শুক্রবার, ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

তারেক সাঈদকে আদালতে হাজির না করায় শোকজ

tareq_158655নিজস্ব প্রতিবেদক:নারায়ণগঞ্জের ৭ খুনের ঘটনায় র‌্যাবের সাবেক কর্মকর্তা তারেক সাঈদকে আদালতে হাজির না করায় কারা কর্তৃপক্ষকে শোকজ করেছে আদালত। একই সঙ্গে র‌্যাবের কর্মকর্তাসহ ২১ জনকে শুনানী শেষে সকালে তাদেরকে পুণরায় কারাগারে পাঠানোর নির্দেশ দেয়া হয় । আগামী ১ ডিসেম্বর পরবর্তী হাজিরার তারিখ ধার্য্য করা হয়েছে বলে জানিয়েছেন কোর্ট পুলিশের পরিদর্শক মো: হাবিবুর রহমান।  

সোমবার সকাল ১০টার দিকে নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট কেএম মহিউদ্দিনের আদালতে ২১জন আসামী হাজির করা হলে তিনি এই নির্দেশ দেয়া হয় । এই হত্যাকান্ডের ঘটনায় এখন পর্যন্ত গ্রেফতার করা হয়েছে র‌্যাবের কর্মকর্তা তিন কর্মকর্তা সহ মোট ২৪ জন। এদের মধ্যে অসুস্থ থাকায় র‌্যাব সদস্য বিল্লাল হোসেন এবং রিমান্ডে থাকায় রুহুল আমিনকে আদালতে হাজির করা হয়নি। তবে তারেক সাঈদ মোহাম্মদকে আদালতে হাজির না করায় কারা কর্তৃপক্ষকে কারণ দর্শানোর জন্য শোকজ করে আদালত ।
মামলার বাদী পক্ষের আইনজীবী ও জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট সাখাওয়াত হোসেন খান জানান, ৭ খুনের মামলার ধার্য্য তারিখে আমরা তিনটি আবেদন করেছি। মামলার অন্যতম আসামী র‌্যাবের সাবেক কর্মকর্তা তারেক সাঈদ মোহাম্মদকে কেন আদালতে হাজির করা হয়নি এবং কারাগারে তাকে কেন জামাই আদরে রাখা হয়েছে, নূর হোসেনকে দেশে ফিরিয়ে আনার ব্যাপারে কতটুকু অগ্রগতি হয়েছে এবং মামলার তদন্তে যথেষ্ট অগ্রগতি হলেও কেন চার্জশীট দাখিল করা হচ্ছে না তার ব্যাখা চেয়ে আদালতে আবেদন জানানো হয়। 

এদিকে মামলার তদন্তের অগ্রগতি ও চার্জশীটের ব্যাপারে জানতে চাইলে নারায়ণগঞ্জের পুলিশ সুপার ড.খন্দকার মহিদ উদ্দিন বলেন,সাত হত্যা মামলাটি একটি আলোচিত ঘটনা। তদন্ত কাজ চলছে। তবে মামলার চার্জশীট প্রদানের কোন নির্ধারিত সময় বেধে দেয়া হয়নি। আমরা যথাসম্ভব দ্রুত এ মামলার চার্জশীট প্রদান করব।তিনি জানান, মামলার প্রধান আসামী নুর হোসেন ভারতের কারাগারে আটক থাকলেও মামলার তদন্তে বাধাগ্রস্ত হবে না।
প্রসঙ্গত, গত ২৭ এপ্রিল প্যানেল মেয়র নজরুল ইসলাম ও সিনিয়র আইনজিবী এ্যাডভোকেট চন্দন সরকারসহ সাত জনকে অপহরণের পর খুন করা হয়। ৩০ এপ্রিল শীতলক্ষ্যা নদী থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।  এই ঘটনায় ফতুল্লা মডেল থানায় পৃথক দুটি হত্যা মামলা দায়ের করা হয়। এই ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে র‌্যাবের কর্মকর্তাসহ মোট ২৪ জন। অপহরণ ও হত্যাকান্ডের বর্ণনা দিয়ে র‌্যাবের এই তিন কর্মকর্তাসহ ১২ জন আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমুলক জবানবন্দী প্রদান করেছেন এবং ঘটনার সাক্ষী হিসেবে ১৪ জন আদালতে জবানবন্দী দিয়েছেন।