বুধবার, ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

৮দিনের যানজট যাত্রীদের কষ্ট আর ব্যবসায়ীরা ক্ষুব্ধ

news-image

৮ দিন ধরে চলছে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ফেনীর অংশে যানজট কেটে না উঠতেই কুমিল্লার দাউদকান্দি অংশে তা বিস্তৃত হওয়াতে স্থবির রয়েছে এই মহাসড়কটি। এতে যাত্রীদের কষ্ট এবং পবিত্র রমজানের ভোগপণ্য ছাড়াও আমদানি-রপ্তানি পণ্য পরিবহন ব্যাহত হচ্ছে।যানজটের কারণে ২/৩ দিন পণ্যবাহী গাড়ী রাস্তায় অবস্থান করতে হচ্ছে।ফলে ব্যাপক ক্ষতি কারণে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ছুড়ছেন ব্যবসায়ীরা।

গতকাল বুধবার সকাল থেকেও মহাসড়কের কুমিল্লার দাউদকান্দি, মুন্সীগঞ্জের গজারিয়া ও নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার প্রায় ৫০ কিলোমিটারজুড়ে বিস্তৃত যানজটে মহাদুর্ভোগ পোহাতে হয়েছে যাত্রীসাধারণকে। জ্যৈষ্ঠের বৈরী আবহাওয়া ও থেমে থেমে বৃষ্টিতে আটকেপড়া যাত্রীদের মধ্যে বিশেষত শিশু ও নারীর কষ্ট আরও বেড়েছে। তবে মহাসড়কের মিরসরাই অংশে নতুন করে আর যানজট দেখা দেয়নি।

গতকাল বিকেল পর্যন্ত মহাসড়কের কুমিল্লার দাউদকান্দি থেকে নারায়ণগঞ্জের কাঁচপুর পর্যন্ত উভয় পাশে প্রায় ৩৫ কিলোমিটার যানজটের কথা জানিয়েছেন সমকালের কুমিল্লা প্রতিনিধি। গতকাল ভোরে কুমিল্লা থেকে রওনা দিয়ে ৯ ঘণ্টা পর ঢাকায় পৌঁছেছেন বাসযাত্রী বিশ্ববিদ্যালয়ের ছাত্র ইলিয়াছ আহমেদ। ঢাকা থেকে সকাল ১০টায় কুমিল্লার দিকে রওনা হয়ে বিকেল ৪টায়ও মেঘনা সেতুর কাছেই আটকে ছিলেন বাসযাত্রী আবুল কালাম আজাদ। দাউদকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান জানান, পরিস্থিতি স্বাভাবিক হতে বুধবার রাত পর্যন্ত সময় লাগতে পারে।

চাঁদপুর থেকে ঢাকাগামী ট্রাকচালক আবুল হোসেন গতকাল জানান, পণ্যবাহী যানবাহন আটকে থাকায় নষ্ট হচ্ছে কাঁচামাল ও পচনশীল পণ্যসামগ্রী। রফতানি পণ্যের শিপমেন্টে দেরি হওয়ায় লোকসান গুনতে হবে গার্মেন্ট ব্যবসায়ীদের। কুমিল্লার ব্যবসায়ী নেতা মো. জহিরুল ইসলাম জহির জানান, যানজটের কারণে পণ্য পরিবহন খরচ প্রায় দ্বিগুণ বেড়ে যাওয়ায় পণ্যের দামও বাড়ছে।

চট্টগ্রামে চালের যোগান উত্তরাঞ্চল থেকে আনা চালের উপর নির্ভরশীল। প্রতিদিন সিরাজগঞ্জ, দিনাজপুর,নওগাঁ থেকে  শতাধিক গাড়ী চাল চট্টগ্রামে আসে। গত কয়েকদিন যাবত চলমান যানজটে চাহিদা অনুপাতে চাল আসছে না। পণ্য পরিবহনের জন্য গাড়ীও মিলছে না। জানতে চাইলে পাহাড়তলী বণিক সমিতির সাধারণ সম্পাদক এস এম নিজাম উদ্দিন ইত্তেফাককে বলেন, সম্প্রতি বাজারে চালের বাজার কমতির দিকে ছিল। এখন মহাসড়কে যানজটের কারণে চালের বাজার আবার উর্ধ্বমূখী হয়ে উঠেছে। চাহিদা অনুপাতে চাল আনা যাচ্ছে না। গাড়ী ভাড়া ৪/৫ হাজার টাকা বৃদ্ধি পেয়েছে। চাল ছাড়া অন্যান্য ভোগ্যপণ্যের দামেও বিরুপ প্রভাব পড়েছে।

