কঠিন তবে অসম্ভব নয় : তাইজুল
স্পোর্টস ডেস্ক : সাত উইকেট নিয়ে দিন পার করার ঘটনা ক্রিকেট ইতিহাসে প্রচুর আছে। আর চতুর্থ দিন শেষেও তো জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের উইকেট যথেষ্ট ভালো। এখনও উইকেটে কোনো ফাটল ধরেনি। কিছুটা ক্ষত তৈরি হয়েছে, তবে সেটা খুবই সামান্য। উইকেটে খুব বেশি টার্নও হচ্ছে না, বল লাফাচ্ছেও না, নিচুও হচ্ছে না। এমন পিচে সাত উইকেটে দিন পার করা তো মোটেও কঠিন হওয়ার কথা নয়। তবে পঞ্চম দিনে বলেই কাজটা বেশ কঠিন।
২০০ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে শনিবার ৩ উইকেটে ৮১ রান করেছে বাংলাদেশ। ইনিংস পরাজয় বাঁচাতে হলে আরও ১১৯ রান করতে হবে। ড্র করার জন্য অবশ্য এ ঘাটতি কাটিয়ে মোটা একটা লিড নিতে হবে। অথবা দিনের প্রায় পুরো সময় ব্যাটিং করতে হবে। তবে কাজটা যে সহজ নয় তা সেটা অকপটে স্বীকার করেছেন তাইজুল ইসলাম।
তিনি বলেন, ‘ম্যাচের যে অবস্থা তাতে ভাবার অনেক কিছু আছে, আবার কিছুই নেই। আমাদের ম্যাচটা বাঁচাতে হবে। পঞ্চম দিনে কাজটা কঠিন হবে। তার পরও আমাদের ব্যাটসম্যানরা ভালো খেলতে পারলে এটা সম্ভব।’ তিনটি উইকেট পড়ে যাওয়ায় কাজটা বেশ কঠিন হয়ে গেছে বলে মনে করছেন তাইজুল। তিনি বলেন, ‘আজ যদি একটা উইকেট যেত, তাহলে ঠিক ছিল। তিনটা উইকেট যাওয়টা বেশি হয়ে গেছে। আসলে মুশফিক ভাই থাকলে আমাদের ভালো হতো।’
তবে প্রথম ইনিংসে ১৭৬ রানের দুর্দান্ত ইনিংস খেলা মুমিনুল হক উইকেটে আছেন। তার সঙ্গে যোগ দেবেন অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ। তারা দু’জনই ভরসা। এ ছাড়া বাকি দুই স্বীকৃত ব্যাটসম্যান মোসাদ্দেক হোসেন ও লিটন দাসের ওপর খুব একটা ভরসা করা যায় না। অবশ্য প্রথম ইনিংসে বাজেভাবে আউট হওয়া এ দু’জন দায়িত্ব নিয়ে খেললে কিছু হতেও পারে।
শনিবার শেষ বিকেলে বাংলাদেশ তিনটি উইকেট হারালেও লংকানরা খুব একটা ভালো বোলিং করেছেন বলে মনে করেন না তাইজুল। তিনি বলেন, ‘তারা যে খুব ভালো বোলিং করেছে, তা আমি বলব না। সেটা করলে আমরা এতটুকু সময়ের মধ্যে ৮০ রান করতে পারতাম না। আমাদের উইকেট পড়ে গেছে। এ জন্য মনে হচ্ছে তারা ভালো বোলিং করেছে। আমি ওই রকম কিছু মনে করি না।’
তবে তাইজুলের ভয় পঞ্চম দিনের উইকেটকে। ‘উইকেট যে ব্যাটসম্যানদের নেই, তা বলব না। তবে পঞ্চম দিনে বোলাররা বিভিন্ন জায়গা থেকে বোলিং করে। রাউন্ড দ্য উইকেটে, ওভার দ্য উইকেটে। একেকটা ব্যাটসম্যানকে একেক দিক থেকে আক্রমণ করে। এ কারণে বিভিন্ন জায়গায় ক্ষত হয়ে যায়। এভাবে ক্ষত হওয়ার কারণে অনেক সময় খারাপ বলও কঠিন হয়ে যায়। আমার মনে হয়, আমাদের টিকে থাকা খুব একটা সহজ হবে না’ বলেন তাইজুল।
বাংলাদেশ দলের স্পিন বোলিং পরামর্শক সুনীল যোশিও মনে করছেন, ব্যাটসম্যানরা দায়িত্ব নিয়ে খেললে ড্র করা সম্ভব। তার মতে, এ ধরনের উইকেটে কীভাবে ব্যাটিং করতে হয়, সেটা লংকান ব্যাটসম্যানদের দেখে শেখা উচিত। এমনকি দিলরুয়ান পেরেরাও ভালো ব্যাটিং করেছেন। উইকেটে তেমন কিছু হচ্ছে না। এখানে ধৈর্য নিয়ে খেলতে হবে।











