বিপিএলের রোমাঞ্চকর শেষ পর্ব আজ শুরু
স্পোর্টস ডেস্ক : সিলেট ও ঢাকার প্রথম পর্বের পর গত ২৯ নভেম্বর শেষ হয় বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) পঞ্চম আসরের চট্টগ্রাম পর্ব। চট্টগ্রাম পর্ব শেষে আবারো ঢাকায় ফিরতে যাচ্ছে বিপিএল।
আজ ২ ডিসেম্বর শনিবার থেকে দ্বিতীয়বারের মত ঢাকায় শুরু হবে বিপিএল আসর। এই পর্ব দিয়েই আগামী ১২ ডিসেম্বর শেষ হবে এবারের আসর।
আজ বিপিএলের দুটি ম্যাচ রয়েছে। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দিনের প্রথম ম্যাচে দুপুর ১টায় মুখোমুখি হবে তৃতীয় আসরের চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ানস ও রংপুর রাইডার্স। দিনের দ্বিতীয় ম্যাচে সন্ধ্যা ৬টায় লড়বে বর্তমান চ্যাম্পিয়ন ঢাকা ডায়নামাইটস ও গতবারের রানার্স-আপ রাজশাহী কিংস।
সিলেট-ঢাকা-চট্টগ্রাম, তিন পর্বে ৯ ম্যাচে অংশ নিয়ে ৭ জয়ে ১৪ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে কুমিল্লা। তাই ইতোমধ্যে শেষ চারে খেলা নিশ্চিত করে ফেলেছে তামিমের দল। সে কারণে লিগ পর্বে বাকি ম্যাচগুলোতে নিজেদের নিয়েই পরীক্ষা-নিরীক্ষা বেশি করবে তারা। তারপরও শীর্ষে থেকেই লিগ পর্ব শেষ করার লক্ষ্য থাকবে তামিম বাহিনীর।
কুমিল্লা নিজেদের নিয়ে পরীক্ষা-নিরীক্ষায় নামলেও, রংপুরের জন্য ম্যাচটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ৯ ম্যাচে ৫ জয়ে ১০ পয়েন্ট নিয়ে টেবিলের চতুর্থ স্থানে রয়েছে মাশরাফির দল। লিগ পর্বের মাঝে ছন্দহীন হয়ে পড়লেও, দারুণভাবে লড়াইয়ে ফিরেছে তারা। শেষ চারের দৌড়ে বেশ শক্তভাবেই টিকে রয়েছে ম্যাশ বাহিনী। বাকি ৩ ম্যাচের দুটিতে জিতলেই শেষ চার নিশ্চিত হয়ে যাবে রংপুরের। যে কারণে কুমিল্লার বিপক্ষে জয় তুলে নিয়ে শেষ চারের পথটা মসৃণ করে রাখতে চাইবে তারা।
শেষ চারের দৌড়ে আরো আছে ঢাকা ও রাজশাহী। ১০ খেলায় ৫ জয়ে ১১ পয়েন্ট নিয়ে টেবিলের তৃতীয়স্থানে সাকিবের ঢাকা। লিগ পর্বে তাদের দুটি ম্যাচ বাকি রয়েছে। ম্যাচ দুটি থেকে একটি জিতলেই শেষ চার নিশ্চিত হবে লুইস-আফ্রিদিদের।
ঢাকার মত রাজশাহীরও লিগ পর্বে দুটি ম্যাচ বাকি। শেষ চারের খেলতে হলে দুটি ম্যাচ তো জিততেই হবে, পাশাপাশি ঢাকা-রংপুরের খারাপ ফলাফলের জন্য প্রার্থনাও করতে হবে ড্যারেন স্যামির দলকে। গতবার শেষ মুহূর্তে জ্বলে উঠে শেষ দল হিসেবে শেষ চারে খেলেছিল রাজশাহী। এবারও তেমন কিছু হলে সেটি চমক জাগানোর মতই অবস্থা হবে।











