ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে সরকারী পুকুর ভরাট করছে প্রভাবশালীরা
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে সরকারী দুটি প্রতিষ্ঠান ও একটি মাদ্রাসার জায়গায় একটি পুকুর জোর করে ভরাট করছে স্থানীয় একটি প্রভাবশালীরা। অভিযোগ রয়েছে পরিবেশ অধিদপ্তরের বাধাও মানছেনা তারা। সরকারী যেসব প্রতিষ্ঠানের মালিকানা রয়েছে পুকুরটিতে তারাও ভরাটে ইতিমধ্যে লিখিত ভাবে আপত্তি জানিয়েছেন। কিন্তু ভরাট বন্ধ হচ্ছেনা অজ্ঞাত কারনে। ২১/২২ জনের চক্রটি একটি কমিটি করে চালানো হচ্ছে এই ভরাট। তাদের মধ্যে সুপার ফাইভ নামে পরিচিত স্থানীয় ৫ প্রভাবশালী এই ভরাটে মুল দায়িত্ব পালন করছেন।
সরজমিনে জানা যায় উপজেলার চরচারতলা উত্তরপাড়া পুকুরটিতে মোটা পাইপ দিয়ে বালি মাটি ফেলা হচ্ছে। প্রায় আধা কিলোমিটার পশ্চিম দিকে মেঘনা নদীর পাড়ে বালুর নৌকা থেকে দুটি পাইপে করে বালু এনে ফেলা হচ্ছে পুকুরে। খোজ নিয়ে আরও জানা যায় সম্প্রতি চরচারতলা উত্তরপাড়া কবরস্থান কমিটি তাদের নিজস্ব ডোবা ভরাট করার অনুমতি চেয়ে উপজেলা প্রশাসনের কাছে আবেদন করে। এর প্রেক্ষিতে উপজেলা প্রশাসনের সহকারী কমিশনার (ভ‚মি) মোসাম্মৎ শাহিনা আক্তার তার অফিসের সার্ভেয়ার দিয়ে চরচারতলা মৌজার ১৭৫১ দাগের ভ‚মির যোলাআনা মালিকানা নিরূপন করে একটি প্রতিবেদন দেন । যাতে দেখা যায় পুকুরটিতে ১৫ শতক জায়গার মালিক সরকারের পক্ষে খাদ্য মন্ত্রনালয়,৩৬ শতক জায়গার মালিক বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাষ্ট্রি কর্পোরেশন,উত্তরপাড়া কবরস্থান কমিটি ১০শতক এবং চরচারতলা ইসলামিয়া দাখিল মাদ্রাসা ৩০ শতক জায়গার মালিক। এর আগে কবরস্থানের উন্নয়ন,মৃত ব্যাক্তিদের দাফন ও জানাযার নামাজের স্থান সংকুলানের সমস্যা নিরসনে ৪ঠা মে এক সভায় কবরস্থান কমিটি পুকুরটিতে থাকা তাদের অংশ ভরাট করার সিদ্ধান্ত নিয়ে আবেদন করে উপজেলা প্রশাসনের কাছে। এরপরই স্থানীয় প্রশাসন সেটির মালিকানার অংশ চিহ্নিত করে সীমানা নির্ধারন করে দেয়। কিন্তু সরজমিনে দেখা গেছে ১০ শতকের ভরাটের কথা বলে পুরো পুকুরই ভরাট করে ফেলা হচ্ছে।
গত মে মাসের শুরুতে পুকুর ভরাটের কাজ শুরু হলে মোহাম্মদ লাল মিয়া সরকার নামের একজন মুক্তিযোদ্ধার আবেদনের প্রেক্ষিতে পুকুর ভরাট বন্ধ করে দেন জেলা প্রশাসক। এর মধ্যে খাদ্য অধিদপ্তর ও বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাষ্ট্রি কর্পোরেশন আলাদা আবেদনে তাদের জায়গা ভরাট করে ফেলা হচ্ছে বলে অভিযোগ করে। কয়েক দিন বন্ধ থাকার পর সপ্তাহ খানেক আগে আবার ভরাটের কাজ শুরু হয়। স্থানীয় একাধিক সূত্র জানিয়েছে পুকুর ও কবর স্থানের পশ্চিমাংশ আইসিটি টার্মিনাল হবে। এটিকে লক্ষ্য করেই কবরস্থান উন্নয়নের নামে পুকুর ভরাট করে সেখানে মার্কেট করার পরিকল্পনা করে স্থানীয় প্রভাবশালীরা।
