বুধবার, ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শামীম-আইভীর ‘ঝগড়া’ না থামাতে পারার ব্যর্থতা স্বীকার করলেন সেলিম

news-image

ছোটভাই সাংসদ শামীম ওসমান ও মেয়র সেলিনা হায়াৎ আইভী সম্পর্কে সংসদ সদস্য সেলিম ওসমান বলেন, ‘আজকে সিটি করপোরেশনের সব কাউন্সিলর এখানে এসেছেন তাদের সমস্যা নিয়ে। আমি ব্যর্থ হয়েছি আমার ছোটভাই ও ছোট বোনের ঝগড়া থামাতে।’

মঙ্গলবার বিকালে তাকে দেয়া এক সংবর্ধনায় সেলিম ওসমান এই ব্যর্থতার দায় স্বীকার করেন সেলিম ওসমান। তিনি শামীম ওসমানের বড়ভাই এবং জাতীয় পার্টি থেকে নির্বাচিত সংসদ সদস্য।

এমপি সেলিম ওসমানের নির্বাচনী এলাকার প্রায় সব জনপ্রতিনিধি মিছিল নিয়ে সেলিম ওসমানের সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত হন। এতে সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি খালেদ হায়দার খান কাজল।

সেলিম ওসমান চেম্বার অব কমার্সের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে এবং উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে বলেন, ‘আমার এমপি হওয়ার ইচ্ছা কখনোই ছিল না। নারায়ণগঞ্জের মানুষের প্রয়োজনেই আমি নির্বাচনে এসেছিলাম। আমার বড় ভাই নাসিম ওসমানের রেখে যাওয়া কাজগুলো সম্পন্ন করতেই নির্বাচন করেছিলাম। চার বছরে নারায়ণগঞ্জের মানুষের জন্য সর্বোচ্চ চেষ্টা দিয়ে কাজ করেছি। শিক্ষাখাতে ব্যাপক উন্নয়নের চেষ্টা করেছি।’

সেলিম ওসমান বলেন, ‘গত কয়েক দিন আগে বন্দরের একটি স্কুলে গেলাম। সেখানে গিয়ে বাচ্চাদের জিজ্ঞাসা করলাম বলো তো আমার মার্কা কী? একজন বললো লাঙ্গল, আরেকজন বললো নৌকা, আরেকজন বললো ধানের শীষ, আরেকজন বললো আনারস। আমি বলি আমার মার্কা সব। আমি জনগণের খাদেম। জনগণের খাদেম হয়ে জনগণের সেবা করতে চাই। কারণ আমি সবার।’

একেএম সেলিম ওসমানের সংবর্ধনার আয়োজন করে নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি। সেখানে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টিসহ বিভিন্ন রাজনৈতিক সামাজিক সংগঠন ও ব্যবসায়ী সংগঠনের নেতারা। তারা বক্তব্যে আবারও সেলিম ওসমানকে এই আসনের এমপি হিসেবে দেখতে চান বলে জানান।

মঙ্গলবার বিকালে নারায়ণগঞ্জ শহরের খানপুর এলাকায় নির্বাচনে বিজয়ের চার বছর পূর্তিতে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। সংবর্ধনার শ্লোগান ছিল ‘দল যার যার সেলিম ওসমান সবার’। এতে সব দলের নেতাকে দাওয়াতও করা হয়।

২০১৪ সালের ৫ জানুয়ারি নির্বাচনে নারায়ণগঞ্জ-৫ (শহর-বন্দর) আসনে মহাজোটের শরিক দল জাতীয় পার্টি থেকে এমপি নির্বাচিত হন সেলিম ওসমানের বড়ভাই প্রয়াত নাসিম ওসমান। ওই বছরের ৩১ এপ্রিল নাসিম ওসমান মৃত্যুবরণ করেন। পরে ২৬ জুন উপনির্বাচনে মহাজোটের প্রার্থী হিসেবে সেলিম ওসমান এমপি নির্বাচিত হন।

সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁও) আসনের জাতীয় পার্টির সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা, নারায়ণগঞ্জ সংরক্ষিত নারী আসনের এমপি অ্যাডভোকেট হোসনে আরা বেগম বাবলী, বিএনপির সাবেক এমপি মোহাম্মদ আলী, সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগ সভাপতি মজিবুর রহমান, মহানগর বিএনপির সহ-সভাপতি আতাউর রহমান মুকুল, সাংগঠনিক সম্পাদক শওকত হাশেম শকু প্রমুখ।