বায়তুল মোকাররমে গোলাম আযমের জানাজা সম্পন্ন
মানবতাবিরোধী অপরাধে ৯০ বছরের সাজাপ্রাপ্ত জামায়াত নেতা গোলাম আযমের জানাজা সম্পন্ন হয়েছে।শনিবার বাদ জোহর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে তার জানাজা অনুষ্ঠিত হয়। তার ছেলে আবদুল্লাহিল আমান আযমী বাবার জানাজা পড়িয়েছেন। এর আগে তার লাশ বেলা ১টার সময় বায়তুল মোকাররমে পৌঁছায়।
এদিকে গোলাম আযমের জানাজায় অংশ নিতে সারা দেশ থেকে হাজার হাজার নেতা-কর্মী বায়তুল মোকাররমে আসেন। তাদের বায়তুল মোকাররম মসজিদসহ এর আশপাশে বিস্তৃত এলাকাজুড়ে থাকতে দেখা গেছে। বায়তুল মোকাররমের দক্ষিণ গেট থেকে মওলানা ভাসানী স্টেডিয়াম পর্যন্ত দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকতে দেখা যায় তাদের।
জানাজা শেষে তার লাশ রাজধানীর মগবাজারে কাজী অফিস লেনে তাদের পারিবারিক কবরস্থানে নিয়ে যাওয়া হচ্ছে। গোলাম আযমের শেষ ইচ্ছা অনুযায়ী তাকে সেখানে দাফন করা হবে।
গোলাম আযমের জানাজায় জামায়াতের নায়েবে আমির অধ্যাপক মজিবুর রহমান, কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য তাসনীম আলম, ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের, জামায়াতের আইনবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট জসিম উদ্দিন সরকার, সহকারী প্রকাশ সম্পাদক অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ, জামায়াতের কেন্দ্রীয় নেতা সেলিম উদ্দিন, শিবিরের সেক্রেটারি জেনারেল আতিকুর রহমান উপস্থিত ছিলেন।
এর আগে শনিবার বেলা ১২টা ১৫ মিনিটে গোলাম আযমের মরদেহ জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে জানাজার জন্য মগবাজারের বাসা থেকে আলিফ মেডিকেলের লাশবাহী গাড়িতে করে বায়তুল মোকাররমের দিকে নেয়া হয় ।
গোলাম আযমের জানাজায় অংশ নিতে রাজধানীর বায়তুল মোকাররমে দলীয় নেতাকর্মী, ভক্ত, অনুরাগী ও শুভনুধ্যায়ীদের জমায়েত করে । বেলা বাড়ার সঙ্গে সঙ্গে জাতীয় এ মসজিদের দক্ষিণ ও উত্তর গেট এলাকায় জড়ো হচ্ছেন জানাজায় আগ্রহীরা।
জানাজা শুরুর আগে থেকেই দলে দলে তরুণ-যুবক-বৃদ্ধরা আসতে শুরু করে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে। গোলাম আযমের জানাজায় অংশ নিতে আসা মুসল্লীদের অভিযোগ, তাদের পথে পথে বাধা দেয়া হচ্ছে।
মানিকগঞ্জ থেকে আগত রাজিব বলেন, ‘গোলাম আযমের জানাজায় চাঁদপুর, নোয়াখালী, লক্ষ্মীপুর, কুমিল্লা, বরিশালসহ দেশের বিভিন্ন জেলা থেকে স্বপ্রণোদিত হয়ে তার জানাজায় অংশ নিতে আসছেন। কিন্তু পথে পথে পুলিশের বাধার কারণে কিছু লোক আসতে পারছেন না।
তিনি আরো বলেন, ‘প্রশাসন যদি বাধা না দিত তাহলে সারা রাজধানীর অলিতে গলিতে লোকে লোকারণ্য হওয়ার সম্ভাবনা ছিল।
মোহাম্মদপুর থেকে আগত ঢাকা কলেজের ছাত্র সারোয়ার বলেন, ‘যুদ্ধাপরাধে অভিযুক্ত গোলাম আযমের নয় তিনি ভাষাসৈনিক গোলাম আযমের জানাজায় অংশ নিতে আসছেন।
গোলাম আযমের জানাজায় অংশ নিতে অনেককে ট্যাক্সিক্যাব, অটোরিকশা যোগে বিভিন্ন এলাকা থেকে আসতে দেখা গেছে।
বায়তুল মোকাররম এলাকায় জানাজাকে কেন্দ্র করে বাড়ানো হয়েছে নিরাপত্তাও। মসজিদের উত্তর গেট, দৈনিক বাংলা, পল্টন মোড়, প্রেসক্লাবসহ আশপাশের এলাকায় রয়েছে বিপুল সংখ্যক পুলিশ, র্যাব ও গোয়েন্দা সংস্থার লোকজন।
সরেজমিনে দেখা গেছে, ওই এলাকায় পুলিশের রায়ট কার, সাজোয়াযান রাখা হয়েছে। যেকোনও পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত রয়েছে আইনশৃংখলাবাহিনী। অন্যদিকে ঢাকা ও ঢাকার বাইরে থেকে আগতরা বায়তুল মোকাররমের ভেতরে অবস্থান করছেন। প্রচণ্ড তাবদাহ থাকায় আপাতত সবাই মসজিদের ভেতরে ও ছায়ালগ্ন জায়গাগুলোয় অবস্থান নিয়েছে।
মসজিদের ভেতরে জামায়াতের মহানগর নেতা মোবারক হোসাইনকে দেখা গেছে। জানতে চাইলে তিনি বলেন, ‘জানাজা উত্তর অথবা দক্ষিণ গেটের ঠিক কোথায় হবে, এটি এখনও সিদ্ধান্ত চূড়ান্ত হয়নি। দেখছি। জানাব।
তবে বায়তুল মোকাররমের দক্ষিণ গেট এলাকা দিয়ে গোলাম আযমের ভক্তদের প্রবেশ সবচেয়ে বেশি লক্ষ্য করা গেছে। এখন পর্যন্ত ভিন্ন রাজনৈতিক দলের কাউকে দেখা যায়নি।
জামায়াতের এক কর্মী আশা প্রকাশ করেন, জোহরের নামাজের সময়ই সহধর্মী রাজনৈতিক দলের নেতারা জানাজাস্থলে আসবেন।











