী ঢাকা কি আর এখন তরুণী হতে পারবে? সে তো এক অর্থে সম্রাজ্ঞী বেগম বানু এবং বিবি। এই ঢাকাইয়া বিবির দিকে চোখ তুলে তাকালে এর জন্য হাদিয়া দিতে হয়। পকেট হাতড়ে বের করতে হয় টাকা। যে টাকা চাকা ঘোরায় এবং বেগ সৃষ্টি করে। একই সাথে আবেগ ও আহ্বান ছড়িয়ে দেয় নর-নারীর নিভৃত অন্তরের আলো আঁধারিতে। ঢাকা নিঃশব্দে যেন বলছে, আমাকে দেখো, আমিই চিরকালের বেগম। আমিই চিরকালের বিবি এবং একই সাথে বানু। আমার তুলনা নেই। তবু হে বাংলার কবিরা আমার রূপ বর্ণনা করো। এতেই তোমাদের অন্তরের আকুলতা ব্যক্ত হবে।
হেমন্ত দ্রুত চলে যাচ্ছে। তার পিঠে পরীর পাখনা। দু’চোখে স্বপ্ন এবং ভবিষ্যতের জুড়ি গাড়িতে সে চলে যাচ্ছে। দু’পাশে সোনার টাকা ছড়াতে ছড়াতে। তার গন্তব্য কে জানে। তার রথের ঘোড়ার পিঠে পাখনা আছে। সে ভবিষ্যতের যাত্রী এবং অনাদিকালের চিরসুন্দরী। যদিও আমরা তার নাম দিয়েছি হেমন্ত। হে হেমন্ত তুমি অনন্ত হও। তোমার কোনো শেষ থাকবে না, না শীতে না বসন্তে।