বিপজ্জনক মেন্ডিসকে ফেরালেন মাশরাফি (সরাসরি)
সংক্ষিপ্ত স্কোর: শ্রীলঙ্কা ১১ ওভারে ৬৭/২
মেন্ডিসকে ফেরালেন মাশরাফি
চড়াও হওয়া কুসল মেন্ডিসকে ফিরিয়েছেন মাশরাফি বিন মুর্তজা। ষষ্ঠ ওভারে দ্বিতীয় উইকেট হারিয়েছে শ্রীলঙ্কা।
পুল করে মাশরাফিকে উড়াতে চেয়েছিলেন মেন্ডিস। সেই শট খেলার মতো লাইন, লেংথে ছিল না বল। টাইমিং হয়নি। আকাশে উঠে যাওয়া ক্যাচ তালুতে জমান মাহমুদউল্লাহ। ৯ বলে দুটি চার আর তিনটি ছক্কায় ২৮ রান করে ফিরে যান মেন্ডিস।
৬ ওভারে শ্রীলঙ্কার স্কোর ৪২/২। ক্রিজে উপুল থারাঙ্গার সঙ্গে যোগ দিয়েছেন নিরোশান ডিকভেলা।
মিরাজের খরুচে ওভার
আগের ওভারে উইকেট নেওয়া মেহেদী হাসান মিরাজের ওপর চড়াও হন কুসল মেন্ডিস। ম্যাচের পঞ্চম ওভার থেকে শ্রীলঙ্কা তুলে নেয় ২৪ রান।
প্রথম বলে ছক্কা হাঁকিয়ে শুরু করেন মেন্ডিস। পরের বলে চার। লং অন দিয়ে তুলে নেন টানা দুই ছক্কা। পঞ্চম বলে আসে ১ রান। শেষ বল থেকে একটি রান নেন উপুল থারাঙ্গা।
প্রথম আঘাত মিরাজের
ম্যাচের প্রথম বলে চার হাঁকিয়ে শুরু করেছিলেন দানুশকা গুনাথিলাকা। বাজে শুরুর পর দ্রুত ঘুরে দাঁড়ান মেহেদী হাসান মিরাজ। তৃতীয় ওভারে তুলে নেন গুনাথিলাকার উইকেট।
অফ স্পিনার মিরাজের মাথার ওপর দিয়ে উড়াতে চেয়েছিলেন গুনাথিলাকা। বাঁহাতি ওপেনার ফুল লেংথ বলে টাইমিং করতে পারেননি। কিছুটা দৌঁড়ে বল মুঠোয় নেন তামিম ইকবাল।
৬ রান করে ফিরেন গুনাথিলাকা। ২.৫ ওভারে শ্রীলঙ্কার স্কোর ৮/১।
শ্রীলঙ্কা দলে মদুশঙ্কা
ফাইনালের শ্রীলঙ্কা দলে এসেছে একটি পরিবর্তন। চায়নাম্যান লাকশান সান্দাকান বাদ পড়েছেন। তার জায়গায় অভিষেক হচ্ছে পেসার শিহান মদুশঙ্কার। আগের ম্যাচে বাংলাদেশকে উড়িয়ে দেওয়া শ্রীলঙ্কা খেলছে চার পেসার নিয়ে।
শ্রীলঙ্কা দল: উপুল থারাঙ্গা, দানুশকা গুনাথিলকা, কুসল মেন্ডিস, দিনেশ চান্দিমাল, নিরোশান ডিকভেলা, আসেলা গুনারত্নে, থিসারা পেরেরা, আকিলা দনঞ্জয়া, শিহান মদুশঙ্কা, দুশমন্থ চামিরা, সুরঙ্গা লাকমল।
বাংলাদেশ দলে তিন পরিবর্তন
ফাইনালের বাংলাদেশ দলে এসেছে তিনটি পরিবর্তন। প্রথমবারের মতো ত্রিদেশীয় সিরিজে খেলছেন অফ স্পিনার মেহেদী হাসান মিরাজ ও টপ অর্ডার ব্যাটসম্যান মোহাম্মদ মিঠুন। দলে ফিরেছেন অলরাউন্ডার মোহাম্মদ সাইফ উদ্দিন।
২০১৪ সালে দেশের মাটিতে ভারতের বিপক্ষে দুটি ম্যাচের পর এই প্রথম ওয়ানডে খেলবেন মিঠুন। গত বছর দক্ষিণ আফ্রিকা সফরে তৃতীয় ওয়ানডেতে শেষবার এই সংস্করণে খেলেছিলেন মিরাজ। ত্রিদেশীয় সিরিজে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের প্রথম ম্যাচে খেলেছিলেন সাইফ।
প্রাথমিক পর্বের শেষ ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে খেলা দল থেকে বাদ পড়েছেন ওপেনার এনামুল হক, অলরাউন্ডার নাসির হোসেন ও আবুল হাসান। ওপেনিংয়ে এনামুল ও মিডল অর্ডারে নাসির প্রত্যাশা পূরণ করতে পারেননি। শ্রীলঙ্কা ম্যাচ দিয়ে প্রায় তিন বছর পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরে জায়গা ধরে রাখার মতো কিছু করতে পারেননি হাসান।
