বাংলাদেশের সামনে কঠিন চ্যালেঞ্জ
দ্বিতীয় দিন শেষে ঢাকা টেস্টের নিয়ন্ত্রণ শ্রীলঙ্কার হাতে। চতুর্থ ইনিংসে কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করছে বাংলাদেশের সামনে।
দ্বিতীয় দিন শেষে
শ্রীলঙ্কা দ্বিতীয় ইনিংস: ৬২ ওভারে ২০০/৮ (করুনারত্নে ৩২, মেন্ডিস ৭, ধনঞ্জয়া ২৮, গুনাথিলাকা ১৭, চান্দিমাল ৩০, রোশেন ৫৮*, ডিকভেলা ১০, দিলরুয়ান ৭, আকিলা ০, লাকমাল ৭*; মুস্তাফিজ ৩/৩৫, মিরাজ ২/২৯, তাইজুল ২/৭২, রাজ্জাক ১/৬০)।
আরেকটি ১৪ উইকেটের দিন
প্রথম দিনের মতো দ্বিতীয় দিনেও পড়েছে ১৪ উইকেট। ৪ উইকেটে ৫৬ রান নিয়ে দিন শুরু করতে নেমে ১১০ রানে অলআউট হয়েছে বাংলাদেশ। প্রথম ইনিংসে শ্রীলঙ্কা পায় ১১৩ রানের লিড। যেটি এখন বেড়ে দাঁড়িয়েছে ৩১২ রানে, হাতে আছে ২ উইকেট। মিরপুরে ৩০০ বা এর বেশি রান তাড়া করে জিততে পারেনি কোনো দল। সিরিজ নির্ধারণী টেস্ট জিততে হলে বাংলাদেশকে গড়তে হবে রেকর্ড।
তিনশ ছাড়াল শ্রীলঙ্কার লিড
তাইজুল ইসলামের বলে চার হাঁকালেন রোশেন সিলভা। এই চারে ২৯৯ থেকে তিনশ ছাড়াল শ্রীলঙ্কার লিড। চতুর্থ ইনিংসে বাংলাদেশের সামনে কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করছে।
রোশেনের টানা চার
টানা চার ইনিংসে পঞ্চাশ ছুঁয়েছেন রোশেন সিলভা। গত ডিসেম্বরে দিল্লিতে অভিষেক টেস্টের প্রথম ইনিংসে ডাক মারার পর দ্বিতীয় ইনিংসে করেছিলেন অপরাজিত ৭৪। বাংলাদেশের বিপক্ষে চট্টগ্রাম টেস্টে এক ইনিংসে ব্যাটিং পেয়ে করেন ১০৯। ঢাকা টেস্টে প্রথম ইনিংসে ৫৬ রানের পর আজ দ্বিতীয় ইনিংসেও পঞ্চাশ ছুঁয়েছেন ২৯ বছর বয়সি এই ব্যাটসম্যান। মুস্তাফিজুর রহমানের বলে দুই রান নিয়ে ৮৬ বলে ফিফটি পূর্ণ করেন।
ক্যাচ ছাড়লেন সাব্বির
হ্যাটট্রিক বলটা লেগ সাইডের বাইরে করেছিলেন মুস্তাফিজ। হ্যাটট্রিক না হলেও পরের বলেই আরেকটি উইকেট পেতে পারতেন। বাঁহাতি পেসারের অফ স্টাম্পে গুড লেংথ বল পেছনের পায়ে ডিফেন্ড করতে চেয়েছিলেন সুরঙ্গা লাকমাল। তবে বল তার গ্লাভসে লেগে যায় দ্বিতীয় স্লিপে দাঁড়ানো সাব্বির রহমানের কাছে। কিন্তু বলটি তালুবন্দি করতে ব্যর্থ হন সাব্বির।

