আমরা মর্মাহত, বিস্মিত: ফখরুল
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, গতরাতে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আইনজীবী বৃটিশ ‘হাউজ অব লর্ডস’ এর সদস্য লর্ড কার্লাইলকে দিল্লী বিমানবন্দর থেকে ফিরিয়ে দেয়ার খবর জেনে আমরা বিস্মিত হয়েছি। বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক দেশ ভারতে মুক্ত চিন্তা অনুশীলনের সাথে এই ঘটনা সামঞ্জস্যপূর্ণ নয় বলে আমরা মনে করি।
বৃহস্পতিবার এক বিবৃতি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এসব কথা বলেন।
তিনি বলেন, আমরা মনে করি যে, বাংলাদেশের অনির্বাচিত সরকার দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার জন্য অন্যায়ভাবে কারারুদ্ধ করে এদেশে গণতন্ত্র অনুশীলনে যে বাধা সৃষ্টি করেছে তার প্রতিবাদ জানানোর জন্য বিশ্বখ্যাত আইনজীবী লর্ড কার্লাইল দিল্লীতে সংবাদ সম্মেলন করতে চেয়েছিলেন। বাংলাদেশ সরকার তাঁকে ভিসা না দেয়ার কারণেই লর্ড কার্লাইল ভারতে আসতে চেয়েছিলেন। তাঁকে ভারতে প্রবেশ করতে না দেয়ায় আমরা মর্মাহত। আমরা বিশ্বাস করি যে, বাংলাদেশে চলমান স্বৈরতান্ত্রিক দুঃশাসনের বিরুদ্ধে জনগণের অব্যাহত আন্দোলনের প্রতি মুক্ত বিশ্বের সমর্থন থাকবে।











