বুধবার, ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ভারতীয় হাইকমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন বিএনপির

news-image

কারাবন্দি খালেদা জিয়ার আইনি পরামর্শক লর্ড কার্লাইলের ভারতের ভিসার বিষয়ে ঢাকাস্থ ভারতীয় হাইকমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে বিএনপি। দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, শনিবার একটি জাতীয় দৈনিক পত্রিকায় নয়াদিল্লির একটি উচ্চ পর্যায়ের সূত্র থেকে উদ্ধৃতি দিয়ে সংবাদ প্রকাশিত হয়েছে যে, কার্লাইলকে ভারতে ঢোকার অনুমতি না দিতে জোরালো সুপারিশ পাঠিয়েছে ঢাকাস্থ ভারতীয় হাইকমিশন। তিনি যাতে সেখানে না আসতে পারেন সেজন্য ভারতীয় হাইকমিশনার জোরালো সুপারিশ পাঠাচ্ছেন।

রিজভী বলেন, অদ্ভুত ব্যাপার! যদি ঢাকাস্থ হাইকমিশনের জোরালো সুপারিশের কারণে লর্ড কার্লাইলের ভিসা দেওয়া না হয় তা হলে এটা প্রমাণিত হবে, বেগম জিয়াকে মিথ্যা মামলায় কারাদ- দিতে নেপথ্যে এই হাইকমিশনের ভূমিকা রয়েছে। তাদের এরকম ভূমিকা দুঃখজনক এবং বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে আগ্রাসী হস্তক্ষেপ বলে আমরা মনে করি।

গতকাল রবিবার সকালে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন, বিএনপির কেন্দ্রীয় নেতা শাহজাদা মিয়া, রুহুল কুদ্দুস তালুকদার দুলু, আবদুস সালাম আজাদ, বেলাল আহমেদ প্রমুখ।
আগামী ১৩ জুলাই নয়াদিল্লিতে ফরেন করেসপন্ডেন্ট ক্লাবে বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে মামলা ও কারাদ-ের বিষয়ে সংবাদ সম্মেলনে লর্ড কার্লাইলের বক্তব্য দেয়ার কথা রয়েছে বলেও জানান রিজভী। অভিযোগে করে তিনি বলেন, বাংলাদেশের একটি ভোটারবিহীন সরকারকে টিকিয়ে রাখতে ভারতীয় হাইকমিশনের কর্মকর্তাদের ভূমিকা ঔপনিবেশিক শাসকদের ন্যায় উঠে পড়ে লেগেছে। ঢাকাস্থ হাইকমিশন যদি ঔপনিবেশিক শাসনের গভর্নর হাউজে পরিণত হয়ে বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে হস্তক্ষেপ করতে থাকে তাহলে বুঝতে হবে বাংলাদেশের স্বাধীনতা বিপন্ন ও সার্বভৌমত্ব এখন অতি দুর্বল।

এইচ টি ইমাম চলতি হাওয়ার পন্থি : প্রধানমন্ত্রীর উপদেষ্টা এইচ টি ইমামের বক্তব্যের প্রতিবাদ জানিয়ে রিজভী বলেন, ভারত সফরে গিয়ে এইচ টি ইমাম বলেছেন, বিএনপি ভারতের স্বার্থের বিরুদ্ধে কাজ করে, বিএনপি হচ্ছে চীন ও পাকিস্তানপন্থি। তার এই উদ্ভট বেহায়াপনায় বাংলাদেশিরা হতবাক ও স্তম্ভিত। এরা বিবেক, আত্মমযার্দা, জাতীয়তাবাদের অহংকারসহ সব কিছুকে বির্সজন দিয়ে লক্ষ প্রাণের বিনিময়ে অর্জিত স্বাধীনতাকে অপমানিত করে দিল্লির দরবারে করুণা ভিক্ষা করছেন। এইচ টি ইমাম হচ্ছেন রবীন্দ্রনাথের ভাষায় ‘চলতি হাওয়ার পন্থি’। আপনারা ‘শেষের কবিতা’ উপন্যাসটি যদি পড়ে থাকেন সেখানে ওই কথাটি আছে চলতি হাওয়ার পন্থি।
রিজভী বলেন, শেখ মুজিবুর রহমানের রক্তাক্ত লাশ ডিঙিয়ে আওয়ামী লীগের মন্ত্রিসভার শপথ অনুষ্ঠান পরিচালনা করেছিলেন এই এইচ টি ইমাম।

ভারত বিএনপিকে সুযোগ দেবে না- এইচ টি ইমামের এমন বক্তব্যের প্রতিক্রিয়ায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, এইচ টি ইমাম সাহেবকে বলতে চাই, ভারত সুযোগ দেয়ার কে? বাংলাদেশের মালিক জনগণ। ভারতের এখানে কী করার আছে? কোন দল ক্ষমতায় আসবে তা নির্ধারণ করবে বাংলাদেশের জনগণ।