দুই বলে দুই উইকেট মুস্তাফিজের
আগের বলে ফিরিয়েছিলেন দিলরুয়ান পেরেরাকে। পরের বলে আকিলা ধনঞ্জয়াকে ফিরিয়ে দুই বলে দুই উইকেট নিয়েছেন মুস্তাফিজুর রহমান। বাঁহাতি পেসারের অফ স্টাম্পের বলে উইকেটকিপার লিটন দাসকে ক্যাচ দেওয়া ধনঞ্জয়া ডাক মেরেছেন। শ্রীলঙ্কার স্কোর তখন ৮ উইকেটে ১৭৮।
ফিরেই মুস্তাফিজের আঘাত
দ্বিতীয় স্পেলের প্রথম ওভারেই উইকেট নিয়েছিলেন। তৃতীয় স্পেলের প্রথম ওভারেও সেটা পুনরাবৃত্তি ঘটালেন মুস্তাফিজুর রহমান। প্রথম বলে চার মেরেছিলে দিলরুয়ান পেরেরা। পরের বলেই তাকে সাজঘরের পথে দেখান মুস্তাফিজ। বাঁহাতি পেসারের বল অফ স্টাম্পে পড়ে দিলরুয়ানের ব্যাটে চুমু খেয়ে উইকেটকিপার লিটন দাসের গ্লাভসে জমা পড়ে।
তাইজুলের দ্বিতীয়
তাইজুল ইসলামের অফ স্টাম্পের বল সুইপ করেছিলেন নিরোশান ডিকভেলা। স্কয়ার লেগে ভালো একটি ক্যাচ নেন মাহমুদউল্লাহ রিয়াদ। ইনিংসে এটি তাইজুলের দ্বিতীয় উইকেট। ডিকভেলা করেন ১০, শ্রীলঙ্কার স্কোর তখন ৬ উইকেটে ১৭০। তবে লিড ২৮০ ছাড়িয়েছে।
মিরাজের শিকার চান্দিমাল
ড্রিংস বিরতির পর প্রথম ওভারেই আঘাত হেনেছেন মেহেদী হাসান মিরাজ। অফ স্পিনারের বলে এলবিডব্লিউ হয়েছেন শ্রীলঙ্কার অধিনায়ক দিনেশ চান্দিমাল (৩০)। শ্রীলঙ্কার সংগ্রহ তখন ৫ উইকেটে ১৪৩ রান।
আড়াইশ ছাড়াল শ্রীলঙ্কার লিড
ড্রিংস বিরতির আগে শেষ ওভারে আব্দুর রাজ্জাকের তিন বলে দুটি চার মারলেন রোশেন সিলভা। তার দ্বিতীয় চারে আড়াইশ ছাড়িয়ে গেল শ্রীলঙ্কার লিড। বিরতির সময় দ্বিতীয় ইনিংসে শ্রীলঙ্কার সংগ্রহ ৪ উইকেটে ১৪১ রান। লিড ২৫৩ রানের।
ইমরুলের দারুণ ক্যাচ
দারুণ এক ক্যাচ নিয়েছেন ইমরুল কায়েস। মেহেদী হাসান মিরাজের লেগ স্টাম্পের বলে ডাউন দ্য উইকেটে এসে খেলেছিলেন দিমুথ করনারত্নে। মিড উইকেটে ঝাঁপিয়ে পড়ে দারুণভাবে বল তালুবন্দি করেন ইমরুল। ১০৫ বলে ৩২ রান করে করুনারত্নে ফেরার সময় শ্রীলঙ্কার স্কোর ৪ উইকেটে ৯২।
দুইশ ছুঁল শ্রীলঙ্কার লিড
