মুনাফার টাকায় চড়া দামে বাণিজ্যিক ভবনের জায়গা
নিজস্ব প্রতিবেদক:চলতি মূলধন ও ব্যাংকঋণ পরিশোধের জন্য শেয়ারবাজার থেকে প্রায় ৮৪ কোটি টাকা সংগ্রহ করেছে বস্ত্র খাতের কোম্পানি প্যারামাউন্ট টেক্সটাইল। গত বছরের ১ থেকে ১৪ সেপ্টেম্বর প্রাথমিক গণপ্রস্তাব বা আইপিওর মাধ্যমে এ অর্থ সংগ্রহ করা হয়। একই বছরের নভেম্বর থেকে শেয়ারবাজারে এটির লেনদেন শুরু হয়।
আইপিওর মাধ্যমে সাধারণ বিনিয়োগকারীদের কাছ থেকে পুঁজি সংগ্রহের এক বছর না যেতেই কোম্পানিটি এখন ‘সোনার চেয়েও অধিক মূল্যে’ বাণিজ্যিক জায়গা কিনছে। রাজধানীর গুলশানের মাদানি সড়কে বেসরকারি একটি আবাসন নির্মাতাপ্রতিষ্ঠানের ভবনে প্রায় ৪২ কোটি সাড়ে ছয় লাখ টাকায় ছয়টি গাড়ি রাখার সুবিধাসহ সাত হাজার ২৪৮ বর্গফুট জায়গা কিনছে। তাতে প্রতি বর্গফুট জায়গার দাম পড়েছে প্রায় ৫৮ হাজার টাকা। এরই মধ্যে প্রায় ১২ কোটি ৬২ লাখ টাকা পরিশোধও করা হয়েছে। বাকি টাকা ১৪টি কিস্তিতে পরিশোধ করার কথা জানিয়েছে কোম্পানিটি।
তালিকাভুক্ত কোম্পানি হিসেবে আইনি বাধ্যবাধকতার অংশ হিসেবে সম্প্রতি কোম্পানিটির উচ্চমূল্যে জায়গা কেনার এ তথ্য দেশের দুই স্টক এক্সচেঞ্জে প্রকাশ করা হয়েছে। এ তথ্য প্রকাশ হওয়ার পর থেকে বিনিয়োগকারী ও শেয়ারবাজারসংশ্লিষ্ট ব্যক্তিদের মধ্যে এ নিয়ে নানা প্রশ্ন উঠেছে। তাঁরা অনেকে এ ঘটনাকে বিনিয়োগকারীদের সঙ্গে প্রতারণা বলে মত দিয়েছেন।
এদিকে কোম্পানির প্রকাশিত তথ্য বিশ্লেষণ করে দেখা যায়, কোম্পানিটি জায়গা কেনার পেছনে যে অর্থ ব্যয় করছে তা আইপিওতে সংগৃহীত পুঁজি বা মূলধনের অর্ধেক। বাজারসংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, যে কোম্পানি মাত্র কিছুদিন আগে ব্যাংকঋণ পরিশোধ ও চলতি মূলধন হিসাবে টাকা সংগ্রহ করেছে তালিকাভুক্তির পর সেটি এখন মূল ব্যবসার পরিবর্তে অন্য খাতে বিপুল অর্থ বিনিয়োগ করছে।
এ বিষয়ে যোগাযোগ করা হলে কোম্পানির প্রধান অর্থ কর্মকর্তা (সিএফও) মোহাম্মদ আমিনুল ইসলাম প্রথম আলোকে জানান, নিজেদের কার্যালয় স্থাপনের জন্য এ জায়গা কেনা হয়েছে। কোম্পানির পুঞ্জীভূত লাভের টাকায় এ জায়গা কেনা হচ্ছে। আমিনুল ইসলাম আরও জানান, এ জায়গা কেনার ফলে কোম্পানির সম্পদ বাড়বে। যার সুফল পাবেন বিনিয়োগকারীরাও।
জানতে চাইলে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বাণিজ্য অনুষদের িডন মোহাম্মদ মূসা প্রথম আলোকে জানান, বস্ত্র খাতের একটি কোম্পানির ৪২ কোটি টাকা আবাসন খাতে বিনিয়োগের সিদ্ধান্ত মোটেই বিনিয়োগকারীদের স্বার্থের পক্ষে হতে পারে না। যে কোম্পানি তালিকাভুক্তির এক বছর পার না হতেই ৪২ কোটি টাকা খরচ করে বাণিজ্যিক জায়গা কেনে, সেখানে নিশ্চিতভাবে প্রশ্ন দেখা দেয় তাহলে আইপিওতে কোম্পানিটির ৮৪ কোটি টাকা সংগ্রহের আদৌ কোনো দরকার ছিল কি না?