এ জন্য তারা ২১ জনের একটি কমিটিও করে। তবে সুপার ফাইভ নামে পরিচিত ৫ প্রভাবশালী এই ভরাটের মুল দায়িত্বে পালন করছেন বলে জানান জালাল মিয়া নামে এই কমিটির একজন সদস্য। বালু ব্যবসায়ী জালাল জানান সাবেক ইউপি চেয়ারম্যান ও আ.লীগ নেতা আইয়ুব খান সুপার ফাইভের আহবায়ক। বাকী ৪জন হচ্ছেন শফিক ব্রাদার্সের শফিকুর রহমান, টুক্কু মিয়া, উপজেলা বিএনপি’র সাবেক সাধারন সম্পাদক জাকির হোসেন ও মাওলানা মহিউদ্দিন মোল্লা। সুপার ফাইভের আহবায়ক সাবেক ইউপি চেয়ারম্যান আইয়ুব খান দাবী করেন উপজেলা নির্বাহী কর্মকর্তার অনুমতি নিয়েই তারা ভরাট করছেন। তাছাড়া আ.লীগের নেতারাও তাকে বলছেন পুকুর ভরাট করার জন্য। অন্যায় কিছু করে থাকলে আমরা তা বন্ধ করে দেব। বিএনপি নেতা জাকির হোসেন বলেন একটি উন্নয়ন কমিটি করা হয়েছে। এর আহবায়ক আইয়ুব খান,সদস্য সচিব হাজী শফিকুর রহমান,বালু ব্যবসায়ী জালাল,আবদুল হাশিম তারাই এটা ভরাট করছে। ভরাটের বিষয়ে আমি অবগত নই। আমি অবৈধ কোন কাজ কর্মের সঙ্গে জড়িত নয়। কবরস্থানের জায়গা ভরাট করছে জানি। কতদূর ভরাট করছে তা আমরা জানিনা।
এই ব্যাপারে পরিবেশ অধিদপ্তরে ব্রাহ্মণবাড়িয়ার সহকারী পরিচালক মোসাব্বের হোসেন মো. রাজিব জানান ভরাট শুরু করার পরই আমি তাদের নোটিশ করি। তারা যে জায়গা ভরাট করছে সেখানে আশুগঞ্জ সারকারখানা ও খাদ্য অধিদপ্তরের সাইলোর জায়গা রয়েছে। তারা তাদের জায়গা ভরাট করার অভিযোগ করেছেন। তবে আশুগঞ্জ সারকারখানা উপ-মহা ব্যবস্থাপক (প্রশাসন) আবদুল্লাহ আল বাকী জানান পুকুরে আমাদের জায়গা রয়েছে। তাদেরকে বাধা দিলে তারা আমাদের বলে আপনাদের জায়গা আমরা ভরাট করছি না। এলাকার লোকজন সবাই ওদের পক্ষে। তবে আশুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌসুমী বাইন হীরা জানান পুকুর ভরাটের অনুমতি দেয়ার এখতিয়ার তার নেই।
এই ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক রেজওয়ানুর রহমান জানান কেউ তাদেরকে জলাশয় ভরাট করার অনুমতি দেয়নি। আমি সারকারখানা এবং সাইলো কর্তৃপক্ষকে বলেছি তাদের জায়গা তাদেরকে রক্ষা করতে হবে। ইউএনও তাদেরকে এই ব্যাপারে চিঠি দিয়েছেন।











