বুধবার, ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

একটা বিশ্বকাপ পাওনা তার-মেসি

news-image

গত ১০ অক্টোবর ইকুয়েডরের বিপক্ষে অসাধারণ এক হ্যাটট্রিক করে আর্জেন্টিনাকে বিশ্বকাপে নিয়ে যান লিওনেল মেসি। ওই ম্যাচের পরই অধিনায়ক মেসিকে প্রশংসায় ভাসাতে গিয়ে দারুণ এক মন্তব্য করে বসেন আর্জেন্টিনার কোচ হোর্হে সাম্পাওলি। বলেন, সর্বকালের সেরা হতে হলে মেসির বিশ্বকাপ জিততে হবে, এমন কোনো বাধ্যবাধকতা নেই। ফুটবলই বরং মেসির কাছে একটা বিশ্বকাপ ঋণী। মেসিকে একটা বিশ্বকাপ উপহার দিতে পারলে ফুটবলই ধন্য হবে! সাম্পাওলির সেই কথায় এবার সায় দিলেন মেসিও। বার্সেলোনার আর্জেন্টাইন তারকা দাবি করলেন, ফুটবলের কাছে তার একটা বিশ্বকাপ পাওনাই!

সম্প্রতি ফিফা ডট কমকে একটা সাক্ষাৎকার দিয়েছেন মেসি। ২০১৪ বিশ্বকাপের ফাইনালে জার্মানির কাছে ১-০ গোলে হেরে শিরোপা স্বপ্ন ভঙ্গ, ২০১৮ রাশিয়া বিশ্বকাপে নিজেদের লক্ষ্য, বিশ্বকাপ বাছাইপর্বে আর্জেন্টিনার খুড়িয়ে খুড়িয়ে চলা-সাক্ষাৎকারে ৫ বারের ব্যালন ডি’অর জয়ী কথা বলেছেন অনেক বিষয় নিয়েই। আলাপে আলাপে উঠে আসে সাম্পাওলির সেই মন্তব্যের বিষয়টিও।

৩০ বছর বয়সী মেসি হাসিমুখেই সায় দেন তাতে। হাসতে হাসতে বলেন, ‘হ্যাঁ, তার কথাটা আমি শুনেছি। তিনি নিজেও আমাকে কথাটা বলেছেন। আশা করি, ফুটবল আমার পাওনাটা দ্রুতই শোধ করবে।’ বলেই আবার হেসে ফেলেন মেসি।

মেসির প্রানখোলা হাসি দ্রুতই অবশ্য মিলিয়ে যায় অন্য একটা প্রশ্নে। ২০১৪ বিশ্বকাপের ফাইনালে জার্মানির কাছে হারের প্রসঙ্গ উঠতেই হতাশার ছায়া ফুটে ওঠে তার চোখে-মুখে। মেসি স্পষ্ট করেই জানিয়ে দেন, জার্মানির কাছে হারের দুঃস্বপ্ন এখনো তাড়িয়ে বেড়ায় তাদের, ‘আমার মনে হয় না, এটা আমরা কখনো ভুলতে পারব। এই দুঃস্বপ্নটা সঙ্গে নিয়েই বাঁচতে হবে আমাদের। আসলেই এই কষ্টটা চিরকালীন। বিশ্বকাপ কিছু সুন্দর স্মৃতি উপহার দেয়। একই সঙ্গে কিছু ভয়ানক স্মৃতিও থাকে। কারণ, টুর্নামেন্টটা যেভাবে শেষ হয়েছিল।’

বিশ্বকাপ বাছাইপর্ব একদমই ভালো যায়নি আর্জেন্টিনার। দুইবারের চ্যাম্পিয়নদের বিশ্বকাপে জায়গা পাওয়া নিয়েই দেখা দিয়েছিল শঙ্কা। ইকুয়েডরের বিপক্ষে মেসি জাদুতে সেই শঙ্কা দূর করে আর্জেন্টিনা।

মেসির দাবি, ইকুয়েডরের বিপক্ষে ওই ম্যাচের পর আমূলে বদলে গেছে আর্জেন্টিনা। বললেন আর্জেন্টিনা দলের খেলোয়াড়েরা এখন প্রচণ্ড আত্মবিশ্বাসী, ‘ইকুয়েডরের ম্যাচের পর দলের চেহারাটা বদলে গেছে। সেই ম্যাচের আগের সব ভয়, শঙ্কা, দুশ্চিন্তা পেছনে ফেলে আর্জেন্টিনা দল এখন উজ্জীবিত। দলের আবহাওয়াই পাল্টে গেছে।’

বাছাইপর্বের কঠিন বাঁধা পাড় করে দলকে বিশ্বকাপে তুলেছেন মেসি।  এই মেসিকে কেন্দ্র করেই রাশিয়া বিশ্বকাপের স্বপ্নের জাল বুনছে আর্জেন্টাইনরা। মেসি নিজেও রাশিয়ায় বিশ্বকাপ উঁচিয়ে ধরতে মরিয়া। ক্লাব ক্যারিয়ারে অপূর্ণতা বলতে কিছু নেই। কিন্তু দেশ আর্জেন্টিনার হয়ে অর্জনের খাতাটা শূন্য। যে করেই হোক সেই শূন্যতা ঘোচাতে চান রাশিয়ায়। বিশ্বকাপ জিতে ভুলতে চান ২০১৪ বিশ্বকাপের কষ্ট।

মেসি পারবেন, স্বপ্নটা পূরণ করতে?