মন্ত্রণালয়ের স্মারক ও সচিবের স্বাক্ষর জালের অভিযোগে কাজী দুলাল জেল হাজতে
নিজস্ব প্রতিনিধি : আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের স্মারক নম্বর ও সচিবের স্বাক্ষর জাল করে নিয়োগ পাওয়ার ঘটনায় ব্রাহ্মণবাড়িয়ার নিকাহ্ রেজিস্ট্রার (কাজী) ইসলাম উদ্দিনকে (দুলাল)জেলহাজতে পাঠিয়েছেন আদালত।
রোববার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ জাহিদ হোসেনের আদালত তার জামিন নামঞ্জুর করে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন। এর আগে উচ্চ আদালত থেকে চার সপ্তাহের জামিনে ছিলেন ইসলাম উদ্দিন।
জেলা আদালতের কোর্ট ইন্সপ্যাক্টর মো:মাহবুবুর রহমান তার জামিন না মঞ্জুরের সত্যতা নিশ্চিত করে বলেন,উচ্চ আদালতের আগাম জামিনের সময় শেষ হয়ে যাওয়ার পরিপ্রেক্ষিতে তিনি আর্ত্নসর্ম্পন করলে আদালত জামিন না মঞ্জুর করে জেলহাজতে পাঠান।
খোঁজ নিয়ে জানা যায়, ব্রাহ্মণবাড়িয়া জেলা রেজিস্ট্রার মোঃ আনোয়ারুল হক গত ২৬ অক্টোবর ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার ধানতলিয়া গ্রামের মোঃ রফিকুল ইসলাম ও ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার ভাদুঘরের মোঃ ইসলাম উদ্দিনের বিরুদ্ধে অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে অভিযোগ দায়ের করেন। অভিযোগটি মামলা হিসেবে নথিভুক্ত করতে ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দেন আদালত।
অভিযোগে উল্লেখ করা হয়, রফিকুল ইসলাম ও ইসলাম উদ্দিন পরস্পর চাচা-ভাতিজা। ২০০৬ সালের ২৩ অক্টোবর ইসলাম উদ্দিনের দুুুলাল এর যোগসাজশে রফিকুল ইসলাম দুলাল ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার ১২নং ওয়ার্ডের জন্য কাজীর একটি জাল নিয়োগপত্র তৈরি করেন। ঘটনার প্রায় ১১ বছর পর ওই দুইজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়। এর আগে ২০১৪ সালে মন্ত্রণালয়ের তদন্তে বিষয়টি প্রমাণিত হয়।
আরো উল্লেখ করা হয়,
২০০০ সালের ২৮ ফেব্রুয়ারি আইন মন্ত্রণালয়ের এক আদেশে মোঃ ইসলাম উদ্দিনকে ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার ৪ নং ওয়ার্ডের নিকাহ রেজিস্ট্রার (কাজী) হিসেবে নিয়োগ প্রদান করা হয়। তবে ইসলাম উদ্দিন ১৭ বছর ধরে পৌরসভার ১০, ১১, ১২ নং ওয়ার্ডের কাজী হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।
অভিযোগ উঠেছে, তিনি বে-আইনিভাবে দিনের পর দিন একটির বদলে তিনটি ওয়ার্ডে দায়িত্ব পালন করে আসছেন।











