বুধবার, ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

মন্ত্রী ছায়েদুল হকের মৃত্যুতে নাসিরনগরে শোকের ছায়া : বাবা-মায়ের কবরের পাশে শায়িত হবেন

news-image

তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : বর্ষীয়ান আওয়ামী লীগ নেতা ও মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী ছায়েদুল হক চিরবিদায় নিলেন। প্রিয় নেতার মৃত্যুতে গোটা ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে শোকের ছায়া নেমে এসেছে। প্রিয় মানুষটির শেষ সংবাদ জানতে শুক্রবার রাত থেকেই তার নাসিরনগর উপজেলার পূর্বভাগ গ্রামের বাড়িতে ভিড় করতে থাকেন সাধারণ মানুষসহ দলীয় নেতাকর্মীরা।

 

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ রাজনৈতিক সহচর, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) থেকে পাঁচবার নির্বাচিত সংসদ সদস্য বর্ষীয়ান নেতা অ্যাডভোকেট মোহাম্মদ ছায়েদুল হক।  আজ  শনিবার সকাল সাড়ে আটটার দিকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর। তিনি স্ত্রী ও একমাত্র ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী এবং রাজনৈতিক শিষ্য রেখে গেছেন। আওয়ামী লীগের এই প্রবীণ নেতার মৃত্যুতে নাসিরনগরে আওয়ামী পরিবারসহ মুক্তিযুদ্ধের পক্ষের নানা শ্রেণি পেশার মানুষের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। আওয়ামী লীগের এই বর্ষীয়ান নেতা দীর্ঘ তিন মাস ধরে বার্ধক্যজনিত বিভিন্ন জটিলতায় ভুগছিলেন।

বাবা-মায়ের কবরের মাঝখানে চিরনিদ্রায় শায়িত হবেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী অ্যাড. ছায়েদুল হক। রোববার বাদ জোহর ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার পূর্বভাগ ইউনিয়নের পূর্বভাগ গ্রামের পশ্চিমপাড়াস্থ কল্লরপাড় পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।

 

ছায়েদুল হকের চাচাতো ভাই আবদুল বাছির বিষয়টি নিশ্চিত করে  জানান, ছায়েদুল হকের জন্য তার বাবা-মায়ের কবরের মাঝখানে কবর খোঁড়া হচ্ছে। রোববার বাদ জোহর পূর্বভাগ এস.ই.এস.ডি.পি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে তৃতীয় জানাজা শেষে কল্লরপাড় কবরস্থানে বাবা-মায়ের কবরের মাঝখানেই শায়িদ হবেন তিনি।

 

রোরবার সকাল সাড়ে ৯টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হবে মন্ত্রী ছায়েদুল হকের প্রথম নামাজের জানাজা। এরপর মরদেহ হেলিকপ্টারে করে আনা হবে তার নিজ নির্বাচনী এলাকা নাসিরনগর উপজেলায়। নাসিরনগর আশুতোষ পাইলট উচ্চ বিদ্যালয় খেলার মাঠে দ্বিতীয় জানাজার পর মরদেহ নিজ বাড়িতে আনা হবে বলে নিশ্চিত করেছেন ছায়েদুল হকের সহকারী একান্ত সচিব মিজানুর রহমান।

উল্লেখ্য, হাইকোর্ট ও সুপ্রিম কোর্টের খ্যাতনামা আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ ছায়েদুল হক ১৯৪২ সালে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার পূর্বভাগ ইউনিয়নের পূর্বভাগ গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম মরহুম সুন্দর আলী। ১৯৬৮ সালে এমএ (অর্থনীতি) ও ৭০ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি পাস করেন। ছাত্র জীবনে ছাত্রলীগের মাধ্যমে রাজনীতিতে পর্দাপণ করেন। ১৯৬৫-৬৬ সালে ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ ছাত্র সংসদে ছাত্রলীগের প্যানেলে ভিপি নির্বাচিত হন। স্বাধীনতা যুদ্ধে একজন সাহসী মুক্তিযোদ্ধা হিসেবে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।
১৯৭৩ সালে আওয়ামী লীগের টিকেটে সংসদ সদস্য নির্বাচিত হন। ১৯৮৬ সালের নির্বাচনে পরাজিত হয়েছেন। ১৯৯৬, ২০০১ ও ২০০৮, ২০১৪ সালের নিবার্চনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে অংশগ্রহণ করে সংসদ সদস্য নির্বাচিত হন এবং দশম সংসদ নির্বাচনের পর মন্ত্রী পরিষদে মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রী হিসেবে তিনি দায়িত্ব পান।