১৯৯ রানের লিড নিয়ে চা বিরতিতে গিয়েছিল শ্রীলঙ্কা। বিরতির পর মেহেদী হাসান মিরাজের করা দ্বিতীয় বলে সিঙ্গেল নিয়ে দলের স্কোর দুইশ পূর্ণ করেছেন দিনেশ চান্দিমাল। তখন দ্বিতীয় ইনিংসে শ্রীলঙ্কার সংগ্রহ ৩ উইকেটে ৮৮ রান ।
দুইশর কাছে শ্রীলঙ্কার লিড
বড় লিডের পথে এগিয়ে যাচ্ছে শ্রীলঙ্কা। দ্বিতীয় সেশনে ৩ উইকেট হারিয়ে ৭৮ রান যোগ করেছে তারা। চা বিরতির আগে দ্বিতীয় ইনিংসে শ্রীলঙ্কার সংগ্রহ ৩ উইকেটে ৮৭ রান। লিড ১৯৯ রানের। দিমুথ করনারত্নে ২৯ ও দিনেশ চান্দিমাল ৪ রানে অপরাজিত আছেন।
ফিরেই মুস্তাফিজের ছোবল
প্রথম স্পেলে বোলিং করেছিলেন মাত্র এক ওভার। ২৬তম ওভারে মুস্তাফিজুর রহমানকে দ্বিতীয়বারের মতো আক্রমণে আনেন অধিনায়ক মাহমুদউল্লাহ। দ্বিতীয় স্পেলে ফিরে প্রথম ওভারেই দলকে সফলতা এনে দিয়েছেন মুস্তাফিজ। বাঁহাতি পেসারের কাটারে বিভ্রান্ত দানুসকা গুনাথিলাকা হয়েছেন এলবিডব্লিউ (১৭)। শ্রীলঙ্কার স্কোর তখন ৩ উইকেটে ৮০।

ধনঞ্জয়াকে ফেরালেন তাইজুল
শ্রীলঙ্কা শিবিরে দ্বিতীয় আঘাতটা হেনেছেন তাইজুল ইসলাম। বাঁহাতি স্পিনারের বলে বোল্ড হয়েছেন ধনঞ্জয়া ডি সিলভা (২৮)। শ্রীলঙ্কার সংগ্রহ তখন ২ উইকেটে ৫৩। দিমুথ করুনারত্নের সঙ্গে যোগ দিয়েছেন দানুসকা গুনাথিলাকা।
উদ্বোধনী জুটি ভাঙলেন রাজ্জাক
দারুণ ফর্মে থাকা কুশল মেন্ডিসকে ফিরিয়ে শ্রীলঙ্কার উদ্বোধনী জুটি ভেঙেছেন আব্দুর রাজাক। বাঁহাতি স্পিনারের বলে এলবিডব্লিউ হয়েছেন শ্রীলঙ্কার ওপেনার (৭)। সফরকারীদের সংগ্রহ তখন ১ উইকেটে ১৯ রান। দিমুথ করুনারত্নের সঙ্গে যোগ দিয়েছেন ধনঞ্জয়া ডি সিলভা।
প্রথম সেশনে শ্রীলঙ্কার দাপট
দ্বিতীয় দিনের প্রথম সেশনে দাপট দেখিয়েছেন শ্রীলঙ্কার বোলাররা। এই সেশনে বাংলাদেশের শেষ ৬ উইকেট তুলে নিয়েছে তারা। লাঞ্চের আগে দুই ওভার ব্যাটিং করে কোনো উইকেটও হারায়নি সফরকারীরা। লাঞ্চ বিরতিতে দ্বিতীয় ইনিংসে শ্রীলঙ্কার সংগ্রহ বিনা উইকেটে ৯ রান। প্রথম ইনিংসের ১১২ রানের লিড বেড়ে হয়েছে ১২১।

৩ রানে পড়ল শেষ ৫ উইকেট!
