রাজনীতি এখন শহীদ মিনারকে নিয়ে
নিজস্ব প্রতিবেদক:তারেক রহমান মারা গেলে তার লাশও যদি শহীদ মিনারে আনার দাবি উত্থাপন করা হলে তার বিরুদ্ধেও আন্দোলন গড়ে তুলবে গণজাগরণ মঞ্চ। অন্যদিকে কেন্দ্রীয় শহীদ মিনারকে সরকার পৈত্রিক সম্পত্তি বানানোর চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপির যুগ্ম-মহাসচিব এডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ।
বুধবার নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে রিজভী বলেন, ‘প্রয়াত পিয়াস করিম গণতন্ত্রের পক্ষে কথা বলতেন। এজন্য এই অবৈধ সরকারের লালিত কিছু ছাত্র সংগঠন তার মরদেহ শহীদ মিনারে নিতে বাধা দিচ্ছে। এতে প্রমাণ হয়, সরকার কেন্দ্রীয় শহীদ মিনারকেও পৈত্রিক সম্পত্তি বানানোর চেষ্টা করছে। এসব করা হচ্ছে সরকারের শীর্ষ নেতৃত্বের ইশারায়। ’
এদিকে আমাদের সময় ডটকম- এর এক প্রশ্নের জবাবে গণজাগরণ মঞ্চ একাংশের নেতা কামাল পাশা চৌধুরী বলেন, শুধু তারেক রহমানই নন, স্বাধীনতার বিরুদ্ধে, যুদ্ধাপরাধীদের বিচারের বিরুদ্ধে যারা অবস্থান নেবে তাদের কারো লাশই শহীদ মিনারে আনতে দেয়া হবে না। তিনি আরো বলেন, কোনো মুক্তিযোদ্ধাও যদি রাজাকারের পক্ষে অবস্থান নেয় তাদের জন্যও একই অবস্থন নেয়া হবে। কামাল পাশা বলেন, তারেক রহমান ইতিমধ্যে বঙ্গবন্ধুর বিরুদ্ধে বক্তব্য রেখেছেন যা পরোক্ষ হলেও স্বাধীনতার বিপক্ষে গিয়েছে।
অবশ্য তিনি এও বলেন, কার লাশ শহীদ মিনারে আসবে নাকি আসবে না সেটা নির্ভর করবে সময়ের উপর। যুদ্ধাপরাধীদের দোশরের লাশ শহীদ মিনারে আনা যেমন অবমাননা কর তেমনি কোনো মুক্তিযোদ্ধাও যদি রাজাকারের পক্ষ নেয় তার বিরুদ্ধেও একই কথা প্রযোয্য।
ওদিকে যুবলীগ ও ছাত্রলীগ নেতাদের হত্যা-অপহরণের লাইসেন্স দেওয়া হয়েছে এমন অভিযোগ করে রিজভী বলেন, ‘সরকার বিরোধী নেতাকর্মীদের হত্যা ও দমনে যুবলীগ-ছাত্রলীগকে ফ্রি লাইসেন্সে দিয়েছে। ফলে দু-একটি ঘটনায় দু-একজন গ্রেপ্তার করা হলেও পরে ছেড়ে দেওয়া হচ্ছে। সবই করা হচ্ছে লোক দেখানোর জন্য।’
তিনি বলেন, এই অবৈধ সরকারের মন্ত্রীরা এখন হজ, তাবলীগ জামাত নিয়ে কটূক্তি করতেও দ্বিধা করছেন না। দেশের মানুষ এসব থেকে অবসান চায়।











