সরকারের পাতানো নির্বাচনে যাবে না বিএনপি
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে কারাবন্দী রেখে সরকারের পাতানো নির্বাচনে যাচ্ছে না বিএনপি। শুক্রবার দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, সরকার ক্ষমতা কুক্ষিগত করে পাতানো নির্বাচনের ইঙ্গিত দিচ্ছে। তবে বিএনপি বেগম খালেদা জিয়াকে ছাড়া নির্বাচনে যাচ্ছে না, আমরা স্পষ্ট করে বলতে চাই সরকারের পাতানো নির্বাচনের কোনো ষড়যন্ত্রই কাজে আসবে না। সকল ষড়যন্ত্রে ফাটল ধরতে শুরু করেছে। নীলনকশার নির্বাচনের ছক জনগণের কাছে পরিষ্কার হয়ে গেছে।
আবারও একটি একতরফা ভোট ডাকাতির নির্বাচন এ দেশের মানুষ হতে দেবে না। শেখ হাসিনার অধীনে বাংলাদেশে কোনো সুষ্ঠু নির্বাচন হয়নি বা হবেও না।
তিনি বলেন, দলীয় সাংসদদের উদ্দেশে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী বলেছেন, আগামী নির্বাচন অংশগ্রহণমূলক ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে এবং আগামী নির্বাচনে বিএনপি আসবে, এটা ধরে নিয়েই দলীয় সাংসদদের প্রস্তুতি নিতে বললেন। আমার প্রশ্ন, আগামী জাতীয় নির্বাচন অংশগ্রহণমূলক, বিএনপি নির্বাচনে অংশ নেবে, এমন তথ্য প্রধানমন্ত্রী কোথায় পেয়েছেন?
প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য রিজভী বলেন, আপনি কোন আধ্যাত্মিক ক্ষমতার জোরে জানতে পারলেন যে আপনার অধীনেই বিএনপি নির্বাচনে আসবে? আপনি তো অবাধ ও সুষ্ঠু নির্বাচনকে লোহার সিন্দুকে আটকে রেখেছেন। বর্তমানে দেশে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের কোনো পরিবেশ নেই তা আপনার কি জানা নেই।











