বৃহস্পতিবার, ৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

কসবায় গৃহবধূর লাশ উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় শাহিনুর আক্তার (২০) নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল শনিবার উপজেলার কায়েমপুর গ্রামে শ্বশুরবাড়ি থেকে পুলিশ তাঁর লাশটি উদ্ধার করে।

গৃহবধূর পরিবারের সদস্যরা অভিযোগ করেছেন, শাহিনুরকে তাঁর শ্বশুরবাড়ির লোকজন নির্যাতন করে হত্যার পর মুখে বিষ ঢেলে দিয়ে ঘটনাটিকে আত্মহত্যা বলে চালানোর চেষ্টা করছেন।

গৃহবধূর পরিবার, পুলিশ এবং এলাকাবাসী সূত্রে জানা গেছে, দুই বছর আগে কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল ইউনিয়নের দেউশ গ্রামের ফিরোজ ভূঁইয়ার মেয়ে শাহিনুর আক্তারের সঙ্গে মালয়েশিয়াপ্রবাসী কসবা উপজেলার কায়েমপুর গ্রামের মো. রৌফ মিয়ার ছেলে জালাল উদ্দিনের বিয়ে হয়। বিয়ের পর জালাল উদ্দিন স্ত্রীকে রেখে মালয়েশিয়া চলে যান। বিয়ের সময় যৌতুক হিসেবে জালালকে ৫০ হাজার টাকা ও আসবাব দেওয়া হয়। বর্তমানে জালাল মালয়েশিয়ায় আছেন।

গত শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে শাহিনুরের শ্বশুর রৌফ মিয়া মুঠেফোনে ফোন করে মেয়েটির বাবা ফিরোজ ভূঁইয়াকে জানান, শাহিনুর আত্মহত্যা করেছেন। খবর পেয়ে গতকাল সকালে ফিরোজ ভূঁইয়া মেয়ের শ্বশুরবাড়িতে গিয়ে লাশ দেখে পুলিশকে খবর দেন। পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

ফিরোজ ভূঁইয়া অভিযোগ করেন, শাশুড়ি ও দেবরেরা তাঁর মেয়েকে শারীরিক নির্যাতন করে আসছিলেন। দুই সপ্তাহ আগে শাহিনুর তাঁর বাড়িতে বেড়াতে এসে কিছু পুরোনো কাপড় ফেলে যান। এ কারণেও শাহিনুরের ওপর নির্যাতন চলে। নির্যাতনের বিষয়টি জানার পর ফিরোজ ভূঁইয়া শুক্রবার কাপড়গুলো মেয়ের শ্বশুরবাড়িতে পাঠিয়ে দেন। ফিরোজ ভূঁইয়া বলেন, মেয়েটিকে নির্যাতন করে হত্যার পর তাঁর মুখে বিষ ঢেলে দেওয়া হয়েছে। লাশের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। তিনি এ ঘটনায় থানায় হত্যা মামলার অভিযোগ দিতে চাইলেও পুলিশ হত্যা মামলা নেয়নি। নিয়েছে অপমৃত্যুর মামলা।

অভিযোগ অস্বীকার করে শাহিনুরের শ্বশুর রৌফ মিয়া বলেন, শাহিনুর তাঁর বড় ছেলের স্ত্রী। স্বামীর সঙ্গে শাহিনুরের মুঠোফোনে কথা-কাটাকাটি হওয়ার পর শুক্রবার রাত আটটার দিকে তিনি বিষপান করেছেন। শাহিনুরকে প্রথমে কসবা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানকার চিকিৎসক তাঁকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিতে বলেন। সেখানে নেওয়ার পথে শাহিনুর মারা যান।

কসবা থানার ওসি মো. মিজানুর রহমান বলেন, এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত রহস্য উদ্ঘাটিত হবে। প্রতিবেদনে হত্যার বিষয়টি প্রমাণিত হলে হত্যা মামলা নেওয়া হবে।

এ জাতীয় আরও খবর

বিএনপির আইনবিষয়ক সম্পাদক হলেন ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল

ঢাকায় ভোর থেকেই মুষলধারে বৃষ্টি, ভোগান্তি চরমে

রাজধানীতে তেলের সংকট কাটার তিন কারণ

৩৭,৮১৪ পরিবারকে নারী প্রধানদের মাধ্যমে ফ্যামিলি কার্ডে অর্থ সহায়তা

২৪ ঘণ্টায় স্বর্ণের দাম কমল

ভারী বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের তিন মাস সহায়তা দেবে সরকার

হরমুজ প্রণালি খুলতে তেহরানের তাগিদ

অপহরণ ও চাঁদাবাজির অভিযোগে তিন পুলিশ সদস্যকে প্রত্যাহার

চলন্ত ফেরিতে অসুস্থ হয়ে পাইলটের মৃত্যু

হত্যা মামলায় আফজাল নাছেরের তিন দিনের রিমান্ড মঞ্জুর

ইসলামী বিশ্ববিদ্যালয় উৎপাদিত সোলার বিদ্যুৎ সরবরাহ করছে জাতীয় গ্রিডে

৫ জেলায় বন্যার আশঙ্কা, চার নদীর পানি বিপৎসীমার উপরে