কামারুজ্জামানের ফাঁসি যেকোনো দিন
মানবতাবিরোধী অপরাধের মামলায় ফাঁসির দণ্ডপ্রাপ্ত জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ কামারুজ্জামানের ফাঁসি যে কোনো সময় কার্যকর করা হবে। এজন্যে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার নির্দেশ দেয়া হয়েছে ঢাকা কেন্দ্রীয় কারাগার কর্তৃপক্ষকে। আশুরার ছুটি বিধায় আগামীকাল অফিস খুললে কারাগার কর্তৃপক্ষ এব্যাপারে সবধরনের ব্যবস্থা নিতে শুরু করবে। জামায়াতের বেশ কয়েকজন শীর্ষ নেতাদের বিষয়টি জানিয়ে দেয়া হয়েছে। তবে কামারুজ্জামানের ফাঁসি কার্যকর হলে তার লাশ হস্তান্তর করা হবে শেরপুরে। ঢাকায় তার কোনো জানাযা করতে দেয়া হবে না। লাশের সঙ্গে জামায়াতের নেতা বা স্বজনকে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে যেতে দেয়ার কোনো সুযোগ থাকছে না। এর আগে আজই মঙ্গলবার সকালে কাশিমপুর কারাগার থেকে ঢাকার কেন্দ্রীয় কারাগারে কামারুজ্জামানকে হস্তান্তর করা হয়।
জামায়াতের বিভিন্ন সূত্র বলছে কামারুজ্জামানের পরিবার থেকে সিদ্ধান্ত নেয়া হয়েছে রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষার আবেদন না করার। এরপর দলীয়ভাবে একই সিদ্ধান্ত নেয়া হয়। ফলে তার আইনজীবীরা এ ব্যাপারে কোনো উদ্যোগ নিচ্ছেন না। খুব শীঘ্রই ঢাকা কেন্দ্রীয় কারাগারের পক্ষ থেকে কামারুজ্জামানের কাছে রাষ্ট্রপতির কাছে প্রাণ ভিক্ষার আবেদন ফরম দেয়া হবে। কামারুজ্জামান যদি তা পূরণ করেন তাহলে তা পাঠানো হবে রাষ্ট্রপতির বিবেচনার জন্যে। আর প্রাণভিক্ষা না চাইলে তার ফাঁসি কার্যকর করার ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা সারবে কারাগার কর্তৃপক্ষ। তার স্বজনদের ডাকা হবে কামারুজ্জামানের সঙ্গে শেষ সাক্ষাত করার জন্যে। এর আগে আইনমন্ত্রী আনিসুল হক সাংবাদিকদের জানান, সাতদিনের মধ্যে কামারুজ্জামান রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষার আবেদন না করলে তার ফাঁসি কার্যকর করা হবে।
প্রাণভিক্ষার আবেদনের ব্যাপারে কামারুজ্জামানের বড় ছেলে হাসান ইকবাল সাংবাদিকদের জানান পারিবারিকভাবে এধরনের আবেদন জানানো হবে না। মঙ্গলবার তিনি সাংবাদিকদের বলেন, সরকার যেখানে রায়ের রিভিউ আবেদনের সুযোগ দিচ্ছে না, পূর্ণাঙ্গ রায়ের কপি প্রকাশ করার অপেক্ষা রাখছে না, সেখানে কীভাবে রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষা চাইবেন তিনি।
মঙ্গলবার দুপুর সোয়া দুইটার দিকে কামারুজ্জামানকে বহনকারী গাড়ি কেন্দ্রীয় কারাগারে প্রবেশ করে। এর আগে বেলা পৌনে ১২টার দিকে তাকে গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে ঢাকার পথে পাঠানো হয়। কেন্দ্রীয় কারাগারে কামারুজ্জামানকে রাখা হয়েছে কনডেম সেলে। কামারুজ্জামান কাশিমপুর কারাগারের ‘চল্লিশ সেল’ কনডেম সেলে বন্দি ছিলেন।
গতকাল সোমবার আপিল বিভাগ এক বিভক্ত রায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় কামারুজ্জামানের মৃত্যুদণ্ডাদেশ বহাল রাখে। এর আগে ২০১৩ সালের ৯ মে আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল-২ তাকে মৃত্যুদন্ডাদেশ দেয়।
সোমবার বিকেলে এক জনসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, যুদ্ধাপরাধীদের বিরুদ্ধে আদালতের দেয়া সমস্ত রায় কার্যকর করা হবে। সোমবার রাতে কয়েকটি টেলিভিশনে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের একাধিক প্রসিকিউটর কামারুজ্জামানের বিরুদ্ধে আদালতের দেয়া রায় রিভিউয়ের কোনো সুযোগ নেই বলে জানান। এরপর আজ মঙ্গলবার সকালে কামারুজ্জামানকে ঢাকা কেন্দ্রিয় কারাগারে নিয়ে আসা হয়।
জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ কামারুজ্জামানের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেয়া মৃত্যুদণ্ডের রায় দেয়ার পর তা বহাল রাখে আপিল বিভাগ। আপিল বিভাগের বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন চার সদস্যের বেঞ্চ এ রায় ঘোষণা করেন। বেঞ্চের অপর তিন সদস্য হলেন বিচারপতি মো. আবদুল ওয়াহ্হাব মিঞা, বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী ও বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী। ট্রাইব্যুনালে দাখিলকৃত তৃতীয় অভিযোগে (সোহাগপুর বিধবাপল্লীতে গণহত্যা) মৃত্যুদণ্ড দেয়া হয়েছিল কামারুজ্জামানকে। আপিল বিভাগে চার বিচারপতির বেঞ্চ মৃত্যুদণ্ডের এ রায় বহাল রেখেছেন। এ অভিযোগে তাকে দোষী সাব্যস্ত ও সাজা দেয়ার ক্ষেত্রে আপিল বিভাগ একমত হলেও সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড দেয়া হয় বিচারপতিদের সংখ্যাগরিষ্ঠ মতের ভিত্তিতে। এই রায়ের মধ্য দিয়ে জামায়াত নেতা কামারুজ্জামানের মামলার চূড়ান্ত নিষ্পত্তি হল অপেক্ষাধীন রাখার এক মাস ১৬ দিন পর। এটি আপিল বিভাগে মানবতাবিরোধী অপরাধের মামলায় তৃতীয় রায়।











