সিলেট সিটি নির্বাচন, হলফনামায় দেয়া তথ্য ভোটারদের কতটা প্রভাবিত করবে?
সিলেট সিটি নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী বদরুদ্দিন আহমেদ কামরানের সম্পদ গত ৫ বছরে সামান্য কমলেও বেড়েছে বার্ষিক আয়। আর বিএনপির প্রার্থী আরিফুল হক চৌধুরীর সম্পদ যেমন বেড়েছে তেমনি বেড়েছে ব্যাংক দেনা। মনোনয়ন পত্রের সাথে জমা দেওয়া হলফনামা থেকে এসব তথ্য জানা গেছে।
নির্বাচনী হলফনামায় দেওয়া তথ্যে আওয়ামী লীগ প্রার্থী কামরান তার পেশায় লিখেছেন বালু, পাথর সরবরাহকারী এবং কমিশন এজেন্ট। বার্ষিক আয় দেখিয়েছেন প্রায় ২৫ লাখ টাকা। স্থাবর অস্থাবর সম্পতির মূল্য ২ কোটি ২৪ লাখ টাকা। যদিও ২০১৩ সালের নির্বাচনে হলফনামায় দেওয়া তথ্যে তিনি সম্পদ দেখিয়েছিলেন ৫ কোটি ১৬ লাখ টাকা। অর্থাৎ গত ৫ বছরে তার সম্পদ কমেছে। তবে এই সময়ে বেড়েছে তার স্ত্রীর সম্পদের পরিমাণ।
বিএনপির মেয়র প্রার্থী আরিফুল হক চৌধুরীর বার্ষিক আয় দেখিয়েছেন সাড়ে ৭ লাখ টাকা। কিন্তু গত ৫ বছরে তার আয় এবং সম্পদের পরিমাণ বেড়েছে। তবে হলফনামায় দেওয়া তথ্য অনুযায়ী সিপিডির প্রার্থী আবু জাফরের কোনো পেশা বা আয় দেওয়া নেই।
সিলেট জেলা আইনজীবী সমিতি সাবেক সভাপতি ই উ শহিদুল ইসলাম বলেন, সম্পদের বিবরণী হলফনামায় যেটা উল্লেখ করেছেন, এটা আমাদের অত্যন্ত গুরুত্বসহকারে দেখা উচিত। তার কারণ এই সব পদে যারা নির্বাচিত হয়ে যান তাদের অনেকের বিরুদ্ধেই দুর্নীতিসহ ইত্যাদির অভিযোগ উত্থাপিত হয়।
আওয়ামী লীগ প্রার্থীর বিরুদ্ধে এই মুহূর্তে কোনো মামলা বিচারাধীন নেই। তবে আরিফুলের বিরুদ্ধে মামলা রয়েছে ৭টি। স্বতন্ত্র মেয়র প্রার্থী নগর জামাতের আমির একসানোর মাহবুব জুবায়ের ৩৪ মামলার আসামি।
সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার বলেন, প্রার্থীর হলফনামাগুলো চুল ছেড়া ভাবে যাচাই-বাছাই করে দেখে। কেউ যেন ভুল তথ্য দিয়ে বা তথ্য গোপন করে তাদের মনোনয়ন যেনো চূড়ান্ত না হয়।
হলফনামায় বিএনপি প্রার্থী আরিফুল হক চৌধুরী নিজেকে স্ব-শিক্ষিত উল্লেখ করলেও আওয়ামী লীগ প্রার্থী কামরান বলেছেন তিনি এইচ.এস.সি পাশ।
সিলেট সিটি করপোরেশন রিটার্নিং কর্মকর্তা মো. আলিমুজ্জামান বলেন, আমরা আয়-ব্যয়ের হিসেব প্রকাশ করবো, লিফলেট আকারেও প্রকাশ করবো। স্থানীয় পত্রিকার সঙ্গে আলোচনা করা হয়েছে, তারা এইগুলো প্রকাশ করবে, সুতরাং স্থানীয় জনগণ তারা দেখবে এখানে কী গড়মিল আছে, কী না আছে।
নির্বাচনী হলফনামায় দেওয়া তথ্য ভোটারদের কতটা প্রভাবিত করবে তা এখনি বলা কঠিন। সূত্র : চ্যানেল ২৪ টেলিভিশন











