কোটা সংস্কার আন্দোলন: ১৬টি বিকাশ ও ৫টি রকেট অ্যাকাউন্ট থেকে টাকা আসছে
আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, কোটা আন্দোলনের অপ্রীতিকর ঘটনাগুলোর জন্য ছাত্রলীগের উপর দায় চাপানোর কোনো সুযোগ নেই। ছাত্রলীগ সাংগঠনিকভাবে এটি করে নাই। কোটার পক্ষের যেমন লোকজন আছে তেমন কোটার বিপক্ষেও লোকজন আছে। দুই পক্ষের সাথে কোনো অপ্রীতিকার ঘটনা হলে সেখানে পুলিশ হস্তক্ষেপ হতে পারে।
বৃহস্পতিবার (৫ জুলাই) দুপুরে আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডিস্থ রাজনৈতিক কার্যালয়ে প্রচার ও প্রকাশনা উপ-কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন।
হাছান মাহমুদ বলেন, কোটার আন্দোলন নিয়ে এখনো রাজনৈতিক উত্তাপ ছড়ানো প্রচেষ্টা রয়েছে। ১৬টি বিকাশ এবং ৫টি রকেট একাউন্ট থেকে কোটা আন্দোলনকারীদের কাছে টাকা আসছে। এটি নিছক কোটার আন্দোলন না রাজনৈতি যুক্ত হয়ে গেছে। এদের উদ্দেশ্য কী? এরা কারা? সরকার সুরাহ করার ব্যাপারে অত্যন্ত যত্নশীল। প্রধানমন্ত্রী সংসদে বক্তব্য রেখেছেন। ইতোমধ্যে কমিটি গঠন করা হয়েছে। এরপরও আমরা যে দেখতে পারতেছি, রাজনৈতিক উত্তাপ ছড়ানোর প্রচেষ্টা আছে। বিএনপির নেতাদের সাথে কোটা আন্দোলনকারীদের সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন কথোপকথন প্রকাশ হয়েছে।
তিনি আরও বলেন, আমরা প্রেসক্লাবের সামনে দেখলাম সাধারণ নাগরিকের ব্যানারে একটি সমাবেশ করার হয়েছে। এ সমস্ত সাধারণ নাগরিকরা যখন বাংলাদেশে প্রেট্রোল বোমা দিয়ে মানুষ হত্যা করা হয়েছিল তাদের তখন দেখি নাই। তখন তারা কোথায় ছিলো? কোটা সংস্কার আন্দোলনে যখন অপ্রীতিকার ঘটনা ঘটলো। তথন তারা ঘর থেকে বের হয়ে প্রেসক্লাবের সামনে হাজির হলো। হাজার হাজার কোটি টাকার সম্পত্তি নষ্ট করলো। তখন তারা কোথায় ছিলো? তখন তো তাদের দেখা যায়নি?
আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা উপ-কমিটির বৈঠকে আরো উপস্থিত ছিলেন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আব্দুস সোবহান গোলাপ, আওয়ামী লীগের, আওয়ামী লীগের উপ-কমিটির প্রকাশনা সম্পাদক কামরুল ইসলাম, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আকতার হোসেন প্রমুখ।











