অপরাধী যত বড় শক্তিশালীই হউক কাউকে ছাড় দেওয়া হবেনা : উবায়দুল মোকতাদির চৌধুরী
নিজস্ব প্রতিনিধি : পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি ও জেলা আওয়ামীলীগের সভাপতি র.আ.ম. উবায়দুল মোকতাদির চৌধুরী এম.পি বলেছেন, অপরাধী যেই হউক, যত বড় শক্তিশালীই হউক কাউকে ছাড় দেওয়া হবেনা। কেউ আইন-শৃংখলা পরিস্থিতির অবনতির চেষ্টা করলে তাকে কঠোর হস্তে দমন করা হবে।তিনি গতকাল সোমবার সদর উপজেলা পরিষদ মিলনায়তনে সদর উপজেলার মাসিক আইন-শৃংখলা কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল ফেরদৌসের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের সদস্য মোঃ জাহাঙ্গীর আলম, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ নবীর হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান হাজী মোঃ মহসিন, মহিলা ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট তাসলিমা সুলতানা খানম নিশাত, আওয়ামীলীগের জাতীয় পরিষদ সদস্য মুক্তিযোদ্ধা আবুল কালাম ভূইয়া,অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফরিদা নাজমীন, সদর উপজেলা শিক্ষা অফিসার আবদুস সামাদ আকন্দ, প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ বাহারুল ইসলাম মোল্লা, ইউপি চেয়ারম্যান শাহাদাৎ হোসেন, আবদুল হক, ফিরোজুর রহমান ওলিও, হাবিবুল্লাহ বাহার, আলামিনুল হক পাবেল, আজাদ হোসেন হাজারী আঙ্গুর, জেলা আওয়ামীলীগের প্রচার সম্পাদক সৈয়দ নজরুল ইসলাম ও জেলা ওয়ার্কার্স পার্টির সম্পাদক মন্ডলীর সদস্য মোঃ নজরুল ইসলাম।
সভায় উপজেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানগন, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগন ও কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।











