বুধবার, ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

গাজীপুরেও ভোট ডাকাতির রেকর্ড গড়তে প্রস্তুত ইসি : রিজভী

news-image

নিজস্ব প্রতিবেদক: খুলনায় শুধু না, গাজীপুরেও ভোট ডাকাতির সর্বোচ্চ রেকর্ড গড়তে নির্বাচন কমিশন (ইসি) ও প্রশাসনের কর্মকর্তারা প্রস্তুতি নিয়ে রেখেছে বলে জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

আজ সোমবার বেলা সাড়ে ১১টায় রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন তিনি এ কথা বলেন।

রিজভী বলেন, ‘কয়েক দিন আগে গাজীপুর সিটি করপোরেশন নির্বাচন নিয়ে প্রধান নির্বাচন কমিশনার বলেছিলেন গাজীপুরে খুলনার ঘটনার পুনরাবৃত্তি ঘটবে না। তার মানে খুলনায় নির্বাচন নিয়ে ব্যাপক কারচুপি ও ভোট সন্ত্রাসের যে অভিযোগ করা হয়েছে তার বক্তব্যে সেটিই প্রমাণিত হলো এবং এই ভোট কারচুপি ও অনিয়ম কমিশন ঠেকাতে পারেনি।’

বিএনপির এই নীতি নির্ধারক বলেন, ‘আগামীকাল (মঙ্গলবার) গাজীপুর সিটি করপোরেশনে যে ভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে সেখানে জনগণ অবাধে পছন্দানুযায়ী প্রার্থীকে ভোট দিতে পারবে এমন কোন পরিবেশ এখনও দৃশ্যমান নয়। জনগণের মধ্যে ভোট নিয়ে উদ্বেগ ও আশঙ্কা আরও গভীরতর হচ্ছে।’

তিনি অভিযোগ করেন, ‘গাজীপুরে সুষ্ঠু নির্বাচনের প্রধান অন্তরায় হয়ে দাঁড়িয়েছে পুলিশ ও অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনী। এখন পর্যন্ত যতটুকু খবর আমাদের কাছে এসেছে তাতে গাজীপুরে বাছাই করে করে দলবাজ পুলিশ কর্মকর্তাদের নিয়োগ দেওয়া হয়েছে। তবে আমাদের বিশ্বাস সকল বাধা বিপত্তিকে অতিক্রম করে ভোটাররা কেন্দ্রে ভোট দিতে আসবেন।’

তবে ভোট যদি কিছুটা সুষ্ঠু ও অবাধ হয় তাহলে ধানের শীষের বিজয় ঠেকাতে পারবে না বলেও উল্লেখ করেন বিএনপির এ নেতা।

রিজভী আরও বলেন, ‘গতকাল রোববার রাতে গাজীপুরে বিএনপির নির্বাচন পরিচালনার দায়িত্বে নিয়োজিত ১১নং ওয়ার্ড যুবদল সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সবুজ ও ৪৭ নং ওয়ার্ড যুবদল সভাপতি আমজাদ হোসেন জনাসহ ১৩ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।’