মুক্তিযুদ্ধ মুক্তিযোদ্ধাদের প্রতি সরকারের দরদ ভাওতাবাজি : রিজভী
হাইকোর্টের রায় থাকায় মুক্তিযোদ্ধা কোটা বাতিল করা সম্ভব নয়। গতকাল জাতীয় সংসদে প্রধানমন্ত্রী দেওয়া এমন বক্তব্যের সমালোচনা করে বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব এ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেন, মুক্তিযুদ্ধ মুক্তিযোদ্ধাদের প্রতি সরকারের দরদ ভাওতাবাজি ছাড়া আর কিছুই নয়। সংসদে প্রধানমন্ত্রীর জাতির উদ্দেশ্যে যে কোন ঘোষনা মানেই সেটি আইনের সমতুল্য এবং তা কার্যকর হতে হবে। সেদিন আপনারা ছাত্রদের তুমুল আন্দোলনের মুখে কোটা বাতিলের কথা কেন বলেছিলেন? তখনতো হাইকোর্টের রায় ছিল। তখন তার মুক্তিযোদ্ধাদের কথা মনে হয়নি।
শুক্রবার সকালে রাজধানীর নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ সমালোচনা করেন।
রিজভী বলেন, আন্দোলনরত শিক্ষার্থীরা কোটা বাতিল চায়নি তারা কোট সংস্কার চেয়েছিল। প্রধানমন্ত্রীর গতকালের বক্তব্যে এটা এখন সুস্পষ্ট যে, তিনি ছাত্র আন্দোলনকে বিভ্রান্ত করতেই সেদিন প্রতারণার আশ্রয় নিয়েছিলেন। মিথ্যা প্রতিশ্রুতি দিয়েছিলেন।
সরকারের হুমকির মুখে ইসির প্রতিরোধহীন আত্মসমর্পন বলে মন্তব্য করে রিজভী বলেন, বিনা ওয়ারেন্টে কাউকে গ্রেফতার করা যাবে না। সরকারের এমন নির্দেশনা থেকে সরে এসেছে নির্বাচন কমিশন (ইসি)। এ সিদ্ধান্ত সরকারের হুমকির মুখে ইসির এই প্রতিরোধহীন আত্মসমর্পন। আগামী নির্বাচনগুলোতে সরকার খুলনা-গাজীপুর মার্কা নতুন মডেলের ভোট সন্ত্রাসের নির্বাচন নির্বিঘœ করতেই ইসি তার আগের সিদ্ধান্ত থেকে সরে আসতে বাধ্য হয়েছে।
তিনি বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর মামলা হামলার হুমকির মুখে নেতাকর্মীদের সিটি করপোরেশন নিজ এলাকার বাহিরে অন্যত্র পালিয়ে বেড়াতে হচ্ছে। সিটি করপোরেশনে গ্রেফতার হিড়িকতো চলছেই। রাজশাহীতে ধানের শীষের প্রার্থী মোসাদ্দেক হোসেন বুলবুল নির্বাচনী অনাচারে লিপ্ত কাশিয়াডাঙ্গা থানার ওসি ও গোয়েন্দা পুলিশের ওসির প্রত্যাহার চাইলেও নির্বাচন কমিশনের স্থানীয় কর্মকর্তারা অভিযোগে কান না দিয়ে আকাশের দিকে চেয়ে থাকেন।
বরিশাল ও রাজশাহীতে সরকারি দলের পক্ষ থেকে কালো টাকার ছড়াছড়ি চলছে অভিযোগ করে বিএনপির এ মুখপাত্র বলেন, অস্বাভাবিক টাকা খরচ দৃশ্যমান হলেও সেখানে নির্বাচনী কর্মকর্তারা মুখে কুলুপ এঁটে বসে আছেন। বরিশালে বিএনপির সমর্থকদের নির্বাচনী প্রচারনায় বাধা দেয়া হচ্ছে। ধানের শীষের পোস্টার ছিড়ে ফেলছে, মাইক ভাঙচুর করছে, সমর্থকদের মারধর করছে।











