মন্ত্রী হওয়া সত্ত্বেও তিনি দুর্নীতি করেন নি। পৈত্রিক সূত্রে পাওয়া ভিটে বাড়ি এবং টিনের দু’চালা ঘর ছাড়া তার আর কিছু নেই। ত্যাগী এই রাজনৈতিক নিজের জন্য কিছুই করেন নি। মৃত্যুর পর তার এলকার লোকজন এখন সেসবই বলছে। তারা বলেছেন, তিনি যা করেছেন জনগণের জন্য করেছেন। দেশবাসীর জন্য করেছেন।
পৈত্রিক সূত্রে পাওয়া দু’চালা টিনের ঘরটি ছিল ছায়েদুল হকের ভরসা। সেটিও জীর্ণশীর্ণ। কখনও কখনও এটি ভেঙ্গে পড়েছে। রাত্রি যাপনের প্রয়োজন হলে বাবার নির্মিত বৈঠকখানায় এসে তিনি রাত্রি যাপন করতেন। সেখানে ২টি টেবিল জোড়া দিয়ে চৌকি বানিয়ে প্রয়াত এ মন্ত্রী ঘুমাতেন। বিলাসী জীবনযাপন ছিল তার অপছন্দ। সবসময় পরিপাটি থাকতেন তিনি। চোখে সুরমা ব্যবহার করতেন। ৫ ওয়াক্ত নামাজ পড়তেন। সহকর্মী রাজনৈতিক কর্মীদের দীক্ষা দিতেন কখনো অর্থের যেন তারা অপচয় না করেন। সঙ্গে এও বলতেন, অতিরিক্ত অর্থ অপচয় করলে স্বভাব খারাপ হয়ে যায়। সব কিছুর হিসাব দিতে হবে। তাই নিজেদের সংযত রাখতে হবে।
লোভ লালসা ছায়েদুল হককে কাবু করতে পারেনি কখনও। প্রয়াত মন্ত্রীর ৫১ বছরের সহযোগি হিন্দু সম্প্রদায়ের নেতা ভানেশ্বর দেবনাথ বলেন, উনি ছাত্র জীবনের পর যখন আইন পেশায় যুক্ত হন, তখন ১৭ বছর তিনি একাধারে একটি পাঞ্জাবি পরেছেন। সেটি ছিল নিজ হাতে সেলাই করা পাঞ্জাবি।
তিনি আরো বলেন, ছায়েদুল হকের সাথে থেকে আমার জীবনটাও সাধু সন্ন্যাসীর পর্যায়ে চলে এসেছে। যদিও আমি সাধু নই।
ভানেশ্বর বলেন, ছায়েদুল হক জীবনে খুব বেশি দামি কাপড় পড়েন নি। সাধারণ কাপড়েই চলাফেরা করেছেন।
একই গ্রামের আবদু মিয়া বলেন, তিনি ২০ বছর ধরে একটি শাল পরেছেন। ১৪ টি সেলাই দিয়ে তা ব্যবহার করতেন। পাশাপাশি এক-দু’শ টাকা দামের লুঙ্গি পরতেন।
করিম মিয়া বলেন, মন্ত্রী ছায়েদুল হক বাড়িতে আসলে ২ টি টেবিল জোড়া দিয়ে ঘুমাতেন। তিনি কখনো অন্যায় ভাবে টাকা গ্রহণ করেন নি কিংবা দেন নি।
পূর্বভাগ গ্রামে ছায়েদুল হকের একজন আত্মীয় রয়েছেন। তিনি বলেন, তিনি খুব সৎ ব্যক্তি ছিলেন। এজন্য এলাকার মানুষ তাকে৫ বার এমপি নির্বাচিত করেছেন।
স্থানীয় স্কুল ছাত্র রায়হান বলেন, আওয়ামীলীগ-বিএনপি নয়, তিনি নাসিরনগরের মানুষকে একটি পরিবার মনে করতেন। পরিবারের অভিভাবক হিসেবে এমনভাবেই তাদেরকে নেতৃত্ব দিয়েছেন। তার জরাজীর্ণ ঘরটি দেখলে মনে হবে পরিত্যক্ত কোন ঘর। প্রকৃতপক্ষে তা নয়। প্রত্যন্ত অঞ্চলের এই ঘরটি দেশের ৫ বারের নির্বাচিত জনপ্রিয় সংসদ সদস্য ও প্রয়াত মৎস্য ও প্রানি সম্পদ মন্ত্রী ছায়েদুল হকের। নিজে এত ত্যাগ স্বীকার করলেও তিনি কখনো এলাকার জনগণকে তার অধিকার থেকে বঞ্চিত করেন নি। নাসিরনগরে তার শাসনামলে ইতিহাসের নজির বিহীন কাজ করেছেন। এলাকার উন্নয়নের সম্রাট বলা হয় তাকে। বিদ্যুৎ ব্যবস্থা, রাস্তাঘাট নির্মাণ, সড়ক ও মহাসড়ক নির্মাণ, জেলা সদরের সাথে প্রত্যন্ত অঞ্চল নাসিরনগরের সরাসরি সড়ক যোগাযোগ প্রতিষ্ঠা, পাশ্ববর্তী জেলাগুলোর সাথে সড়ক যোগাযোগ প্রতিষ্ঠায় বহু রাস্তাঘাট পুল-ব্রিজ-কালভার্ট নির্মাণ করেছেন।
শুধু নাসিরনগরই নয়, ব্রাহ্মনবাড়িয়া শহরেও তার মৃত্যুর পর সাধারণ মানুষ এসব নিয়ে গত দু’দিন ধরে আলোচনা করছেন। এলাকার লক্ষ লক্ষ মানুষ তাকে সৎ হিসেবেই চিনতেন, জানতেন। সততার জ্বলন্ত এ দৃষ্টান্ত তার সহকর্মীসহ নাসিরনগর বাসীকে এখন কাঁদিয়ে বেড়াচ্ছে।
ত্যাগী আদর্শবান নেতা ছায়েদুল হক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ রাজনৈতিক সহচর ও জেলা আওয়ামীলীগের উপদেষ্টা মন্ডলির সদস্য ছিলেন। তিনি ১৯৭৩ সালে আওয়ামীলীগের টিকেটে সংসদ প্রথম সদস্য নিবার্চিত হন। এরপর ১৯৯৬, ২০০১, ২০০৮ ও ২০১৪ সালের নিবার্চনে আওয়ামীলীগের প্রার্থী হিসাবে অংশগ্রহণ করে সংসদ সদস্য নিবার্চিত হন। তিনি দশম সংসদ নিবার্চনের পর মন্ত্রী পরিষদে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী হিসেবে দায়িত্ব পান।











