যে কারণে বিলম্বিত হচ্ছে ছাত্রলীগের নতুন কমিটি
ডেস্ক রিপোর্ট : কোটা সংস্কার আন্দোলনের কারণে ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণায় বিলম্ব হচ্ছে। চলমান এ আন্দোলন সরকারবিরোধী আন্দোলনের প্রেক্ষাপট তৈরি করছে বলে মনে করছেন আওয়ামী লীগ নেতারা।
সরকারের কাছে তথ্য রয়েছে, বিরোধী মহল তাদের সর্বশেষ আন্দোলনটি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকেই করতে চায়। এই সময়ে ছাত্রলীগের কমিটি হলে ছাত্রলীগকে বিতর্কিত করার চেষ্টা করা হবে বিভিন্নভাবে। নিজেদের মধ্যে কোন্দলের চেষ্টায় চতুর্মুখী ইন্ধন আসবে। আবার নেতৃত্ব বঞ্চিত কোনো পক্ষ কোটা আন্দোলনেও জড়িয়ে পড়তে পারে। এজন্য ছাত্রলীগের কমিটি গঠনে সময় নিচ্ছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রধানমন্ত্রীর ঘনিষ্ঠ সূত্রগুলো বলছে, যোগ্যতার মাপকাঠিতে সার্বিকভাবে উত্তীর্ণ না হলেও; মেধাবী কয়েকজন শিক্ষার্থীকে ছাত্রলীগের নেতৃত্বের জন্য পছন্দ করেছেন প্রধানমন্ত্রী। যারা বিশ্ববিদ্যালয়ে ভালো বিষয়ে পড়াশুনা করছেন, এসএসসি ও এইচএসসিতে ভালো ফল করেছেন এবং যাদের পারিবারিক ঐতিহ্য রয়েছে এদের মধ্যে থেকেই কাউকে ছাত্রলীগের দায়িত্ব তুলে দেবেন শেখ হাসিনা।
তবে তার আগে প্রধানমন্ত্রী নিশ্চিত হতে চাইছেন, এরা কেউ লোভে বিক্রি হবে না। আদর্শে অটল থাকবে। কোনো সিন্ডিকেটে জড়াবে না।
জানা গেছে, বিভিন্ন সংস্থার জরিপের আলোকে সভাপতি-সাধারণ সম্পাদক হিসেবে ১০ জনের একটি তালিকা তৈরি করেছেন প্রধানমন্ত্রী। তবে তিনি যেমন প্রার্থী খুঁজছেন, তার সব যোগ্যতা পূরণ করতে পারে এমন কোনো প্রার্থী পাচ্ছেন না প্রধানমন্ত্রী। মন্দের ভালো হিসেবে ১০ জনের তালিকা থেকেই সভাপতি-সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করা হবে।
গত বুধবার পদপ্রত্যাশী ছাত্রলীগ নেতাদের সঙ্গে মতবিনিময় করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, আমি যে নেতৃত্ব নির্বাচন করব তোমরা সবাই তা মেনে নেবে? পদপ্রত্যাশী নেতারা সমস্বরে জানান, প্রধানমন্ত্রীর সিদ্ধান্তই চূড়ান্ত। সূত্র : বাংলাদেশ জার্নাল