পণ্য পরিবহন সমিতি সূত্র জানায়, পণ্যবাহী ট্রাক ও কাভার্ডভ্যান ভাড়া নির্ধারিত নেই। স্বাভাবিক অবস্থায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দৈনিক প্রায় ৩০ হাজার বিভিন্ন ধরনের  যানবাহন আসা-যাওয়া করে। চাহিদার উপর ভাড়া নির্ভর করে। গাড়ীর চাহিদা বেশী থাকলে আর গাড়ীর পরিমাণ কম থাকলে ভাড়া বেড়ে যায়। এখন চাহিদা অনুপাতে গাড়ী পাওয়া যাচ্ছে না। বিভিন্ন স্থানে গাড়ী আটকা পড়েছে।এ প্রসঙ্গে বৃহত্তর চট্টগ্রাম পণ্য পরিবহন মালিক ফেডারেশনের মহাসচিব মোহাম্মদ আবু মোজাফ্ফর বলেন, পণ্যবাহী গাড়ী ভাড়া দ্বিগুণ বেড়েছে। ১৭/১৮ হাজার টাকার ভাড়া এখন ৩০/৩২ হাজার টাকা হয়েছে। যানজটের কারণে ২/৩ দিন গাড়ী রাস্তায় অবস্থান করতে হচ্ছে। চালকরা ভাড়া নিয়ে যেতে রাজী হচ্ছে না। মহাসড়কের কয়েক জায়গায় দীর্ঘ যানজট সৃষ্টি হচ্ছে।’ চট্টগ্রাম ট্রান্সপোর্ট মালিক সমিতির কার্যকরী সভাপতি আজিজুল হক বলেন, রবিবার রাত ১২ টায় ঢাকা থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে আমার একটি কাভার্ডভ্যান যাত্রা করেছে। সোমবার বিকেল পৌনে ৬টায় সেটি ফেনীতে পৌঁছেছে। এভাবে প্রতিটি গাড়ী যানজটের কবলে পড়েছে।’
বাণ্যিজিক গুদাম ব্যবসায়ীদের সংগঠন চট্টগ্রাম ঠিকাদার ও কমিশন এজেন্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক আলী আহমেদ বলেন, বাণিজ্যিক গুদাম থেকে পণ্য গুলো মহাসড়ক হয়ে দেশের অন্যান্য অঞ্চলে নেয়া হয়। গত এক সপ্তাহ যাবত অসহনীয় যানজটের কারণে গুদাম থেকে পণ্য ডেলিভারী কমে গেছে। পণ্যের মধ্যে রয়েছে সার ও বিভিন্ন প্রকারের ভোগ্যপণ্য।’
খাতুনগঞ্জের হামিদুল্লাহ মার্কেট ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মো. ইদ্রিস বলেন, সীমান্তের স্থল বন্দর থেকে প্রতিদিন ১৭/১৮ গাড়ী পেঁয়াজ চট্টগ্রামে আসে। যানজটের কারণে গাড়ী চট্টগ্রামে পৌঁছাতে একদিন দেরী হচ্ছে।

সংশ্নিষ্টরা জানাচ্ছেন, দাউদকান্দিতে মালবাহী পরিবহনের ওজন মাপতে প্রতিটি গাড়ির কমপক্ষে ১০-১৫ মিনিট সময় লাগে। চালক ও হেলপারদের সঙ্গে কর্মকর্তাদের বখরা নিয়ে প্রতিদিনই কথা  কাটাকাটি হয়। ভারী যানবাহন হলেই বখরা দিতে হয় দুই থেকে আড়াই হাজার টাকা। অথচ সরকারি রশিদ দেওয়া হয় ৫০০ টাকার। এসব কারণেও সময় নষ্ট হচ্ছে ও যানজটের সৃষ্টি হচ্ছে।

দাউদকান্দি (কুমিল্লা) : টানা তৃতীয় দিনে গতকাল বুধবারও দাউদকান্দি টোল প্লাজা থেকে দৌলতপুর পর্যন্ত প্রায় ২৫ কিলোমিটার যানজট দেখা দেয়।

গজারিয়া (মুন্সীগঞ্জ) : পবিত্র রমজানকে সামনে রেখে মহাসড়কে পণ্যবাহী ট্রাক, কাভার্ডভ্যানসহ সব ধরনের যানবাহন চলাচল কয়েকগুণ বেড়েছে। এতে যানবাহনের গতি কমে যানজট সৃষ্টি করছে। সূত্র: সমকাল, প্রথম আলো, দৈনিক ইত্তেফাক