দ্বিতীয় দিনের প্রথম সেশনটাও খেলতে পারল না বাংলাদেশ। ৪ উইকেটে ৫৬ রান নিয়ে দিন শুরু করতে নেমে লাঞ্চের ১৫ মিনিট আগে ১১০ রানেই অলআউট হয়েছে স্বাগতিকরা। ১০৭ থেকে ১১০, ৩ রানেই শেষ ৫ উইকেট হারিয়েছে বাংলাদেশ! আগের দিন ‘নাইটওয়াচম্যান’ হিসেবে নামা মেহেদী হাসান মিরাজ শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন ৩৮ রানে। যেটি আবার ইনিংস সর্বোচ্চ রান। সুরঙ্গা লাকমাল ও অভিষিক্ত আকিলা ধনঞ্জয়া নিয়েছেন ৩টি করে উইকেট। দিলরুয়ান পেরেরা পেয়েছেন ২ উইকেট।
সংক্ষিপ্ত স্কোর
বাংলাদেশ প্রথম ইনিংস: ৪৫.৪ ওভারে ১১০ (তামিম ৪, ইমরুল ১৯, মুমিনুল ০, মুশফিক ১, লিটন ২৫, মিরাজ ৩৮*, মাহমুদউল্লাহ ১৭, সাব্বির ০, রাজ্জাক ১, তাইজুল ১; ধনঞ্জয়া ৩/২০, লাকমাল ৩/২৫, দিলরুয়ান ২/৩২)।
জোড়া ধাক্কায় শেষ
দিলরুয়ান পেরেরার আগের বলে রান আউট হয়ে ফিরেছিলেন তাইজুল ইসলাম (১)। পরের বলে শেষ ব্যাটসম্যান হিসেবে এলবিডব্লিউ হয়েছেন মুস্তাফিজুর রহমান। রিভিউ নিয়েও রক্ষা হয়নি। বাংলাদেশের প্রথম ইনিংস গুটিয়ে গেছে মাত্র ১১০ রানে। শ্রীলঙ্কা তাদের প্রথম ইনিংসে করেছিল ২২২ রান। সফরকারীরা পেয়েছে ১১২ রানের লিড।

রাজ্জাককে ফিরিয়ে ধনঞ্জয়ার তৃতীয়
শট খেলতে গিয়ে বোলারকে সহজ ক্যাচ দিয়ে ফিরেছেন আব্দুর রাজ্জাক (১)। নিজের আগের ওভারে চার বলের মধ্যে আকিলা ধনঞ্জয়া ফিরিয়েছিলেন মাহমুদউল্লাহ ও সাব্বির রহমানকে। অভিষিক্ত এই অফ স্পিনার পরের ওভারে পেয়ে গেলেন তৃতীয় উইকেট।
ব্যর্থ সাব্বির
প্রথম টেস্টের দলে ছিলেন না। দ্বিতীয় টেস্টে তাকে দলে নেওয়া হয়েছে দ্রত রান তোলার সক্ষমতার কারণে। কিন্তু প্রথম ইনিংসে সেটার প্রতিদান দিতে পারেননি সাব্বির রহমান। মুখোমুখি তৃতীয় বলেই ডাক মেরে ফিরেছেন ডানহাতি এই ব্যাটসম্যান। আকিলা ধনঞ্জয়ার অফ স্টাম্পের বলে শট খেলতে গিয়ে মিড উইকেটে দিনেশ চান্দিমালকে ক্যাচ দিয়েছেন সাব্বির। অভিষেকে নিজের নবম ওভারে চার বলের মধ্যে দুই উইকেট পেয়েছেন ধনঞ্জয়া। ১০৭ রানে ৭ উইকেট হারিয়ে তখন ভীষণ বিপদে বাংলাদেশ।
মাহমুদউল্লাহর বিদায়ে ভাঙল প্রতিরোধ
৭৩ রানে ৫ উইকেট হারানোর পর ষষ্ঠ উইকেটে প্রতিরোধ গড়েছিলেন মেহেদী হাসান মিরাজ ও মাহমুদউল্লাহ। দুজন দলের স্কোর একশ পার করেছিলেন। এরপরই বিদায় নিয়েছেন মাহমুদউল্লাহ। আকিলা ধনঞ্জয়ার অফ স্টাম্পের বাইরে পিচ করা বলে বোল্ড হয়েছেন বাংলাদেশ অধিনায়ক। ৪৬ বলে ২টি চারে মাহমুদউল্লাহ করেন ১৭ রান। তার বিদায়ে ভাঙে ৩৪ রানের জুটি। আর তাকে ফিরিয়ে প্রথম টেস্ট উইকেট নেন অফ স্পিনার ধনঞ্জয়া।