বাংলাদেশ দল: তামিম ইকবাল, মোহাম্মদ মিঠুন, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, সাব্বির রহমান, মেহেদী হাসান, মাশরাফি বিন মুর্তজা, মোহাম্মদ সাইফ উদ্দিন, মুস্তাফিজুর রহমান, রুবেল হোসেন।
শিরোপা জিততে উন্মুখ বাংলাদেশ
তিনটি ফাইনাল। তিনবার হৃদয় ভাঙার গল্প। এই শের-ই-বাংলা স্টেডিয়ামেই গত ৯ বছরে তিনটি ফাইনাল হেরেছে বাংলাদেশ। অধরা থেকে গেছে একটি ট্রফি জয়ের স্বপ্ন। এবার বাংলাদেশ ক্রিকেটের সেই অপূর্ণতা ঘোচাতে চান মাশরাফি বিন মুর্তজা।
২০০৯ সালে জিম্বাবুয়ে ও শ্রীলঙ্কাকে নিয়ে এরকম একটি ত্রিদেশীয় সিরিজেই প্রথমবারের মতো মিরপুরে ফাইনাল খেলে বাংলাদেশ। সেই ম্যাচে ১৫২ রানের পুঁজি নিয়েও শ্রীলঙ্কার ৬ রানে ৫ উইকেট তুলে নিয়েছিল বাংলাদেশ। তবু কুমার সাঙ্গাকারার ফিফটি আর শেষ দিকে মুত্তিয়া মুরালিধরনের ঝড়ো ইনিংসে ২ উইকেটে হেরে যায় বাংলাদেশ।
এরপর ২০১২ এশিয়া কাপের ফাইনালে পাকিস্তানে কাছে ২ রানে হারের বেদনা। ২০১৬ এশিয়া কাপ টি-টোয়েন্টির ফাইনালে ভারতের কাছে হার ৮ উইকেটে। তিনটি ম্যাচেই ছিলেন মাশরাফি। শেষটায় ছিলেন অধিনায়ক। আরেকটি ফাইনালকে অধিনায়ক মনে করেন আরও একটি সুযোগ।
আক্রমণাত্মক ক্রিকেট খেলবে বাংলাদেশ
দুই দলের শেষ দেখায় শ্রীলঙ্কার আগ্রাসনের সামনে বুক চিতিয়ে লড়তে পারেনি বাংলাদেশ। ফাইনালে আগ্রাসনের জবাব আগ্রাসন দিয়ে দিতে চান মাশরাফি। স্বাগতিক অধিনায়ক সতীর্থদের পাল্টা আক্রমণ করে খেলতে বলেছেন।
প্রাথমিক পর্বের শেষ ম্যাচে বাংলাদেশকে ৮২ রানে গুটিয়ে দিয়ে শ্রীলঙ্কা জেতে ১০ উইকেটে। মাশরাফি মনে করেন, আগ্রাসন দেখাতে না পারায় অমন বাজেভাবে হারতে হয়েছিল তাদের।
মিডল অর্ডারের ওপর মাশরাফির আস্থা
পরপর দুই ম্যাচে ব্যর্থ মিডল অর্ডার। ধসে বাধ দিতে পারেননি মাহমুদউল্লাহ, সাব্বির রহমান, নাসির হোসেনরা। তাদের ব্যর্থতায় হতাশা আছে মাশরাফি বিন মুর্তজার। তবে সতীর্থদের ওপর আস্থা রেখে অধিনায়ক আশাবাদী, আবার কঠিন সময় এলে ঠিক উদ্ধার করবে মিডল অর্ডার।
সাকিব তিনে উঠে আসায় বাংলাদেশের মিডল অর্ডারের জন্য বড় সুযোগ দেখেছিলেন মাশরাফি। সুযোগ কাজে লাগাতে পারছেন না মাহমুদউল্লাহ, সাব্বির ও নাসির।
ভীত নয় বাংলাদেশ
শ্রীলঙ্কার কাছে আগের ম্যাচে ১০ উইকেটের পরাজয়ে ভয়ের কিছু দেখছেন না মাশরাফি বিন মুর্তজা। বাংলাদেশ অধিনায়ক আশাবাদী সেই ম্যাচের ব্যর্থতা ভুলে ফাইনালে ঘুরে দাঁড়াবে তার দল।
শ্রীলঙ্কার বিপক্ষে প্রাথমিকপর্বের শেষ ম্যাচে দাঁড়াতেই পারেনি বাংলাদেশ। স্বাগতিকদের ইনিংস টিকে মাত্র ২৪ ওভার। মুশফিকুর রহিম ও সাব্বির রহমান ছাড়া বাংলাদেশের কোনো ব্যাটসম্যান দুই অঙ্কে যেতে পারেননি।
শিরোপা জয়ের আত্মবিশ্বাস চান্দিমালের
ত্রিদেশীয় সিরিজে টানা দুই জয় পাওয়া শ্রীলঙ্কা শিরোপা জিততে আত্মবিশ্বাসী। তবে ফলের চেয়ে মৌলিক ব্যাপারগুলো ঠিক রাখার দিকে অতিথিদের বেশি মনোযোগ। প্রক্রিয়া ঠিক রাখার, পরিকল্পনায় অটুট থাকার লক্ষ্য দিনেশ চান্দিমালের। তার বিশ্বাস, পরিকল্পনা বাস্তবায়ন করতে পারলে আবারও শ্রীলঙ্কা ভালোভাবে ম্যাচে থাকবে।
http://www.channel-bd.com/channel.php?id=207











