বুধবার, ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

অ্যাশেজে অবশেষে ইংল্যান্ডের দিন

news-image

স্পোর্টস ডেস্ক : টানা তিন টেস্টে হেরে কোণঠাসা ইংল্যান্ড। মেলবোর্ন টেস্টের প্রথম দিন শেষেও অস্ট্রেলিয়ার আধিপত্যের আভাস মেলে। তবে দ্বিতীয় দিন দুর্দান্তভাবে ঘুরে দাঁড়ায় ইংলিশরা। প্রথমে বোলাররা এবং পরে দুই ব্যাটসম্যান অ্যালেস্টার কুক ও জো রুট মিলে অজিদের হতাশ করেন। বুধবার মেলবোর্ন টেস্টের দ্বিতীয় দিন শেষে ৮ উইকেট হাতে রেখে অস্ট্রেলিয়ার চেয়ে মাত্র ১৩৫ রানে পিছিয়ে রয়েছে ইংল্যান্ড।

মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে প্রথম ইনিংসে আগে ব্যাটিংয়ে নামা অস্ট্রেলিয়া দারুণ শুরুর পর বুধবার ইংলিশ বোলারদের তোপের মুখে পড়ে ৩২৭ রানে গুটিয়ে যায়। জবাবে ব্যাটিংয়ে নেমে দ্বিতীয় দিন শেষে ২ উইকেটে ১৯২ রান করেছে ইংল্যান্ড।

কুক ১০৪ এবং রুট ৪৯ রানে অপরাজিত রয়েছেন। তৃতীয় উইকেটে এই দুজন অপরাজিত সেঞ্চুরি জুটি গড়লে শক্ত ভিত পায় ইংল্যান্ড। এছাড়া মার্ক স্টোনম্যান ১৭ এবং জেমস ভিন্সি ১৫ রান করে আউট হন।

ক্যারিয়ারের ৩২তম সেঞ্চুরির মাধ্যমে দারুণ দুটি রেকর্ড গড়েন কুক। স্টিভ ওয়াহর করা সপ্তম সর্বোচ্চ ৩২ টেস্ট সেঞ্চুরির রেকর্ড স্পর্শ করেন তিনি। একইদিন মাহেলা জয়াবর্ধনেকে (১১৮১৪) টপকে টেস্টের সর্বকালের অষ্টম সর্বোচ্চ রান সংগ্রাহক বনেন কুক। অ্যাশেজে প্রায়ে সাত বছর পর সেঞ্চুরির দেখা পান এই ইংলিশ ব্যাটসম্যান।

অস্ট্রেলিয়ার হয়ে এখন পর্যন্ত একটি করে উইকেট নেন জস হ্যাজলউড ও নাথান লায়ন।

প্রথম ইনিংসে ব্যাটিংয়ে নেমে স্টোনম্যানকে নিয়ে ৩৫ এবং ভিন্সিকে নিয়ে ৪৫ রানের দুটি জুটি গড়েন কুক। ৮০ রানের মাথায় ভিন্সি দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে আউট হওয়ার পর রুটকে নিয়ে ১১২ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে ইংল্যান্ডকে মজবুত অবস্থানে নিয়ে যান সাবেক অধিনায়ক।

বুধবার ৩ উইকেটে ২৪৪ রান নিয়ে ব্যাটিংয়ে নামা অস্ট্রেলিয়া দারুণ শুরুর পর ইংলিশ বোলারদের তোপের মুখে পড়ে। স্টুয়ার্ট ব্রড, জেমস অ্যান্ডারসনদের তোপের মুখে পড়ে ৬৭ রানে শেষ ৭ উইকেট হারিয়ে ৩২৭ রানে গুটিয়ে যায় অজিরা।

আগের দিন অস্ট্রেলিয়ার হয়ে সর্বোচ্চ ১০৩ রানের ইনিংস খেলেন ডেভিড ওয়ার্নার। এছাড়া স্টিভেন স্মিথ ৭৬ এবং শন মার্শ করেন ৬১ রান।

ইংল্যান্ডের হয়ে ব্রড চারটি এবং অ্যান্ডারসন নেন তিনটি উইকেট। এছাড়া ক্রিস ওকস দুটি এবং টম কুরান নেন একটি উইকেট।