আখাউড়ায় ২৫ হাজার শিশুকে টিকা খাওয়ানো হচ্ছে
আখাউড়া প্রতিনিধি : ‘ভিটামিন এ খাওয়ান, শিশু মৃত্যুর ঝুঁকি কমান’ এ শ্লোগানে শনিবার সকাল থেকে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন এর আওতায় আখাউড়া উপজেলায় শিশুদের টিকা খাওয়ানো শুরু হয়েছে। সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত টিকাদান কর্মসূচি অব্যাহত থাকবে।
জানা গেছে, উপজেলার ১টি পৌরসভা ও ৫টি ইউনিয়নের ১২১টি টিকাদান কেন্দ্রে ০-১১মাস এবং ১-৫ বছরের শিশুদেরকে টিকা খাওয়ানো হবে। এ বছর আখাউড়ায় ২৫ হাজার শিশুকে টিকা খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
সকাল সাড়ে ৮টায় খড়মপুর দক্ষিণ পাড়ায় একটি টিকাদান কেন্দ্রে গিয়ে দেখা যায়, টিকা খাওয়ানোর জন্য অভিভাবকেরা তাদের সন্তানদের নিয়ে এসেছেন। ওই কেন্দ্রের স্বাস্থ্য সহকারী এজাজ আহমেদ শিশুদেরকে টিকা খাইয়ে দিচ্ছেন।
আখাউড়া উপজেলা স্বাস্থ্য পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা ডা: মো. শফিউর রহমান বলেন, উপজেলার ১২১টি কেন্দ্রে প্রায় ২৫ হাজার শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা রয়েছে। সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত এ কার্যক্রম চলবে।