জানা গেছে, বর্তমানে গুলশান ২-এ একটি ভাড়া বাড়ির তিনটি তলাজুড়ে কোম্পানিটির প্রধান কার্যালয় অবস্থিত। যেটির মাসিক ভাড়া তিন লাখ সাত হাজার টাকা। সেই হিসাবে বছরে প্রধান কার্যালয়ের ভাড়াবাবদ ব্যয় হয় প্রায় ৩৭ লাখ টাকা।
প্রধান কার্যালয় স্থানান্তরের জন্য যে মূল্য দিয়ে জায়গা কেনা হচ্ছে তা বর্তমান ভাড়ার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। কারণ, বর্তমান ভাড়ার সঙ্গে বিনিয়োগের অর্থ সমন্বয় করতে ১০০ বছরের বেশি সময় লাগবে। তাই এ বিনিয়োগের উদ্দেশ্য নিয়ে বাজারসংশ্লিষ্ট ব্যক্তিদের মধ্যে নানা কথা চালাচালি চলছে কিছুদিন ধরে। একই সঙ্গে তাদের মধ্যে উদ্বেগ এবং হতাশাও রয়েছে। কারণ, এসব বিষয় দেখারই যেন কেউ নেই।
এদিকে আবাসন খাতের একাধিক ব্যবসায়ী ও এ খাতের সংগঠন রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ বা রিহ্যাব সূত্রে জানা গেছে, গুলশান এলাকায় প্রধান সড়কের পাশে বর্তমানে বাণিজ্যিক ভবনের জায়গার (ফ্লোর) দাম প্রতি বর্গফুট সর্বোচ্চ ৪০ থেকে ৪৫ হাজার টাকা। তবে নির্মাতাপ্রতিষ্ঠানের ওপর ভিত্তি করে এ দামের কিছুটা তারতম্য ঘটতে পারে বলেও তারা জানায়। তার পরও গুলশান এলাকায় বাণিজ্যিক ভবনের প্রতি বর্গফুটের দাম ৫৮ হাজার টাকার বিষয়ে তাদের মধ্যে সংশয় রয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক এ খাতের একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী ও রিহ্যাবের সাবেক একজন সভাপতি জানান, এখন আবাসন ব্যবসায় মন্দাভাব চলছে। তাই দাম আগের চেয়ে অনেক কমে গেছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জের তথ্য অনুযায়ী, প্রায় ৯৫ কোটি টাকার মূলধনের এ কোম্পানিটি ১০ টাকা অভিহিত মূল্যের প্রায় নয় কোটি ৫৩ লাখ ৪০ হাজার শেয়ারে বিভক্ত। এটির মোট শেয়ারের মধ্যে ৩৫ শতাংশ রয়েছে প্রাতিষ্ঠানিক ও ব্যক্তি শ্রেিণর বিনিয়োগকারীর হাতে। কোম্পানির উদ্যোক্তা পরিচালকদের হাতে রয়েছে প্রায় ৬৫ শতাংশ শেয়ার।