বাংলাদেশের একশ
অফ স্পিনার দিলরুয়ান পেরেরার অফ স্টাম্পের বলে রিভার্স সুইপ করে চার হাঁকালেন মাহমুদউল্লাহ। এই চারে পূর্ণ হলো বাংলাদেশের শতরান। ৩৯ ওভার ২ বলে ১০০ রান করতে ৫ উইকেট হারিয়েছে বাংলাদেশ।
ফিরে গেলেন লিটন
দ্বিতীয় দিনের পঞ্চম ওভারে ফিরে গেছেন লিটন দাস। পেসার সুরঙ্গা লাকমালের বলে প্লেড-অন হয়েছেন উইকেটরক্ষক এই ব্যাটসম্যান। ৫৪ বলে ৩টি চারে লিটন করেছেন ২৫ রান। বাংলাদেশের সংগ্রহ তখন ৫ উইকেটে ৭৩ রান। মেহেদী হাসান মিরাজের সঙ্গে উইকেটে যোগ দিয়েছেন অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ।
আত্মবিশ্বাসী মিরাজ
দিনের তৃতীয় বলেই শ্রীলঙ্কার পেসার সুরঙ্গা লাকমালকে চার মেরে স্বাগত জানান মেহেদী হাসান মিরাজ। পরের ওভারে স্পিনার রঙ্গনা হেরাথকে হাঁকান ছক্কা। দেখেশুনে খেলে তাকে সঙ্গ দিচ্ছেন লিটন দাস। দিনের প্রথম চার ওভারে কোনো উইকেট না হারিয়ে ১৪ রান তুলেছে বাংলাদেশ।

গুরুত্বপূর্ণ প্রথম সেশন
চট্টগ্রাম টেস্টে পাঁচ দিনে উইকেট পড়েছিল ২৪টি। সেখানে ঢাকা টেস্টে প্রথম দিনেই পড়েছে ১৪ উইকেট! স্পিনবান্ধব উইকেটে শুরু থেকেই টার্ন ও বাউন্স পাচ্ছেন স্পিনাররা। ব্যাটিং ব্যর্থতায় বাংলাদেশ আছে বেশ চাপে। দ্বিতীয় দিনের প্রথম সেশনটা তাই বাংলাদেশের জন্য খুব গুরুত্বপূর্ণ।
বাংলাদেশ দুই উইকেট বেশি হারিয়েছে
১২ রানে ৩ উইকেট হারিয়ে শুরুতেই চাপে পড়ে বাংলাদেশ। সেখান থেকে ৩৩ রানের জুটি গড়েন ইমরুল-লিটন। খুব স্বাভাবিক ব্যাটিং করছিলেন তারা। নিজেদের চিরচেনা উইকেটে সহজাত ব্যাটিংয়ে চাপও কমিয়ে ফেলেছিলেন। কিন্তু পড়ন্ত বিকেলে ইমরুলের উইকেট হারায় বাংলাদেশ। দিন শেষে দলের প্রতিনিধি হয়ে সংবাদ সম্মেলনে এসে আব্দুর রাজ্জাক জানান, প্রথম দিনে দুই উইকেট বেশি হারিয়েছে বাংলাদেশ।
১৬৬ রানে পিছিয়ে বাংলাদেশ
ঢাকা টেস্টের প্রথম দিনে শ্রীলঙ্কাকে ২২২ রানে অলআউট করেছে বাংলাদেশ। দিন শেষে বাংলাদেশের সংগ্রহ ৪ উইকেটে ৫৬ রান। এখনো ১৬৬ রানে পিছিয়ে আছে বাংলাদেশ। লিটন দাস ২৪ ও মেহেদী হাসান মিরাজ ৫ রান নিয়ে দ্বিতীয় দিনে ব্যাটিংয়ে নেমেছেন। মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে শুক্রবার সকাল সাড়ে ৯টায় শুরু হয়েছে দ্বিতীয় দিনের খেলা।











