সৌদিআরবে অস্ত্র বিক্রি বন্ধে আপিল শুনানির অনুমোদন দিয়েছে ব্রিটিশ সুপ্রিমকোর্ট
শুক্রবার যুক্তরাজ্যের সর্বোচ্চ আদালত সৌদি আরবের কাছে ব্রিটিশ সরকারের অস্ত্র বিক্রি বন্ধ করতে আগ্রহী এমন যুদ্ধবিরোধী সংস্থার আপিল শুনানির অনুমোদন দিয়েছে।
‘ক্যাম্পেইন এগেইন্সট আর্মস ট্রেড’ নামক সংস্থাটির আবেদনের প্রেক্ষিতে আপিল কোর্টের দুইজন বিচারকের সমন্বয়ে গঠিত বেঞ্চ এই আপিল শুনানির অনুমোদন দেন। আগামী কয়েক মাসের মধ্যেই এই আপিলের শুনানি অনুষ্ঠিত হবার সম্ভাবনা রয়েছে। গত বছরের জুলাইয়ে যুক্তরাজ্যের হাইকোর্ট সৌদিআরবের কাছে যুক্তরাষ্ট্রের অস্ত্র বিক্রিকে বৈধ প্রক্রিয়া বলেই রায় দেয়। এই রায়ের বিরুদ্ধেই যুদ্ধবিরোধী এই সংস্থাটি সুপ্রিম কোর্টের আপিল বিভাগের নিকট আবেদন করে।
যুদ্ধ ও মরণাস্ত্রের বিস্তাররোধী এই আন্দোলন গ্রুপটি সংক্ষেপে সিএএটি বা ক্যাট নামেই অধিক পরিচিত। আদালতের এই সিদ্ধান্তে আনন্দ প্রকাশ করে ক্যাটের মুখপাত্র এন্ড্রু স্মিথ জানান, তারা অত্যন্ত আশাবাদী যে উচ্চ আদালতের শুনানিতে তাদের পক্ষেই রায় আসবে।
এদিকে ক্যাট আদালতে দায়ের করা ঐ শুনানির আবেদনে জানিয়েছিলো যে, যুক্তরাজ্যে প্রস্তুতকৃত লড়াকু বিমান, গোলাবারুদ, বোমা এবং ক্ষেপণাস্ত্র ২০১৫ সাল থেকেই ইয়েমেনে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালিয়ে আসছে। সৌদি আরবের অন্যায্য আগ্রাসনে ব্যবহৃত এই সমস্ত অস্ত্র সরবরাহ করে যুক্তরাজ্য মানবতার বিরুদ্ধে সংগঠিত অপরাধের সহযোগী হয়েছে।
এদিকে যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক বাণিজ্য বিভাগ জানিয়েছে তারা হাই কোর্টের পূর্বের সিদ্ধান্ত বহাল রাখার পক্ষে আইনি লড়াইয়ে অংশ নেবে। সংস্থাটির একজন মুখপাত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানায়, তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে আসা সকল চ্যালেঞ্জকে আইনি প্রক্রিয়ার মাধ্যমেই মোকাবেলা করবে। এ সময় সংস্থাটি দাবী করে, আন্তর্জাতিক সকল আইনকে কঠোরভাবে অনুসরণ করেই তারা অস্ত্র রপ্তানির সিদ্ধান্ত নিয়ে থাকে। আল-জাজিরা











