বুধবার, ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

অনলাইনে তৎপরতা শনাক্তে সাইবার ওয়ার্ল্ডে পুলিশের জঙ্গিবিরোধী পেট্রোলিং

news-image

আইনশৃঙ্খলা বাহিনীর কড়া অবস্থানের কারণে জঙ্গিরা দেশে বড় ধরনের হামলার সক্ষমতা হারিয়ে এখন অনলাইনে ঢুকেছে। তাদের এই অপতৎপরতা ঠেকাতে পুলিশ সাইবার পেট্রোলিং পদ্ধতি শুরু করেছে। জঙ্গি দমনে নিয়োজিত পুলিশ কর্মকর্তারা মনে করেন, জঙ্গি ও সন্ত্রাসীদের কার্যক্রম বন্ধে ফিজিক্যাল পেট্রোলিংয়ের পাশপাশি সাইবার জগতে পেট্রোলিংটাও এখন সময়ের দাবি।

পুলিশ সদর দফতরের জনসংযোগ শাখার সহকারী মহাপরিদর্শক (এআইজি) সহেলী ফেরদৌস বলেন, জঙ্গি ও সন্ত্রাসীদের সব ধরনের কার্যক্রম নজরদারি পুলিশের নিয়মিত প্রধান কাজগুলোর একটি। জঙ্গিদের কৌশল পরিবর্তনের সঙ্গে পুলিশও তাদের পরিকল্পনা ও তথ্য সংগ্রহের কার্যক্রম অব্যাহত রেখেছে।

সাইবার জগতে নজরদারির বিষয়ে তিনি বলেন, সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় করেই আমরা কাজ করে যাচ্ছি। জানা যায়, অব্যাহত পুলিশী অভিযানের মুখে জঙ্গিরা সংঘবদ্ধ হতে না পেরে এখন নামে বেনামে ফেসবুক টুইটারসহ বিভিন্ন অনলাইনে ছদ্মবেশে তৎপরতা চালাচ্ছে। তারা সক্ষমতা হারিয়ে নিজেদের মধ্যে ভার্চুয়াল ওয়ার্ল্ডে লিঙ্ক তৈরির চেষ্টা চালাচ্ছে। কিন্তু সেখানেও হানা দিয়েছে কাউন্টার টেররিজম এন্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের সাইবার ক্রাইমের দায়িত্বে নিয়োজিত সদস্যরা।

কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইমের (সিটিটিসি) একজন কর্মকর্তা বলেন, বড় ধরনের নাশকতা চালানোর সক্ষমতা এখন জঙ্গিদের নেই। আগের মতো তারা সংঘবদ্ধও হতে পারছে না। জঙ্গিরা যেখানেই অংশ নিচ্ছে পুলিশ সেই লিঙ্কে ঢুকছে। এর মাধ্যমে অনলাইনভিত্তিক জঙ্গি ও সন্ত্রাসীদের অপতৎপরতা কমিয়ে আনা সম্ভব হচ্ছে। এজন্য সাইবার অপরাধ দমনে লোকবল বাড়ানোর পাশাপাশি টেকনিক্যাল সাপোর্ট বাড়ানো জরুরি বলেও মনে করেন সিটিটিসির কর্মকর্তারা।

এ ব্যাপারে পুলিশের অতিরিক্ত ডিআইজি (ইন্টিলিজেন্স এন্ড স্পেশাল এ্যাফেয়ার্স) মনিরুজ্জামান বলেন, তথ্য প্রযুক্তিতে পুলিশ অনেক অগ্রসরমান একটি বাহিনী। প্রশিক্ষিত আইটি সদস্যরা এখন সাইবারওয়ার্ল্ড নিয়ে কাজ করছে। এ সেক্টরে লোকবল সংকট কিছুটা আছে। সেটা সমাধানের উদ্যোগ নেয়া হচ্ছে। তিনি বলেন, মিশন হচ্ছে জঙ্গিদমন। বাস্তবে সম্ভব হয়েছে। সাইবার ওয়ার্ল্ডেও জঙ্গিরা সুবিধা করতে পারবে না।