বিএনপির রাজনীতি এখন খালেদার হাঁটুর ব্যথায় আটকে গেছে : হাছান মাহমুদ
ডেস্ক রিপোর্ট : কারাগারে যাওয়ার পর বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের উন্নতি হয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ এমপি। তিনি বলেন, ‘জেলে যাওয়ার আগে আমরা দেখতে পেতাম, বেগম খালেদা জিয়াকে হাত ধরে গাড়ি থেকে নামানো হতো, আবার হাত ধরে গাড়িতে ওঠানো হতো। কিন্তু তার স্বাস্থ্য পরীক্ষার জন্য যখন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে গিয়েছিলেন, তখন তিনি কারো হাত ধরা ছাড়াই গাড়ি থেকে নেমেছেন, আবার হাত ধরা ছাড়াই গাড়িতে উঠলেন। এতে স্বাভাবিকভাবেই মনে হয়, কারাবন্দি হওয়ার পর ওনার স্বাস্থ্য ভাল হয়েছে।’
শুক্রবার দুপুর ১২টার দিকে চট্টগ্রাম প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এসব মন্তব্য করেছেন তিনি।
কারাগারে বেগম খালেদা জিয়ার স্বাস্থ্য সেবার বিষয়ে ড. হাছান মাহমুদ বলেন— ‘কারাগারে তার স্বাস্থ্যসেবার জন্য সার্বক্ষনিক একজন মহিলা নার্স, একজন পুরুষ নার্স এবং একজন চিকিৎসক আছেন। প্রতিদিন চিকিৎসক তার স্বাস্থ্য পরীক্ষা করেন। সপ্তাহে কিংবা দশদিন পরে তার ব্যক্তিগত চিকিৎসক স্বাস্থ্য পরীক্ষা করেন। এখন যে ওষুধগুলো খাচ্ছেন, সেগুলো তার ব্যক্তিগত চিকিৎসকের প্রেসক্রাইভ করা। এই নিয়ে রাজনীতি করা মানায় না।
খালেদা জিয়ার হাঁটু ব্যাথা আর কোমর ব্যাথায় বিএনপির রাজনীতি আটকা পড়েছে বলেও মন্তব্য করেছেন ড. হাছান মাহমুদ। তিনি বলেন— বিএনপির এখন সমস্ত মাথা ব্যাথা বেগম জিয়ার স্বাস্থ্য আর হাঁটু ও কোমরের ব্যাথা নিয়ে।
ড. হাছান মাহমুদ বলেন ‘সরকারের নানামূখী পদক্ষেপের কারণে দেশের মানুষ এবার নির্বিঘ্নে ঈদযাত্রা করতে পারছেন। যে সকল সড়কে সমস্যা রয়েছে, সেসব সড়কে মেরামতের কাজ দ্রুতই চলেছে।’
তিনি বিএনপির রাজনীতির বিষয়ে বলেন— দেশের মানুষের স্বাস্থ্যসেবা ও উন্নয়নের বিষয় তাদের কোন মাথা ব্যাথা নেই। তাদের রাজনীতি আটকা পড়েছে বেগম জিয়ার হাঁটু ব্যাথা আর কোমর ব্যাথায়। তিনি বলেন, বেগম জিয়ার হাঁটুর ব্যাথা ধীর্ঘ দিনের সমস্যা। কিন্তু এই ব্যাথা নিয়ে তিনি বিএনপির যত নোঙরা রাজনীতিতে মেতে উঠেছে।
তিনি বলেন— আমরা দেখতে পেলাম বিএনপির সিনিয়র নেতা খন্দকার মাহবুব হোসেন ক’দিন আগে বক্তব্য দিয়েছেন, বেগম জিয়াকে প্যারোলো মুক্তি দেয়ার জন্য। তাহলে কি তারা বেগম জিয়াকে পালানোর সুযোগ করে দেয়ার চেষ্টার কথা বলছেন?
তারেক রহমান মুচলেকা দিয়েছিলো আমরা দেখেছি। তিনি আর কখনো রাজনীতি করবেন না বলে সেই মুচলেকায় বলেছেন। তিনি কিন্তু ইংল্যান্ডে গিয়ে রাজনীতি শুরু করেছেন। খন্দকার মাহবুব হোসেনের বক্তব্য হচ্ছে বেগম জিয়াকে প্যারোলের কথা বলে পালানোর সুযোগ দেয়ার জন্য।
সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল, উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক আমিনুল ইসলাম, চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম জেলা পরিষদ চেয়ারম্যান এম এ সালাম, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোসলেম উদ্দিন আহমেদ ও সাধারণ সম্পাদক মফিজুর রহমান, কেন্দ্রীয় যুবলীগের সাংগঠনিক সম্পাদক মো. বদিউল আলমসহ আরো অনেকে। পরিবর্তন











